আয় দোস্ একটা টান দিয়া যা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৫ বছর ধরে মোহাম্মদ বিল্লাল সিগারেট বিক্রি করেন কারওয়ান বাজারের রাস্তায়। কিন্তু তিনি নিজে কি সিগারেট খান? এই প্রশ্নের উত্তরে তিনি পাল্টা প্রশ্ন ছুড়লেন, ‘সিগারেট বেইচলেই খাইতে অইবো নি?’ —ছোট ছেলেপেলের কাছে সিগারেট বিক্রি করেন?—হ, করি, করুম না ক্যান? ইডা তো আমার ব্যবসা।—মানা করেন না কখনো?—কইলে হেডি হুনে নি? কয় আমার ট্যাকা দি কিনি খাই। আপনের কী?কথাগুলো শুনতে খারাপ লাগলেও আমাদের শহরের বেশির ভাগ দোকানির উত্তর এ রকমই। আর ধূমপায়ীদের যদি জিজ্ঞেস করেন, তাহলে দেখবেন, তাদের এই বদঅভ্যাসের সূচনাটাও খুবই অল্প বয়স থেকে। দু-একজন ধূমপায়ীর সঙ্গে কথা বলতে গিয়ে ব্যাপারটা একেবারে স্পষ্ট হয়ে ধরা দিল।রাজারবাগের সাব্বির স্কুল থেকে ফিরছিল একদিন। হঠাৎ করে পেছন থেকে ডাকল তার এক সহপাঠী। ছেলেটার সঙ্গে যে তার খুব ভালো বন্ধুত্ব, তাও না। কিন্তু এক ক্লাসে পড়ে, একই জায়গায় থাকে, এমন কেউ ডাকলে না গিয়েও পারা যায় না। তা ছাড়া ছেলেটা একটু বখা টাইপের। কী ঝামেলা পাকায় কে জানে। সাব্বির কাছে গিয়ে দেখল, ছেলেটার হাতে একটা সিগারেট। ছেলেটা বলল, ‘কিরে, কই যাস?’সাব্বির জবাব দিল, ‘বাড়ি।’ ছেলেটা হাতের সিগারেট দেখায়। বলে, ‘আয় দোস্, একটা টান দিয়া যা। একা টানতে ভালো লাগে না।’ ‘সেদিন যদি সিগারেটটা হাতে না নিতাম, তাহলে আজকে জীবনটা হয়তো আরেকটু অন্য রকম হতে পারত। এখন সিগারেটের নেশা এমনভাবে পেয়ে বসছে, ছাড়তেও পারি না, ধরে রাখতেও জান বের হয়ে যায়। ছোট একটা চাকরি করি। বেতনও খুব বেশি পাই না। কম দামি সিগারেট খাই। শরীরে বিষ হয়ে গেছে, এখন সামান্য কিছু হলেই অসুখ হয়ে যায়।’ বলছিলেন সাব্বির। বন্ধুর এমন আমন্ত্রণে সাড়া দিয়ে সাব্বিরের মতো এমন অনেকেই আছেন, যাঁরা আজ পস্তাচ্ছেন পদে পদে। সদ্য এসএসসি পাস করা রায়হান সিগারেট খেতে শুরু করেছে প্রায় দুই বছর আগে। এক পয়লা বৈশাখে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় হঠাৎ মাথায় কী খেয়াল চাপে, সিগারেট ধরিয়ে বসেন। ব্যস, সেই থেকে শুরু। এখনো চলছে। কিন্তু লাভের মধ্যে লাভ হয়েছে এই, দুই বছরে অনেক টাকা বের হয়ে গেছে সেই বদঅভ্যাসের খেসারত দিতে দিতে। তারই আরেক বন্ধু হুমায়ুন সিগারেট ধরেছেন আরও আগে। বললেন, ‘বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে সিগারেট খেতে শিখছি। শরীর এখন খারাপ হইয়া যায় অল্প একটুতেই। বুকে কফ জইমা যায়, শ্বাস নিতে গেলে ঘড়ঘড় শব্দ হয়।’এরা তবু সবে শুরু করেছে। কিন্তু মোহাম্মদ শাহজাহান সিগারেট টানছেন প্রায় ৩৫ বছর ধরে। কী লাভ হলো এই বদঅভ্যাসটা এত দিন ধরে পুষে রেখে? ‘লাভ হইছে তো—অহন রাইতের বেলা দম নিতে পারি না। কাশতে কাশতে জান থাহে না। লাভ অইছে না?’অথচ বন্ধুদের আমন্ত্রণে যদি সাড়া না দিয়ে কিংবা নিজের বাজে খেয়ালটাকে প্রশ্রয় না দিয়ে একবার যদি ভাবতেন, এই নেশায় প্রাপ্তি বলতে কেবলই শূন্যতা, কেবলই বিষ, তাহলে আজ হয়তো এমন আফসোস করতে হতো না তাঁদের।অবশ্য সবাই যে আফসোস করে তাও না। যেমন, মানিকনগরের মোহাম্মদ মোস্তাফিজের এ নিয়ে কোনো আফসোস নেই। ধূমপান নিয়ে কথা বলতে গেলে তিনি সাফ সাফ বলে দিলেন, ‘আমার পয়সায় আমি সিগ্রেট খামু, তাইতে কার বাপের কী? সিগ্রেট খাই ভালো লাগে, আরাম লাগে। কিছু হইলে আমার হইব। মরলে আমি মরুম।’কিন্তু সেই মানুষটা হয়তো এই কথাটা জানেন না যে যারা ধূমপায়ী, তাঁরা আসলে একা মরে না। নিজে মরার আগে আশপাশের আরও দুই-তিনজনের মরার বন্দোবস্ত করে যায়।ধূমপানে স্বাস্থ্যের ক্ষতি তো আছেই, ধূমপায়ীদের এমন বদঅভ্যাসের কারণে আশপাশের অধূমপায়ীরাও যে কী পরিমাণ ত্যক্ত হয়, সেটাও তারা বোঝার চেষ্টা করে না—সেটাই সবচেয়ে খারাপ ব্যাপার। ধূমপান নিয়ে গোলমালও কম হয় না। এই তো সেদিন তোপখানা রোডে বাসের মধ্যে হঠাৎ করে সিগারেট ধরালেন বাসচালক। পাশেই লেডিস সিটে নারীরা বসে ছিলেন। চালকের কাণ্ড দেখে তাঁরা নাক চাপা দিলেন আঁচলে। তাই দেখে এক তরুণ প্রথমে মুখ খুললেন, ‘বাসের ভেতর কী শুরু করছেন, মিয়া? ফেলেন, সিগারেট ফেলেন।’ কথাটা যেন শুনতেই পাননি এমন ভঙ্গি করলেন চালক। ছেলেটা যেই আবার কথাটার পুনরাবৃত্তি করলেন, অমনি নাক ফুলিয়ে পাল্টা জবাব দিলেন, ‘আপনের বাপের বাস?’ কথাটা শুনে আশপাশের যাত্রীরা সবাই মিলে ধমকায় তাঁকে। চালকও কম যান না, মাঝ রাস্তায় বাস থামিয়ে নেমে গেলেন। ব্যস, এবার যাত্রীরা গেল খেপে, শেষে মেরেধরে তারপর বাসে তুলল আবার। অথচ অধূমপায়ীদের এমন সব ঝামেলা থেকে রক্ষা করতে সরকার আইন পর্যন্ত করেছে, বিশেষ করে পাবলিক প্লেসে সিগারেট খাওয়া নিয়ে কম কথাবার্তা হয়নি। কিন্তু আইন মানতে ধূমপায়ীদের যে খুব একটা আগ্রহ আছে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে এ ব্যাপারটা নিয়ে তেমন কোনো মাথাব্যথা আছে তেমনটা মনে হয় না। এমনকি খোদ পুলিশের লোকজনকেও পাবলিক প্লেসে ধূমপান করতে দেখা গেল। তো ব্যাপারটা যদি এমনই হয় যে আইন আছে আর আমরা সবাই মিলে তাকে কাঁচকলা দেখাব, তাহলে আর সেই আইন রাখার কী প্রয়োজন?