আয়কর ফাঁকির মামলায় কোকোর বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক জহুরুল হক অভিযোগ গঠন করে আগামী ১ নভেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। গত বছরের ২৩ জুন মানি লন্ডারিং আইনের একটি মামলায় আরাফাত রহমানের সাত বছরের কারাদণ্ড হয়। কোকোর অনুপস্থিতিতে তাঁর বিরুদ্ধে এখন দ্বিতীয় মামলায় বিচারকাজ শুরু হলো। গতকাল আরাফাত রহমানের বিরুদ্ধে আয়কর অধ্যাদেশের ১৬৫ ও ১৬৬ ধারায় অভিযোগ গঠন করেন আদালত। এ মামলায় গত ৫ আগস্ট আরাফাত রহমান কোকোকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছিল। ৩০ আগস্ট গেজেট প্রকাশসংক্রান্ত প্রতিবেদন দাখিল করার পর আদালত গতকাল অভিযোগ আমলে নিয়ে শুনানির দিন ধার্য করেন। ২০১০ সালের ১ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার শাহীন আক্তার হোসেন আয়কর ফাঁকির অভিযোগে এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডে প্রদর্শিত আয়কর বিবরণীতে ৫২ লাখ ৩৯ হাজার টাকা আয়ের তথ্য গোপন করে তার ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন আরাফাত রহমান।আয়কর অধ্যাদেশের ১৬৫ ধারায় তিন বছর এবং ১৬৬ ধারায় এক বছর সাজার বিধান রয়েছে। উভয় ধারায় সাজা ও অর্থদণ্ড করারও বিধান রয়েছে। শুনানি: গতকাল শুনানিতে আরাফাতের আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতকে বলেন, আয়কর অধ্যাদেশের ১৬৫ ও ১৬৬ ধারায় মামলা করা হয়েছে। আসামির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা আপসযোগ্য। তাই আরাফাত রহমানের পক্ষে এনবিআরে আয়কর অধ্যাদেশের ১৭০ ধারায় টাকা পরিশোধের সুযোগ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। কিন্তু এনবিআর ওই আবেদনের বিষয়ে কোনো জবাব না দিয়ে এই মামলা করেছে। এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে, তা আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযোগ শুনানি মুলতবি করার আবেদন করেন তিনি।রাষ্ট্রপক্ষে মহানগর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু এর বিরোধিতা করে বলেন, এ মামলায় আসামি আরাফাত রহমানকে পলাতক দেখানো হয়েছে। পলাতক আসামির পক্ষে এ ধরনের আবেদন করার সুযোগ নেই। তিনি আদালতকে বলেন, ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডে প্রদর্শিত আয়কর বিবরণীতে ৫২ লাখ ৩৯ হাজার টাকা আয়ের তথ্য গোপন করে তার ওপর প্রযোজ্য কর ফাঁকি দেন আরাফাত রহমান। এই অভিযোগে আয়কর অধ্যাদেশের ১৬৫ ও ১৬৬ ধারায় ২০১০ সালের ১ মার্চ এই মামলা করা হয়। পিপি আরও বলেন, এই মামলায় আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আসামি হাজির হননি। তাই তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। এরপর আদালত আসামি আরাফাত রহমানকে পলাতক দেখিয়ে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। আবদুল্লাহ আবুকে শুনানিতে সহায়তা করেন অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার। আরাফাতের আরেক আইনজীবী তাহেরুল ইসলাম প্রথম আলোকে জানান, মানি লন্ডারিং আইনে গত বছরের ২৩ জুন আরাফাত রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হোসেন। তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, আয়কর ফাঁকি, চাঁদাবাজি, গ্যাটকো দুর্নীতি মামলা রয়েছে। বাকি মামলাগুলোর কার্যক্রম উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে। দৈনিক দিনকাল-এর প্রকাশনা নিয়েও একটি মামলা ছিল, তা নিষ্পত্তি হয়ে গেছে। ২০১০ সালের ১০ অক্টোবর কোকোর প্যারোলে মুক্তির আদেশ বাতিল করা হয়।