আয়কর দিতে হবে গ্রামীণ ব্যাংককে
গ্রামীণ ব্যাংকের আয়কর অব্যাহতির সুবিধা প্রত্যাহার করা হচ্ছে। ২২ বছর ধরে দেওয়া আয়করসুবিধা প্রত্যাহার করে নিচ্ছে সরকার।সরকার মনে করছে, গ্রামীণ ব্যাংক কোনো বেসরকারি সংস্থা (এনজিও) নয়, বরং একটি বিশেষায়িত ব্যাংক। এ কারণে অন্যান্য বিশেষায়িত ব্যাংকের মতো গ্রামীণ ব্যাংকের আয় করযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। এ পরিপ্রেক্ষিতে গ্রামীণ ব্যাংকের কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর আবেদনে অপারগতা জানানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়।গত বছরের ২৮ ডিসেম্বর অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব নাসিরউদ্দীন আহমেদ গ্রামীণ ব্যাংকের কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর আবেদনে অপারগতা জানানোর প্রস্তাবে অনুমোদন ও নির্দেশনা চেয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে একটি সারসংক্ষেপ পাঠিয়েছেন। অর্থমন্ত্রী গত ৩১ ডিসেম্বর ব্যাংকিং বিভাগের সচিবের কাছে গ্রামীণ ব্যাংকের সার্বিক বিষয়ে একটি সামগ্রিক প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছেন।এর আগে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের আয়কে কর অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়ে অর্থমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলেন।এ প্রসঙ্গে জানতে চাইলে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ এখন পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের কোনো মতামত না পাওয়ার কথা জানিয়ে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরই গ্রামীণ ব্যাংকে এর কী প্রভাব পড়তে পারে, সে ব্যাপারে জানানো যাবে।সূত্র জানায়, প্রতিষ্ঠার পর থেকে সরকার গ্রামীণ ব্যাংককে সাতবার সাতটি প্রজ্ঞাপনের মাধ্যমে আয়কর অব্যাহতি দিয়েছে। এর মধ্যে ১৯৮৮ সালের ১ অক্টোবর থেকে পাঁচ বছর, ১৯৯৩ সালের অক্টোবর থেকে তিন বছর, ১৯৯৬ সালের অক্টোবর থেকে ওই বছরের ডিসেম্বর, ১৯৯৭ সালে ১ জানুয়ারি থেকে ২০০০ সাল, ২০০১ সালের ১ জানুয়ারি থেকে ২০০৫ সালের ডিসেম্বর, ২০০৬ সালের জানুয়ারি থেকে ২০০৮ সালের জুন এবং ২০০৮ সালের জুলাই থেকে ২০১০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত গ্রামীণ ব্যাংকের আয়কে কর অব্যাহতি দেওয়া হয়েছে।অর্থমন্ত্রীকে পাঠানো সারসংক্ষেপে জানানো হয়, আয়কর আইনে নিবন্ধিত এনজিওগুলোর ক্ষুদ্রঋণ থেকে আয় করমুক্ত। গ্রামীণ ব্যাংক ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান এবং ক্ষুদ্রঋণের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্য নিরসনে ভূমিকা পালন করছে। এ বিবেচনায় গ্রামীণ ব্যাংককে আয়কর অব্যাহতি দেওয়া হয়। তবে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ অনুযায়ী এনজিও, ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং ব্যাংকের আয়ের ওপর করারোপ করার বিধান রয়েছে। এই আইন অনুযায়ী, এনজিওবিষয়ক ব্যুরোতে নিবন্ধিত এনজিও ক্ষুদ্রঋণের আয়ের ওপর কর অব্যাহতি পাবে। ক্ষুদ্রঋণবহির্ভূত অন্যান্য আয়ের ওপর সাধারণ হারে কর দিতে হবে। আয়করের হার কোম্পানির ক্ষেত্রে সাড়ে ৩৭ শতাংশ, আর এনজিওবিষয়ক ব্যুরোতে নিবন্ধিত নয়, এমন এনজিওসহ অন্যান্য সংস্থাকে ক্ষুদ্রঋণের আয়ের ওপর কর এবং ক্ষুদ্রঋণবহির্ভূত অন্যান্য আয়ের ওপর সাধারণ হারে কর দিতে হবে। এ ক্ষেত্রেও আয়করের হার কোম্পানির ক্ষেত্রে সাড়ে ৩৭ শতাংশ। সারসংক্ষেপে বলা হয়েছে, ব্যাংকের ক্ষেত্রে যেকোনো ঋণের বিপরীতে প্রাপ্ত সুদ করযোগ্য। ক্ষুদ্রঋণবহির্ভূত অন্যান্য আয়ের ওপর সাধারণ হারেই কর হয়। কোম্পানির ক্ষেত্রে এর হার সাড়ে ৪২ শতাংশ।সারসংক্ষেপে জানানো হয়, ২০০৯ সালে গ্রামীণ ব্যাংকের মোট আয় হয় ৭৪২ কোটি ৯২ লাখ টাকা। এর মধ্যে ক্ষুদ্রঋণের বিপরীতে আয় ২৭২ কোটি ৯০ লাখ টাকা, স্থায়ী আমানত (এফডিআর) থেকে পাওয়া সুদ ৩৯৪ কোটি ৯৮ লাখ টাকা, মিউচুয়াল ফান্ড থেকে ১০ লাখ টাকা এবং অন্যান্য আয় ৭৪ কোটি ৯৪ লাখ টাকা।অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব সারসংক্ষেপে জানান, আয়ের খাতওয়ারি তথ্য অনুযায়ী বিভিন্ন ব্যাংকে মেয়াদি আমানত থেকে প্রাপ্ত সুদ আয়ের প্রধান খাত। কোনো বিশেষ কর অব্যাহতির আদেশ বলবৎ না থাকলে গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে আয় ছাড়া অন্যান্য সব আয় বর্তমান আইন অনুযায়ী করযোগ্য হবে।গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ধারা ৪(১) অনুযায়ী, গ্রামীণ ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক। অন্যান্য বিশেষায়িত ব্যাংক আয়কর পরিশোধ করে। আর গ্রামীণ ব্যাংকের ৬৩ দশমিক ২৭ শতাংশ আয় ক্ষুদ্রঋণবহির্ভূত উৎস থেকে অর্জিত। এ ছাড়া গ্রামীণ ব্যাংক এনজিও হিসেবে এনজিওবিষয়ক ব্যুরোতে নিবন্ধিত নয়। এ কারণে গ্রামীণ ব্যাংককে এনজিও হিসেবে বিবেচনা করার কোনো অবকাশ নেই।সারসংক্ষেপে আরও বলা হয়, এ অবস্থায় গ্রামীণ ব্যাংক যেহেতু এনজিও নয়, বরং একটি বিশেষায়িত ব্যাংক; তাই অন্যান্য বিশেষায়িত ব্যাংকের মতো তাদের আয় করযোগ্য হিসেবে বিবেচনা করা সমীচীন হবে। তাদের কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর আবেদনে অপারগতা জানিয়ে দেওয়া যেতে পারে।প্রসঙ্গত, গ্রামীণ ব্যাংক ২৫৬৪টি শাখার মাধ্যমে প্রায় ৮৩ লাখ সদস্যের মধ্যে ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়ন করছে।