বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক জামাই মেলা। লিখেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করছেন কবির বাবু। নাটকে অভিনয় করেছেন শামীম জামান। কথা হলো তাঁর সঙ্গে। ‘জামাই মেলা’ নাটকে আপনার সাজটা বেশ অদ্ভুত। এই গেটআপটা কীভাবে নিয়েছেন?নাটকের পাণ্ডুলিপিতে ‘কুঁইজা মিনহাজ’ নামের একটা চরিত্র আছে। শুরুতেই চরিত্রটি আমাকে আকর্ষণ করেছে। এই চরিত্রকে একটু আলাদাভাবে উপস্থাপন করার জন্য একজন দন্ত বিশেষজ্ঞের কাছে যাই। তিনি আমাকে বিশেষ ধরনের উঁচু দাঁত তৈরি করে দিলেন। তারপর কুঁজো হওয়ার জন্য একজন দর্জির সহযোগিতা নিয়েছি। তিনি টুকরো কাপড় দিয়ে বালিশের মতো তৈরি করে দিলেন। কুঁজো হওয়ার জন্য তা পিঠের সঙ্গে বেঁধে রাখি। তারপর এগুলো ব্যবহার করে আয়নার সামনে দাঁড়িয়ে ১৫ দিন মহড়া করেছি। এভাবেই শুটিংয়ের জন্য নিজেকে ভিন্নভাবে তৈরি করেছি।কুঁজো হয়ে অভিনয় করতে কেমন লাগছে?কুঁজো হয়ে অভিনয় করতে করতে একসময় পিঠে ব্যথা শুরু হয়ে যায়। এই নাটকে অভিনয়ের জন্য এখন আমাকে প্রায়ই চিকিৎসকের কাছে যেতে হয়। নিয়মিত ওষুধ খাচ্ছি। নিজের একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু যখন দেখি দর্শক আনন্দ পাচ্ছে, নাটকটা উপভোগ করছে—তখন খুব ভালো লাগে। এখন অনেকেই আমাকে ‘কুইজা মিনহাজ’ বলে ডাকে। আর এতে আমি খুব আনন্দ পাই।নাটকের ভাষা নিয়ে কিছু বলুন।শুরুর দিকে নাটকের সংলাপে পাবনার আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছিল। আমার কাছে মনে হলো, নাটকে রাজশাহী অঞ্চলের ভাষা কম ব্যবহার হয়। তাই নাট্যকার ও পরিচালকের সঙ্গে আলোচনা করে আমার সংলাপগুলোতে রাজশাহী আঞ্চলিক ভাষা ব্যবহার করি। এখন দেখছি দর্শক তা বেশ পছন্দ করছে।মঞ্চের খবর কী?আমি তো আরণ্যক নাট্যদলের সদস্য। টিভি নাটকের ব্যস্ততার কারণে এবং বিদ্যাসাগর-এ কাজ করতে পারিনি। তবে আরণ্যকের সংক্রান্তি ও ময়ূর সিংহাসন নাটকে নিয়মিত অভিনয় করছি। কদিন আগেই আমরা কলকাতায় গিয়ে নাটক করে এলাম। বিনোদন প্রতিবেদক