আয়কর ফাঁকি মামলায় বসুন্ধরা চেয়ারম্যানের জামিন মঞ্জুর
হাইকোর্ট আয়কর ফাঁকির মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলমের জামিন মঞ্জুর করেছেন। আজ বৃহস্পতিবার বিচারাধীন আপিলে করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন। এ মামলায় বিচারিক আদালতের রায়ে তাঁকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর আগে আয়কর ফাঁকির মামলায় দেরিতে আপিল করায় তা মার্জনা চেয়ে করা আবেদনটি হাইকোর্ট গত মঙ্গলবার মঞ্জুর করেন।উল্লেখ্য, শাহ আলম গত রোববার পাঁচটি মামলার আসামি হিসেবে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এবং মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-২-এ আত্মসমর্পণ করেন। বিচারাধীন তিনটি মামলায় আদালত তাঁকে জামিন দিলেও রায় ঘোষিত মামলায় সাজা পরোয়ানা ইস্যু করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। ওই দিনই তাঁকে কারাগার থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।