আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে না: এনবিআর চেয়ারম্যান
আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ।আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।নাসির উদ্দিন আহমেদ বলেন, কোনো করদাতা ৩০ সেপ্টেম্বরের পরে আয়কর জমা দেয়ার আগ্রহ প্রকাশ করে আবেদন জানালে তিনি রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন। অর্থনীতিতে অগ্রগতির কারণে রাজস্ব আদায় বাড়ছে। গত ২২ সেপ্টেম্বর পর্যন্ত এক লাখ নয় হাজার ৯৮টি রিটার্ন জমা হয়েছে। আয়কর মেলায় গত দুই দিনে ১১ হাজার ৫৭১ জন আয়কর রিটার্ন জমা দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।এনবিআর চেয়ারম্যান আরও জানান, এ সময়ে ভ্যাট আদায়ের ক্ষেত্রে সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে। প্রবৃদ্ধির হার ৩১ দশমিক শূন্য এক শতাংশ। তিন হাজার ৩৮৯ কোটি ৯৩ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে তিন হাজার ৮২৬ কোটি ২৮ লাখ টাকা ভ্যাট আদায় হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, চলতি অর্থবছরে রাজস্ব আয়ের পরিমাণ লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে যাবে। এ বছর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭২ হাজার ৫৯০ কোটি টাকা।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন বলেন, ব্যবসার অবস্থা ভালো নয় বলে ব্যবসায়ীরা যে দাবি করছেন তা সঠিক নয়। কেননা অর্থনীতির সূচকগুলো প্রমাণ করছে তাঁদের দাবি ভিত্তিহীন। আমদানির পরিমাণসহ অর্থনীতির সূচকগুলো বেশ ইতিবাচক। এখন থেকে নিয়মিত প্রতি মাসে রাজস্ব আয়ের পরিস্থিতি সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।এ সময় অন্যদের মধ্যে এনবিআর সদস্য বশির উদ্দিন আহমেদ ও ফরিদ উদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।