একজন মুঠোফোন ব্যবহারকারী ১০০ টাকা রিচার্জ করলেন। সঙ্গে সঙ্গে দুই টাকা উৎসে কর হিসেবে কেটে রাখা হবে। করলেন খরচ, হয়ে গেল আয়। এমন আয়ের ওপর আয়কর বসানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।মুঠোফোনে কথা বললেই কর দিতে হবে। এই কর আরোপের বিষয়টির আইনগত দিক নিয়ে বিতর্ক উঠেছে। কেননা আয়কর শুধু আয়ের ওপরই প্রযোজ্য হয়, খরচের ওপর নয়। আবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের মতে, উৎসে কর একধরনের অগ্রিম কর। আর এই ধরনের অগ্রিম কর খরচের ওপর আরোপ করা যায়। করযোগ্য না হলে উৎসে করের অর্থ ফেরত দেওয়ার বিধান রয়েছে।এমন অবস্থায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল শুক্রবার বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে মুঠোফোন কলে কর আরোপের বিধান তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন বলে জানান।প্রসঙ্গত, আগামী অর্থবছর থেকে পোস্টপেইড মুঠোফোন গ্রাহকের ক্ষেত্রে মোট বিলের ওপর এবং প্রি-পেইড গ্রাহকের ক্ষেত্রে প্রি-পেইড কার্ড বিক্রি বা রিচার্জের সময় ২ শতাংশ হারে উৎসে আয়কর কর্তনের প্রস্তাব করা হয়েছে।এনবিআরের সদস্য (আয়কর নীতি) সৈয়দ আমিনুল করিম প্রথম আলোকে বলেন, উৎসে কর হলো একধরনের অগ্রিম কর। এটি খরচের ওপর আরোপ করা যায়। গাড়ি কেনার সময় উৎসে কর আরোপের বিধান রয়েছে। গাড়ি কেনাও একধরনের খরচ, তাহলে মোবাইল ফোন কলে কেন উৎসে কর আরোপ নয়। তিনি আরও জানান, কোনো করদাতা যদি করযোগ্য না হন, তবে অগ্রিম করের টাকা ফেরত দেওয়া হবে।নয় কোটি মুঠোফোন ব্যবহারকারীকে টাকা ফেরত কীভাবে দেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা চাই আরও মুঠোফোন ব্যবহারকারী টিআইএন গ্রহণ করুক। টিআইএনধারী মুঠোফোন ব্যবহারকারী যদি করযোগ্য না হন, তবে আরোপিত উৎসে কর ফেরত দেওয়া হবে।’এনবিআরের সাবেক সদস্য (আয়কর নীতি) আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, আয়করের মৌলিক দর্শন অনুযায়ী শুধু আয়ের ওপরই আয়কর আরোপ হওয়া উচিত। কিন্তু মুঠোফোন ব্যবহারকারীদের ফোন বিলের খরচকে আয় ধরেই এ ধরনের করারোপ করা নিয়ে বিতর্ক রয়েছে।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাব মতে, দেশে বর্তমানে নয় কোটিরও বেশি মুঠোফোনের গ্রাহক রয়েছেন। এসব গ্রাহককে তাঁদের মুঠোফোনে কথা বলার জন্য যে ব্যয় করতে হয়, তার ওপর ২ শতাংশ কর দিতে হবে। প্রি-পেইড মুঠোফোন ব্যবহারকারীর ক্ষেত্রে টক টাইম বা টাকা রিচার্জ করার সময় কেটে রাখা হবে। আর পোস্টপেইডের ক্ষেত্রে ফোন বিল জমা দেওয়ার সময় তা থেকে উৎসে কর হিসেবে কাটবে এনবিআর। তবে এই উৎসে করটি চূড়ান্ত নিষ্পত্তি নয়। অর্থাৎ কোনো করদাতা করযোগ্য না হলে, তা ফেরত দেওয়া হবে।দেশে মাত্র ৩৩ লাখ কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) রয়েছেন। নয় কোটির বেশি মুঠোফোন ব্যবহারকারীকে উৎসে করের অর্থ ফেরত পেতে টিআইএন গ্রহণ করতে হবে। আবার প্রতিবছর বার্ষিক আয়কর বিবরণী জমাও দিতে হবে। প্রি-পেইড ফোনসেট ব্যবহারকারীর ক্ষেত্রে রিচার্জের প্রামাণ্য দলিল কীভাবে সংরক্ষণ করা হবে, সে বিষয়ে দিক নির্দেশনাও নেই।আইন অনুযায়ী, কেবল আয়ের ওপরই আয়কর আরোপের বিধান রয়েছে। আয়কর অধ্যাদেশের ২০ ধারা অনুযায়ী, সাতটি আয়ের খাত রয়েছে। এগুলো হলো: বেতনাদি, সুদ, গৃহসম্পত্তি থেকে আয়, কৃষি আয়, ব্যবসা বা পেশা থেকে আয়, মূলধনী আয় ও অন্যান্য উৎস থেকে আয়। কোথাও করদাতার খরচকে আয় হিসেবে গণ্য করার সুযোগ নেই।