আয়কর বিবরণী দেওয়ার সময় শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার বর্ধিত সময় আজ বৃহস্পতিবার শেষ হয়েছে।শেষ দিন পর্যন্ত প্রায় ছয় লাখ ৩০ হাজার রিটার্ন জামা পড়েছে। আর বাড়তি সময় চেয়ে আবেদন করেছেন প্রায় এক লাখ ৯০ হাজার করদাতা। এই হিসাবে মোট রিটার্ন জমার পরিমাণ আট লাখ ২০ হাজার ছাড়াতে পারে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।এনবিআর সূত্র জানায়, গত করবর্ষে দুবার সময় বাড়ানোর পর সাত লাখ ৫৭ হাজার রিটার্ন জমা পড়েছিল। সেই হিসাবে এ বছর ৭০ হাজার বেশি রিটার্ন জমা পড়েছে। তার পরও তা এনবিআরের লক্ষ্যমাত্রার চেয়ে এক লাখ ৮০ হাজারের মতো কম। এ বছর ১০ লাখ রিটার্ন জমা পড়বে বলে এনবিআর আশা করেছিল।আয়কর আইনে প্রতিবছর ৩০ সেপ্টেম্বর রিটার্ন জমা দেওয়ার জন্য নির্ধারিত সময়ের শেষ দিন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ বারবারই বলে আসছিলেন যে কোনোভাবেই এই সময় বাড়ানো হবে না। কিন্তু শেষ পর্যন্ত ব্যবসায়ীসহ নানা মহলের চাপে সময় সাত দিন বাড়ানোর ঘোষণা দেয় এনবিআর, যা আজ শেষ হয়েছে। সময় বাড়ানোর আগে পাঁচ লাখ ৬০ হাজার রিটার্ন জমা পড়েছিল। আর সময় বাড়ানোর পর নতুন করে আরও ৭০ হাজারের মতো রিটার্ন জমা পড়েছে।