আড়িয়াল খাঁ ও সন্ধ্যা নদীতে ইলিশের আকাল
‘হারা দিন-রাত নদীতে জাল হালাইয়া বইয়া থাইক্যাও জালে ইলিশ নাই। অ্যাহন কী যে করি, বাপ-দাদার চৌদ্দ পুরুষের পেশা অ্যাহন ছাইড়া দেওয়া ছাড়া কোনো উপায় নাই। এইয়া কইররা অ্যাহন আর পোলাপান লইয়া বাঁচতে পারমু না। এত কইলাম, মোরা আর ছোট মাছ ধরমু না, কিন্তু কেউই হোনে না। বেশি লোভ কইররা হগলডি এহন না খাইয়া মরতাছি।’ কথাগুলো বলছিল বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামের জেলে মো. আলাউদ্দিন (৫০)। একইভাবে জানালেন দক্ষিণ হোসনাবাদ গ্রামের আ. জলিল (৩৫), মো. মোতালেব মিয়া (৩৬), বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামের কেরামত আলী (৪৮), উজিরপুর উপজেলার সিকদারপাড়া গ্রামের মো. মাহে আলম (৪০), মো. সোহাগসহ (২৫) কয়েকজন।স্থানীয় মত্স্য অফিস ও জেলে সূত্রে জানা গেছে, বরিশালের গৌরনদী ও উজিরপুর উপজেলার প্রায় ১০ হাজার জেলে পরিবার রয়েছে। এরা আড়িয়াল খাঁর শাখা নদী গৌরনদীর পালরদী ও উজিরপুরের সন্ধ্যা নদীতে মাছ ধরে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে থাকে। ইলিশের মৌসুম প্রায় শেষ। চলতি মৌসুমের শুরু থেকে ভরা মৌসুমেও পালরদী ও সন্ধ্যা নদীতে ইলিশের আকাল দেখা দিয়েছে। জেলেরা অলস সময় কাটাচ্ছেন। এখন পর্যন্ত ওইভাবে ইলিশ ধরা পড়ছে না, জেলেদের জালে মাঝেমধ্যে দু-একটি ইলিশ দেখা যায়। উজিরপুর সিকদারপাড়া গ্রামের মাহে আলম জানান, একসময় মাছের বিশাল বাজার ছিল উজিরপুর। বর্তমানে মাছশূন্য বন্দর উজিরপুর। গৌরনদীর হোসনাবাদ গ্রামের কেরামত আলী জানান, সারা দিন নদীতে সময় কাটানোর পরও ইলিশের দেখা নেই। পালরদী ও সন্ধ্যা নদীতে দু-তিন বছর ধরে মাছ কমে গেছে। তবে এ বছর যেন মাছের আকাল পড়েছে। একই গ্রামের আ. সাত্তার (৫২) বলেন, ‘এহন সংসার চালাতে পারছি না। পোলাপান লইয়া ডাল-ভাত খাবারও জোগাড় হয় না। মাছ ধইরা পোষাইতে পারি না। নদীতে যাইয়া কী করমু, তাই অলস সময় কাটাই।’ সাহেবরামপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মহাজনের কাছ থেইক্কা ২৫ হাজার টাকা দাদন নিয়েছিলাম। মনে করছি, মাছ ধইরা সংসার চালাইয়া মহাজনের দেনা দিমু, কিন্তু মাছ পাইতাছি না। সংসার চালানোর লাইগ্যা প্রত্যেক দিন মহাজনের কাছ থাইক্যা ধার-দেনা কইরা পোলাপান লইয়া কোনো রকম অর্ধাহার-অনাহারে বাইচা আছি।’ উজিরপুরের আড়তদার আ. হাকিম জানান, উজিরপুর থেকে বানারীপাড়া পর্যন্ত সন্ধ্যা নদীতে প্রচুর মাছ পাওয়া যেত, বর্তমানে মাছ নাই। প্রতিবছর বৈশাখ থেকে আষাঢ় মাস পর্যন্ত জেলেরা বেপরোয়াভাবে ঝাটকা ধরায় আজ এ অবস্থার সৃষ্টি হয়েছে। হোসনাবাদ বন্দরের আড়তদার মো. নজরুল ইসলাম বলেন, আগে এই বাজারে প্রতিদিন কয়েক লাখ টাকার ইলিশ বেচাকেনা হতো। বর্তমানে ১০-১২ হাজার টাকার ইলিশ বেচাকেনা হওয়া কষ্টকর। সরেজমিনে দেখা যায়, বাজারগুলো ঝাটকায় সয়লাব। প্রতিটি বাজারেই ছয়-সাতটায় কেজি ওজনের মাছ ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অবৈধ ঝাটকা কেন বিক্রি করা হচ্ছে, জানতে চাইলে গৌরনদী পৌর কাঁচাবাজারের মাছ ব্যবসায়ী মুনসুর আলী (৫৫) বলেন, ‘আমারা কিনে বিক্রি করি। জেলেরা ঝাটকা না ধরলেই পারে, তাহলে আমরা বিক্রি করব না।’ এ ব্যাপারে উজিরপুর উপজেলার ভারপ্রাপ্ত মত্স্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, ‘জেলেরা যাতে ঝাটকা না ধরে সে জন্য তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপজেলার ৩৭২ জন জেলেকে চার মাসের জন্য প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। ঝাটকা নিধন বন্ধ করা হলেই জেলেদের জালে ইলিশ ধরা পড়বে এবং জেলেদের দুর্দিন কেটে যাবে। ঝাটকা নিধনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গৌরনদী উপজেলা মত্স্য কর্মকর্তা প্রণব কুমার বলেন, ‘এ অঞ্চলে ইলিশের পুরোনো জায়গায় ফিরে যেতে হলে ঝাটকা নিধন বন্ধ করতে হবে।’