আয় বাড়ছে ভারতের রাজনৈতিক দলগুলোর
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারতের প্রধান রাজনৈতিক দলগুলোর আয়। দেশটির মোট দেশজ উত্পাদনের (জিডিপি) হার গত কয়েক বছরে কমে গেলেও তার প্রভাব কমই পড়েছে শীর্ষ রাজনৈতিক দলগুলোর আয়ের ওপর। বরং এই সময়ে তাদের অর্থ-ভান্ডার ফুলে-ফেঁপে উঠেছে।গত পাঁচ বছরে আয়ের দিক থেকে দুই প্রধান রাজনৈতিক দল ক্ষমতাসীন কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। এই সময়ে কংগ্রেস এক হাজার ৬৬২ কোটি রুপি এবং বিজেপি ৮৫২ কোটি রুপি আয় করেছে।রাজনৈতিক দলগুলোর আয় সব বছরে সমান থাকে না। বিশেষ করে নির্বাচনের মৌসুমে প্রায় সব দলই মোটা অঙ্কের অর্থ উপার্জন করে। দলের আয়কর রিটার্ন দাখিলের হিসাব থেকে জানা যায়, গত কয়েক বছরের মধ্যে ২০০৯ সালে পার্লামেন্ট নির্বাচনের সময় কংগ্রেস ও বিজেপি সবচেয়ে বেশি আয় করে। ২০০৮-২০০৯ অর্থবছরে কংগ্রেসের আয় ছিল ২২০ কোটি রুপি। ২০০৯-২০১০ অর্থবছরে তা দ্বিগুণেরও বেশি বেড়ে ৪৯৭ কোটি রুপিতে দাঁড়ায়।একইভাবে ২০০৯-২০১০ অর্থবছরে প্রধান বিরোধী দল বিজেপির আয় ছিল ২২০ কোটি রুপি, যা আগের অর্থ বছরের চেয়ে প্রায় দ্বিগুণ। ২০১০-২০১১ অর্থবছরে বিজেপির আয় ২৫৮ কোটি রুপি ছুঁয়েছে।২০০৯-২০১০ ও ২০১০-২০১১ অর্থবছরে ভারতের জিডিপির হার ছিল ৮ দশমিক ৪ শতাংশ। কিন্তু ২০১১-২০১২ অর্থবছরে তা কমে ৬ দশমিক ৯ শতাংশ হয়। জিডিপির হার কমে গেলেও অর্থ সংগ্রহে রাজনৈতিক দলগুলো পিছিয়ে থাকেনি।২০১১-১২ অর্থবছরে কংগ্রেসের সংগ্রহ ছিল ৩০৭ কোটি রুপি। যা আগের বছরের চেয়ে ১৬১ কোটি রুপি কম। অন্যদিকে একই অর্থবছরে বিজেপির সংগ্রহ ৯০ কোটি রুপি কমে গেলেও তাদের কোষে জমা হয় ১৬৮ কোটি রুপি।কংগ্রেস, বিজেপি, এনসিপি (ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি) ও বিএসপির (বহুজন সমাজ পার্টি) মতো দলগুলো আয়কর রিটার্ন দাখিলের সময় তাদের বড় বড় দাতাদের নাম-পরিচয় প্রকাশ করেনি।এরই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর অর্থের উত্স সম্পর্কে তদন্তের আহ্বান জানিয়েছে দ্য অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) নামের একটি প্রতিষ্ঠান। রাজনৈতিক দলগুলোর অর্থ সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা আনার লক্ষ্যে প্রচারাভিযান চালিয়ে আসছে এডিআর। এ ব্যাপারে প্রতিষ্ঠানটি ভারতের সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেসকে (সিবিডিটি) চিঠি দিয়েছে। এডিআর দাবি করেছে, অপ্রকাশিত যেসব উত্স থেকে দলগুলোর মোট সংগ্রহের পরিমাণ ৯০ শতাংশ পর্যন্ত হয়ে থাকে, তাদের নিয়ে তদন্ত করা উচিত।এডিআরের সমন্বয়কারী অনিল বাইরওয়াল বলেন, ‘এক বছরেরও বেশি সময় হয়ে গেল। কিন্তু এখনো আমাদের অনুরোধে সাড়া দেয়নি সিবিডিটি। যদিও তারা বিষয়টি খতিয়ে দেখবে বলে অঙ্গীকার করেছিল।’অনিল বাইরওয়াল বলেন, রাজনৈতিক দলগুলোর কোষে কালো টাকার অনুপ্রবেশ ঠেকাতে এ ধরনের অপ্রকাশিত অর্থের উত্স ও দান সম্পর্কে নজরদারি প্রয়োজন।সবচেয়ে বেশি অর্থ সংগ্রহকারী দলের তালিকায় তৃতীয় স্থানে আছে মায়াবতীর বিএসপি। উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও দলিত নেত্রী হিসেবে পরিচিত মায়াবতীর দল নির্বাচনের মৌসুমে ১৮২ কোটি রুপি আয় করে। অথচ আগের ২০০৮-২০০৯ অর্থবছরে এ দলের আয় ছিল মাত্র ৭০ কোটি রুপি।২০১১-২০১২ অর্থবছর পর্যন্ত গত পাঁচ বছরে বিএসপি তাদের ভান্ডারে ৪২৫ কোটি রুপিরও বেশি অর্থ জমা করেছে। যার বেশির ভাগ ছিল নগদ অর্থ। এসব অর্থের উত্স সম্পর্কে সামান্য কিছু তথ্য প্রকাশ করে দলটি। তাদের দাবি, বেশির ভাগ দানের অঙ্ক ছিল ২০ হাজার রুপির নিচে। কিছুদিন আগে দেশটির আয়কর বিভাগ বিএসপির দাতাদের নাম-পরিচয় খুঁজতে গেলে দলটি যুক্তি দেখায়, গরিব সমর্থকেরা দলের নেতাকে ভালোবেসে এই দান করেছেন।বাইরওয়াল বলেন, কংগ্রেসের দাবি, কুপন বিক্রি করে দলটি ২০০৮ থেকে ২০০৯ পর্যন্ত কমপক্ষে ৯৭৮ কোটি রুপি সংগ্রহ করেছে। তবে এই বিরাট অঙ্কের অর্থ সংগ্রহের ক্ষেত্রে দাতাদের কোনো তালিকা দেয়নি তারা।অর্থ সংগ্রহের দৌড়ে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া, মার্ক্সিস্টকে (সিপিএম) পেছনে ফেলেছে মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি (এসপি) ও শারদ পাওয়ারের এনসিপিকে। অর্থ আয়ের তালিকায় সিপিএম অবস্থান করছে চতুর্থ স্থানে। গত পাঁচ বছরে ২০১১-১২ পর্যন্ত দলটি সংগ্রহ করেছে ৩৩৫ কোটি রুপি। অন্যদিকে এই সময়ের মধ্যে এসপির সংগ্রহ ২০০ কোটি ও এনসিপির ১৪০ কোটি রুপি। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।