আয়কর মামলা থেকে খালাস পেলেন ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির মামলায় আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদেরকে খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক জেসমিন আনোয়ার এ আদেশ দেন। রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় মামলাটি প্রত্যাহারের জন্য ওবায়দুল কাদেরের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা প্রত্যাহারসংক্রান্ত জাতীয় কমিটি এটি প্রত্যাহারের জন্য সুপারিশ করে। এরই ধারাবাহিকতায় গত ১১ এপ্রিল ওবায়দুল কাদের মামলা থেকে খালাস চেয়ে ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় আদালতে আবেদন করেন। আজ আদালত মামলার দায় থেকে তাঁকে খালাস দেন। প্রসঙ্গত, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নয় লাখ ৫৬ হাজার টাকা কর ফাঁকির অভিযোগ এনে ২০০৭ সালের ৭ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কমিশনার নিগার সুলতানা মামলাটি দায়ের করেন। পরে ওবায়দুল কাদের ছয় লাখ ৫৬ হাজার ১৫৩ টাকা জমা দিয়ে এনবিআর থেকে দায়মুক্তি সনদ সংগ্রহ করেন।