আয়কর রিটার্নের সময় বাড়ল সাত দিন
অবশেষে ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় সাত দিন বাড়ানো হয়েছে। এর ফলে ৭ অক্টোবর পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে। তবে সপ্তাহের প্রথম দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় করদাতারা কার্যত সময় পাবেন পাঁচ দিন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে গতকাল বৃহস্পতিবার রাতে এসংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এর আগে গতকাল সন্ধ্যায় আয়কর মেলার সমাপনী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ বলেছিলেন, ‘আয়কর আইনের ধারা অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। এটি পরিবর্তনের কোনো এখতিয়ার এনবিআরের নেই। তবে সরকারের পক্ষ থেকে সময় বাড়ানোর ব্যাপারে কোনো ঘোষণা এলে সবাইকে তা জানিয়ে দেওয়া হবে।’১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবসের অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঘোষণা দিয়েছিলেন, রিটার্ন দেওয়ার সময় কোনোভাবেই বাড়ানো হবে না। এর ধারাবাহিকতায় এনবিআরের চেয়ারম্যানও বারবার সময় না বাড়ানোর পক্ষে জোরালো বক্তব্য দিয়ে আসছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সময় বাড়ানো হলো। এনবিআর সূত্র জানায়, এবার ন্যূনতম ১০ লাখ রিটার্ন জমার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু শেষ দিন পর্যন্ত লক্ষ্যমাত্রার অনেক কম রিটার্ন জমা পড়েছে। তাই অনেকটা বাধ্য হয়েই সময় বাড়াতে হয়েছে। তা ছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনসহ (এফবিসিসিআই) বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর দাবি জানানো হয়েছিল।