আয়কর বিবরণী দেওয়া যাবে অনলাইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনলাইনে আয়কর বিবরণী জমা দিয়েছেন। আর এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো চালু হলো অনলাইনে আয়কর বিবরণী দেওয়ার সুযোগ। অর্থমন্ত্রী তাঁর আয়কর বিবরণীতে (রিটার্ন) এক কোটি ২৭ লাখ ২৫ হাজার ৬৪৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব দিয়েছেন। এর মধ্যে তিন লাখ ৪৯ হাজার ৪৯৬ টাকার করযোগ্য আয়ের বিপরীতে তিনি ১৯ হাজার ১৩০ টাকা আয়কর দেন।উল্লেখ্য, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে মন্ত্রীদের সম্পদ বিবরণী জমা ও প্রকাশের প্রতিশ্রুতি দেওয়া ছিল। সরকার গঠন করার পর অবশ্য দলটি এই প্রতিশ্রুতি থেকে সরে আসে। এ বিষয়ে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়, আয়কর বিবরণীতেই সম্পদের বিবরণী দিতে হয়, ফলে আলাদা করে তা জমা দেওয়ার প্রয়োজন নেই। তবে তা প্রকাশ করার কথা বলা না হলেও অর্থমন্ত্রী নিজেই তা জানিয়ে দিলেন।গতকাল রোববার সকালে অর্থমন্ত্রী সচিবালয়ে তাঁর নিজ কার্যালয়ে নিজের এই রিটার্ন দাখিলের মাধ্যমে অনলাইনে তা জমা দেওয়া কার্যক্রমের উদ্বোধন করেন। কোম্পানির ক্ষেত্রে বৃহৎ করদাতা ইউনিটে (এলটিইউ) আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের কার্যক্রম চালু রয়েছে। তবে অনলাইনে ব্যক্তি শ্রেণীর করদাতার আয়কর বিবরণী দাখিলের পদক্ষেপ এটাই প্রথম।চলতি ২০১০-১১ অর্থবছরের জন্য এই কার্যক্রম পরীক্ষামূলকভাবে রাজধানীর কর অঞ্চল-৮-এ চালু থাকছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, চিকিৎসক, আইনজীবী, স্থপতি এবং গুলশান ও বনানী এলাকার করদাতারা এ অঞ্চলের অন্তর্ভুক্ত।আগামী বছর থেকে সব কর অঞ্চলকেই অনলাইন আয়কর রিটার্ন পদ্ধতির আওতায় নিয়ে আসা হবে বলে জানান অর্থমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের মাধ্যমে আমরা ডিজিটাল বাংলাদেশের পথে আরও একধাপ এগিয়ে গেলাম।’আয়কর প্রদান পদ্ধতি সহজ, সরল ও বোধগম্য করা এবং জনসাধারণের হয়রানি কমানো অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্দেশ্য বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘বর্তমানে ২৭ লাখ করদাতা শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) মধ্যে মাত্র আট লাখ কর প্রদান করছেন। এ সংখ্যা এক কোটিতে পৌঁছাতে চাই এবং সেটাই হবে সম্মানজনক।’অনুষ্ঠানে জানানো হয়, রাজধানীর অঞ্চল-৮-এ ৩০ হাজারেরও বেশি করদাতা রয়েছেন। এখন থেকে ইচ্ছে করলে ওই করদাতারা অনলাইনে তাঁদের ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। অনলাইনে রিটার্ন দাখিল করতে হলে কর অঞ্চল-৮-এর দপ্তর থেকে কম্পিউটার জেনারেটেড একটি গোপন সাংকেতিক নম্বর নিতে হবে। করদাতার আয়কর রিটার্নে দেওয়া তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার জন্য এই সাংকেতিক নম্বর ব্যবহার করা হবে। অনুষ্ঠানে আরও জানানো হয়, অনলাইনে রিটার্ন দাখিল করার ওয়েবসাইটের ঠিকানা হলো www.taxzone-8.org। করদাতারা সাইটে প্রবেশ করলে অনলাইনে রিটার্ন দাখিল করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং সহজেই তাঁর রিটার্ন দাখিল করতে পারবেন। করদাতাদের সুবিধার্থে কর অঞ্চল-৮-এ একটি ইন্টারনেট সুবিধাসহ সেবাকেন্দ্র চালু করা হয়েছে। করদাতারা ইচ্ছা করলে এ সেবাকেন্দ্রে এসে তাঁদের রিটার্ন দাখিল করতে পারবেন।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, এটি একটি পরীক্ষামূলক প্রয়াস। তবে যেহেতু পরীক্ষামূলক, সেহেতু প্রায়োগিক ক্ষেত্রে কিছু ভুল-ত্রুটি থাকা অসম্ভব নয়। করদাতাদের সহযোগিতায় প্রয়োজনে সাইটটি পরিবর্তন ও পরিমার্জন করা হবে।১৯ হাজার ১৩০ টাকা আয়কর প্রদান প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘আমার আয় আগের থেকে অনেক কমে গেছে। আগে বিদেশে বিভিন্ন ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে অনেক রেমিট্যান্স আসত। এখন তা আর আসে না। মন্ত্রী হিসেবে আমি যে বেতন-ভাতা পাই তা আয়করমুক্ত। সঞ্চয়পত্র ও নিজের লেখা কিছু বইয়ের ‘রয়্যালটি’ থেকে যে আয় হয় সে আয়ের ওপরই আয়কর দিয়ে থাকি।’আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে মন্ত্রি-সাংসদদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করার কথা বলা হলেও শেষ পর্যন্ত কেন তা হচ্ছে না, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, ‘মন্ত্রি-সাংসদদের সম্পদের হিসাব আলাদাভাবে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রি-সাংসদেরা যে আয়কর রিটার্ন জমা দেবেন, সেটাকেই তাঁদের সম্পদের হিসাব বলে গ্রহণ করা হবে।’