আয়কর ফাঁকির মামলায় সাঈদীকে গ্রেপ্তার দেখানো হয়েছে
আয়কর ফাঁকির মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালত আগামী ২৮ সেপ্টেম্বর অভিযোগ গঠনবিষয়ক শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন এ তারিখ নির্ধারণ করেছেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাঈদীকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া একই মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্য নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গত ১৯ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের পক্ষ থেকে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মীর কাসেম আলীর বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে দুটি মামলা করা হয়। আদালত মামলা দুটি গ্রহণ করে দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ গ্রেপ্তারি পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। উল্লেখ্য, ওই মামলায় অভিযোগ করা হয়, দেলাওয়ার হোসাইন সাঈদী একজন সাংসদ হওয়া সত্ত্বেও আয়কর বিবরণীতে মিথ্যা হলফনামা দিয়ে তথ্য দিয়েছেন। তিনি ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত আয়কর বিবরণীতে দুই কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকার তথ্য গোপন করেছেন। একই সঙ্গে এর ওপর প্রযোজ্য ৫৬ লাখ ৪৬ হাজার ৮১০ টাকার কর ফাঁকি দিয়েছেন। মামলায় আয়কর অধ্যাদেশের ১৬৫ ও ১৬৬ ধারায় তিনি অপরাধ করেছেন। এনবিআরের উপ-করকমিশনার মাসুমা খাতুন বাদী হয়ে এ মামলাটি করেন। মীর কাসেম আলীর বিরুদ্ধে এনবিআরের অন্য উপ-করকমিশনার মনিরুজ্জামান বাদী হয়ে মামলা করেছেন। এ মামলার অভিযোগে বলা হয়, কেয়ারি লিমিটেডের চেয়ারম্যান মীর কাসেম আলী ২০০৫-০৬ কর-বছরে ৩৪ লাখ ৮৫ হাজার ৮৬৬ টাকার তথ্য গোপন করেছেন এবং এর ওপর প্রযোজ্য ১১ লাখ ২৮ হাজার ২৩৫ টাকার কর ফাঁকি দেন।