আশাআগামী এপ্রিলেই পা দেবেন সাঁইত্রিশে। ক্যারিয়ারের সোনালি সময় পেরিয়ে এসেছেন বলেই ইউরোপের পেশাদার ফুটবলে টিকে থাকতে না পেরে ফিরে এসেছেন ব্রাজিলেই। তবু হলুদ জার্সি গায়ে আরেকটি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন রবার্তো কার্লোস। কোন আশায়? এখনো আরও তিন-চার বছর শীর্ষ পর্যায়ের ফুটবল খেলার সামর্থ্য আছে বলে মনে করেন কার্লোস। তবে আশার পালে বাতাস পাচ্ছেন ‘দুঙ্গা তার দলের জন্য এখনো একজন লেফট ব্যাক খুঁজছে’ বলে।কীর্তি১৯৩.০০। মাত্রই শেষ হওয়া আইডিয়া কাপে মাহমুদউল্লাহর ব্যাটিং-গড়! চার ম্যাচ খেলেছেন, করেছেন ৪৫, ৬০, ২৪ ও ৬৪ রান। শেষ তিন ইনিংসে অপরাজিত থাকার সুবাদেই গগনচুম্বী হয়েছে তাঁর ব্যাটিং-গড়। যা টুর্নামেন্টের সর্বোচ্চ। তাঁর ১৯৩ রান বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানও।প্রস্তাবফুটবলে আছে, ক্রিকেটে আছে। আছে হকি, ভলিবল, বিচবল, রাগবিতেও। তাহলে টেনিসের কেন বিশ্বকাপ হবে না? চিন্তাভাবনা শুরু করেছেন পেশাদার টেনিস খেলোয়াড়েরা। অস্ট্রেলিয়ান ওপেনকে কেন্দ্র করে টেনিসের শীর্ষ তারকারা জড়ো হয়েছেন মেলবোর্নে। সেখানেই এটিপি খেলোয়াড় কাউন্সিলের আলোচনায় উঠে এসেছে ব্যাপারটি। ডেভিস কাপের আদলে হয়তো একদিন বিশ্বকাপ দেখা যাবে টেনিসেও।হুমকিহুমকিটা অন্য কোথাও থেকে এলে আলাদা কথা ছিল, কিন্তু ভারতের মাটিতে অস্ট্রেলিয়াকে খেলতে না দেওয়ার হুমকিটা যখন শিবসেনার, তখন আমলেই নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের ডানপন্থী রাজনৈতিক দলটি যে কেবল কথায় নয় কাজেও বিশ্বাসী, সেটা তারা দেখিয়েছে ১৯৯৯ সালে। পাকিস্তানের ভারত সফরের প্রতিবাদে ফিরোজ শাহ কোটলার পিচই খুঁড়ে ফেলেছিল তারা। শিবসেনা এবার কী করে এখন এটাই দেখার।ভ্রাতৃপ্রেমবড় ভাই খেলতে চেয়েছিলেন হোবার্ট টেস্টে। কামরান আকমলের সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে উমর আকমল ‘তত্পর’ ছিলেন। পিঠের মিথ্যা ইনজুরির গল্প ফেঁদেছিলেন। যাতে অন্তত তাঁর জায়গায় বড় ভাই খেলতে পারেন। কিন্তু ভ্রাতৃপ্রেম দেখাতে গিয়ে ধরা পড়ে গেছেন উমর। স্ক্যান রিপোর্ট বলে দিয়েছে কোনো চোট নেই তাঁর। মিথ্যা বলার জন্য পিসিবির শাস্তি পেতে পারেন পাকিস্তানের ‘তরুণ তুর্কি’।