আয়কর ফাঁকির মামলায় অভিযোগ গঠন বিষয়ক শুনানি ৯ মে
আয়কর ফাঁকির মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি আদালত আগামী ৯ মে ধার্য করেছেন। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ তারিখ ধার্য করেন।মামলার নথি পর্যালোচনায় দেখা, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত বছরের ১ মার্চ আয়কর ফাঁকির অভিযোগে এ মামলা করে। আদালত মামলাটি গ্রহণ করে কোকোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কোকোর পক্ষে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৯ জুন আয়কর ফাঁকির মামলাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।আয়কর বিবরণীতে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৫২ লাখ ৩৯ হাজার টাকার তথ্য গোপন এবং এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দেওয়ার অভিযোগে এনবিআর এই মামলা করে। তাঁর বিরুদ্ধে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১৬৫ ও ১৬৬ ধারায় অভিযোগ আনা হয়।