আয়কর আইনজীবী হতে চাইলে
দেশের অনেক মেধাবী তরুণই এখন পছন্দের ক্যারিয়ার বা কর্মজীবন গড়তে আয়কর পেশাজীবী হতে চান। যাঁরা এই পেশায় আসতে আগ্রহী, তাঁরা ‘আয়কর পেশাজীবী রেজিস্ট্রেশন’ (আইটিপি) পরীক্ষার আবেদনপত্র সংগ্রহ করতে পারেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতিমধ্যে আইটিপি পরীক্ষার আবেদনপত্র সংগ্রহের আহ্বান জানিয়েছে—যা আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে সরাসরি বা ডাকযোগে এনবিআরের ঢাকার সেগুনবাগিচার অফিসে পৌঁছাতে হবে।আবেদন-প্রক্রিয়া: রাজস্ব বোর্ড অফিস (সকাল ১০টা থেকে বেলা ১২টা) বা www.nbr.bd.gov ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র জমার সময় সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি ও পরীক্ষা ফি বাবদ ৩০০ টাকার ট্রেজারি চালানের মূলকপিসহ জমা দিতে হবে। খামের ওপর অবশ্যই ‘আয়কর পেশাজীবী হিসেবে রেজিস্ট্রেশনের জন্য আবেদন’ কথাটি লিখতে হবে।কেন আয়কর উকিল?: জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মুন্সী হারুনর রশিদ (জরিপ, কর ফাঁকি ও আইটিপি রেজিস্ট্রেশন) জানান, বিশ্বের প্রায় সব দেশেই জনগণের নির্দিষ্ট আয় ও সম্পদের ওপর সরকারকে আয়কর দিতে হয়। আয়কর না দিলে জরিমানাসহ বিভিন্ন ধরনের শাস্তির বিধান রয়েছে। নিজেকে ও প্রতিষ্ঠানকে সুরক্ষার পাশাপাশি দেশের উন্নয়নের সহযোগী হিসেবে আয়কর দেওয়া সবার দায়িত্ব। এর সঠিক হিসাব-নিকাশ করতে একজন দক্ষ আয়কর উকিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আইটিপি পরীক্ষার যোগ্যতা: দ্বিতীয় সচিব বলেন, আইটিপি পরীক্ষায় অংশ নিতে চাইলে প্রার্থীকে অবশ্যই বাণিজ্য শাখা (হিসাববিজ্ঞান) থেকে স্নাতক পাস হতে হবে। আইন বিষয়ে স্নাতক, এ ছাড়া ব্যাংকিং বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা ও সিএ বা আইসিএমএর (ইন্টার) উত্তীর্ণ প্রার্থীরাও পরীক্ষা দিতে পারবেন।যেভাবে আসবেন: এ পেশায় আসতে হলে ব্যাপক পড়াশোনা করার মানসিকতা থাকতে হবে। রাখতে হবে ইংরেজিতে ভালো দখল। কারণ, এ বিষয়ে পড়াশোনা বেশির ভাগই ইংরেজিতে। দ্বিতীয় সচিব আরও বলেন, বর্তমানে আয়কর উকিল হতে তিন ধরনের পদ্ধতি চালু রয়েছে।প্রথমত, আমাদের দেশে এনবিআর পরীক্ষার মাধ্যমে আয়কর প্র্যাকটিশনার বা আইটিপি হওয়ার সুযোগ দিয়ে থাকে। এ জন্য প্রার্থীকে তিন ঘণ্টার ১০০ নম্বরের লিখিত ও ৫০ নম্বরের মৌখিক উভয় পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় আয়কর অধ্যাদেশ (১৯৮৪), আয়কর বিধিমালা (১৯৮৪), অর্থ আইন, দানকর আইন (১৯৯০), অধ্যাদেশ ও বিধির বাস্তব প্রয়োগ, হিসাববিজ্ঞান এবং বাংলা ও ইংরেজি বিষয়ে হয়ে থাকে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এনবিআর আয়কর বিষয়ে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দেয়। এতে উত্তীর্ণ হলে প্রশিক্ষণার্থীকে নিবন্ধন সনদ দেওয়া হয়। তারপর অবশ্যই আয়কর বার অ্যাসোসিয়েশনে আবেদনের মাধ্যমে প্রার্থীরা বারের তালিকাভুক্ত হন এবং আয়কর পেশাজীবী হিসেবে কাজ করার সুযোগ পান। দ্বিতীয়ত, যাঁরা এলএলবি পাস, তাঁরাও আয়কর উকিল হতে পারেন। তাঁদের এ পেশায় আসতে আইটিপি পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক নয়। তবে এলএলবি পাস করার পর দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে বার কাউন্সিল অ্যাডভোকেট হিসেবে নিবন্ধন দিয়ে থাকে। তবে যাঁরা বার কাউন্সিলে নিবন্ধিত হন, শুধু তাঁরাই নামের আগে অ্যাডভোকেট লিখতে পারবেন।তৃতীয়ত, চার্টার্ড অ্যাকাউন্টিং (সিএ) বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের (সিএমএ) সদস্যদের সরাসরি এ পেশায় আসার সুযোগ রয়েছে। তাঁদের কোনো পরীক্ষা দিতে হয় না।ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, ট্যাক্স বারের সদস্য হতে নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। দেশের ৬৪টি জেলায়ই ট্যাক্সেস বার আছে। যেকোনো জেলা কমিটির কাছে মৌখিক সাক্ষাৎকারে উত্তীর্ণ হয়ে সদস্য হওয়া যাবে। একইভাবে বার কাউন্সিল নিবন্ধিত অ্যাডভোকেট এবং সিএ, সিএমএ সদস্যরা আয়কর বার অ্যাসোসিয়েশনে তালিকাভুক্ত হতে পারবেন। তবে তাঁদের জন্য এটি বাধ্যতামূলক নয়।এ পেশায় আসতে হলে: অ্যাডভোকেট মো. আবদুর সবুর জানান, এ পেশায় আসতে অ্যাকাউন্টিং ও গণিত বিষয়ে ভালো দক্ষতা এবং পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। মেধাশক্তির পাশাপাশি থাকতে হবে বুদ্ধিমত্তা। সততা, আন্তরিকতা ও একাগ্র মনোযোগে কাজ করতে হবে। পেশাজীবনের শুরু করতে হবে মাঠপর্যায় থেকে। প্রথম দিকে সিনিয়রের সঙ্গে কাজ করে অভিজ্ঞতা অর্জন করা উচিত।কাজের জায়গা: এ পেশার কাজের ক্ষেত্র এখন অনেক বিস্তৃত। বর্তমানে দেশে ১০ লাখের কিছু বেশি আয়করদাতা আয়কর রিটার্ন দাখিল করেন। সিভিল ও ফৌজদারি মামলার ক্ষেত্রে গ্রাহক হয়ে থাকেন অস্থায়ী। কিন্তু আয়কর গ্রাহক হয়ে থাকে স্থায়ী। সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিকনির্বিশেষে একসঙ্গে অনেক প্রতিষ্ঠানে কাজ করা যায়। এ ছাড়া নিজে চেম্বার খুলে স্বাধীনভাবে কাজ করার সুযোগ তো আছেই। খেয়াল রাখতে হবে: আবদুর সবুর আরও জানান, গ্রাহকের কথা মন দিয়ে শুনতে হবে এবং তাঁর চাওয়াটা বুঝতে হবে। এরপর তাঁকে বোঝাতে হবে। সব গ্রাহককে একই দৃষ্টিতে দেখতে হবে। একটু ধীরে করলেও যাতে কাজে ভুল না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে। সময়মতো গ্রাহকদের কাজ করে দিয়ে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। বিশ্বস্ততার সঙ্গে গ্রাহকদের তথ্যের গোপনীয়তা ও নিজের প্রতিশ্রুতি বজায় রাখতে হবে।আরও জানতে: জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব ভবন, সেগুনবাগিচা, ঢাকা-১০০০। ফোন: ৮৩৯১৬৬১, ৮৩১৮১০১-৮।ওয়েবসাইট: www.nbr.bd.govঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সেক্টারেরিয়াল বিল্ডিং, সেগুনবাগিচা, ঢাকা-১০০০। ফোন: ০২-৯৩৫৮৯২৫, ৯৩৫৮৫১৭।