বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামীসহ ২০টি রাজনৈতিক দল নির্ধারিত সময়সীমার মধ্যেই দলীয় আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ হিসাব জমা দেওয়ার জন্য আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে। আরও সাতটি দল সময় চেয়ে আবেদন করেছে।বিএনপি, জামায়াতসহ ১৪টি দল গতকাল রোববার তাদের হিসাব নির্বাচন কমিশন সচিবালয়ে জমা দেয়। বিকেলে হিসাব জমা দেওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, তাঁদের দলের হিসাব অডিট করেছে এ হক অ্যান্ড কোম্পানি। তাঁদের দলের তহবিলে বর্তমানে কয়েক কোটি টাকা জমা আছে। দলীয় সদস্যদের চাঁদা থেকে এই টাকা আয় হয়েছে। আয়-ব্যয়ের অঙ্ক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি জনসমক্ষে জানানোর ব্যাপারে দলীয় সিদ্ধান্ত নেই।প্রায় একই সময়ে হিসাব জমা দিতে এসে জামায়াতের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক জসিমউদ্দিন সরকারও একই কথা বলেন।হিসাব জমা দেওয়ার জন্য এক মাস সময় বাড়ানোর আবেদন নিয়ে বিকেলে কমিশনে যান আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস। আবেদন জমা দেওয়ার পর তিনি বলেন, আওয়ামী লীগ বিশাল সংগঠন। হিসাব মেলানো কঠিন। বর্তমানে অডিটের কাজ চলছে। সময় বাড়ানোর ব্যাপারে কমিশন থেকে তাৎক্ষণিক তাঁদের কিছু জানানো হয়নি।গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০-এইচ ধারার বিধান অনুযায়ী, কোনো রাজনৈতিক দল ধারাবাহিকভাবে তিন বছর তথ্য প্রদানে ব্যর্থ হলে সেই দলের নিবন্ধন বাতিল হবে। রাজনৈতিক দলের নিবন্ধন বিধির ৯ ধারায় বলা হয়েছে, রাজনৈতিক দলকে প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে পূর্বের পঞ্জিকা বছরের আর্থিক লেনদেনের একটি হিসাব নিবন্ধিত অডিট প্রতিষ্ঠান দ্বারা অডিট করিয়ে তা নির্বাচন কমিশনে জমা দিতে হবে। ৩১ জুলাই সাপ্তাহিক ছুটি থাকায় গতকাল সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল এবার হিসাব জমা দেওয়ার শেষ দিন।গতকাল বিএনপি, জামায়াত ছাড়া আরও যে ১২টি দল ২০০৯ পঞ্জিকা বছরের হিসাব জমা দিয়েছে, সেগুলো হলো জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, প্রগতিশীল গণতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাকের পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস গত সপ্তাহে হিসাব জমা দিয়েছে।নিবন্ধিত অপর ১৮টি দল হিসাব জমা দেয়নি। এগুলোর মধ্যে আওয়ামী লীগসহ আটটি দল সময় বাড়ানোর আবেদন করেছে। অপর সাতটি দল হলো কৃষক শ্রমিক জনতা লীগ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।হিসাব জমা না দেওয়া অপর ১০টি দল এলডিপি, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, গণফোরাম, গণফ্রন্ট, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সময় বাড়ানোর আবেদনও জানায়নি।দলগুলোর হিসাব জমা দেওয়া বা না দেওয়া সম্পর্কে গতকাল নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল হিসাব না দিলে তাদের নিবন্ধন বাতিল করার বিধান রয়েছে। কিন্তু সেটা তো সম্ভব নয়। কারণ দেশকে রাজনীতিশূন্য করা আমাদের উদ্দেশ্য নয়। এখন কেউ হিসাব সঠিক সময়ে জমা না দিলে আমরা তাদের কারণ দর্শাতে বলব। তবে পুরো বিষয়টি নিয়ে কমিশনকে বৈঠকে বসে সিদ্ধান্ত নিতে হবে।’