লক্ষ্যপূরণদক্ষিণ এশীয় গেমসকে মোটামুটি সাফল্যের আলোতেই রাঙিয়েছেন আয়োজকেরা। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান তো ছিল চোখ ধাঁধানো। মাঠের পারফরম্যান্সেও আমাদের অ্যাথলেটরা ছাড়িয়ে গেছেন আগের সব অর্জনকে। দক্ষিণ এশীয় গেমসে এর আগে বাংলাদেশের সেরা সাফল্য ছিল ১৯৯৩ ঢাকা সাফ গেমসে ১১টি সোনাসহ ৬২টি পদক জয়। এবার বাংলাদেশ জিতেছে ১৮টি সোনাসহ ৯৭টি পদক।পেশাদার!প্রায় এক যুগের মাথায় দক্ষিণ এশীয় গেমসের ফুটবল-শ্রেষ্ঠত্ব ফিরে পেল বাংলাদেশ। সার্বিয়ান কোচ জোরান জর্জেভিচ অবশ্যই বড় দাবিদার এই কৃতিত্বের। দীর্ঘমেয়াদে তাঁকে রেখে দেওয়ার ইচ্ছাও আছে বাফুফের। তবে চুক্তিটা করার কথা এএফসি চ্যালেঞ্জ কাপের পর। এটা জেনেশুনেই তিনি বাফুফের সঙ্গে যুক্ত হয়েছেন। কিন্তু এসএ গেমস ফুটবলের সাফল্যের রেশটা থাকতে থাকতেই দীর্ঘমেয়াদে চুক্তি চাইছেন জর্জেভিচ। দল যখন মাঠে অনুশীলনে তখন তিনি হোটেলে বসে থেকে ‘এখনই চুক্তি নইলে নয়’ এমন একটা বার্তা দিয়েছেন বাফুফেকে। পেশাদার সত্তাটা দারুণ জেগে উঠেছে সার্বিয়ান কোচের মধ্যে।কীর্তিতিন ওয়ানডের নিউজিল্যান্ড সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ। তবে একটা জায়গায় সবাইকে ছাড়িয়ে ইমরুল কায়েস। সিরিজের একমাত্র সেঞ্চুরিটি তাঁরই। সিরিজে সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং গড় যেখানে ১৪.৬৬ ও ১২.৩৩ সেখানে ইমরুলের ব্যাটিং গড় ৪৭.৬৬। ১৪৩ রান নিয়ে তিনি সর্বোচ্চ স্কোরারও। পূর্বানুমান৪-১ ব্যবধানে জিতবে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে এমন পূর্বানুমান করেছিলেন ক্রিস গেইল। কিন্তু মাঠের বাইরে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক যতই ‘সাহস’ দেখান, মাঠে ওয়েস্ট ইন্ডিজ নতজানু এক দলই। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হারের কিনারে তারা।লড়াইযারা জিতবে, তারাই ১ নম্বর—এমন সমীকরণ নিয়ে কলকাতায় আজ শুরু হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। আগের টেস্টে ইনিংস ব্যবধানে জেতায় মানসিকভাবে দারুণ চাঙা দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ বলছেন, তারা নন, ভারতই টেস্টের ১ নম্বর দল হওয়ার যোগ্য। এটা কি গ্রায়েম স্মিথের অন্য কৌশল?