আয়ারল্যান্ড ম্যাচের আগেও অনেক ভাবনা
দুঃসংবাদ ছড়াতে সময় লাগে না। শফিউল ইসলামের কাঁধে চোট পাওয়ার খবরও কাল মুহূর্তেই ছড়িয়ে গেল স্টেডিয়ামে। দুঃসংবাদের মধ্যে আরেক দুঃসংবাদ—ইমরুল কায়েসও নাকি ব্যথা পেয়েছেন হাতে! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মেডিকেল রুমের সামনে সাংবাদিকদের কৌতূহলী পায়চারি। সবার মধ্যে টেনশন। বিশ্বকাপটাই শেষ হয়ে গেল না তো কারও!সকালের টেনশন দুপুর নাগাদই স্তিমিত। বাংলাদেশ দল স্টেডিয়াম ছাড়ার আগেই সবাই জেনে গেল, শফিউল বা ইমরুল কারও চোটই গুরুতর নয়। কারও চোটের সমাধানের জন্যই ফিজিও মাইকেল হেনরি বিসিবির চিকিৎসকদের কাছে যাননি। কাজেই দুশ্চিন্তার কিছু নেই। সমস্যা জটিল হলে বা এক্স-রে এবং এমআরআইর প্রয়োজন হলেই কেবল ডাক পড়ে চিকিৎসকদের। সেসব যখন লাগেনি, ফিজিওই নিশ্চয়ই সমাধান দিয়ে দিয়েছেন সমস্যার।বিকেলে দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলে সেটাই জানা গেল। ক্যাচ প্র্যাকটিসের সময় পড়ে গিয়ে ডান কাঁধে চোট পাওয়া শফিউলকে বরফ চিকিৎসা দিয়েছেন ফিজিও। তার আগে দুবার ম্যাসাজ করা হয়েছে চোটের জায়গায়। শফিউলের দৃঢ়বিশ্বাস, এই চোট আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে বাধা হবে না, ‘আজ (গতকাল) রাতটা গেলেই সব পুরোপুরি বোঝা যাবে। সামান্য ব্যথা থাকলেও ফোলা-টোলা নেই। মনে হয় না সমস্যা হবে। ম্যাচ খেলতে পারব আশা করি।’ আর ইমরুল তো চোটের কথা বলতে গিয়ে হেসেই দিলেন, ‘আরে কিছুই হয়নি...নেটে ব্যাটিংয়ের সময় ডান কনুইতে বল লেগেছে। বরফ দেওয়ার পর এখন একদম স্বাভাবিক। কাল (আজ) সকালেই ব্যাটিং করব।’বিশ্বকাপের পঞ্চম দিন পর্যন্তও চোটমুক্ত বাংলাদেশ। যদিও ঘরের মাঠের বিশ্বকাপে বাংলাদেশ দলকে ঘিরে ‘চোট-আঘাত’-এর আলোচনাই বেশি। চোটের কারণে দলে সুযোগ না পাওয়া মাশরাফির বিশ্বকাপ সম্ভাবনা যা-ই একটু ঝুলে আছে, সেটা দলের কারও চোট পাওয়ার ওপর। কারও টুকটাক ব্যথা পাওয়ার খবরও তাই এখন তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। ছোট খবরের পিঠে চড়ে আসতে পারে অনেক বড় খবর।চোট-আঘাত নিয়ে চিন্তাটা অবশ্য দলের বাইরেই বেশি। নইলে এই মুহূর্তে বাংলাদেশ দলের সব চিন্তাই আয়ারল্যান্ডের বিপক্ষে কালকের ম্যাচ নিয়ে। আয়ারল্যান্ডের নিয়াল ও’ব্রায়েন বাংলাদেশের উৎসব মাড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন। অভিজ্ঞতায় ছোট হলেও প্রতিপক্ষ হিসেবে তাদের ছোট করে দেখার উপায় নেই তাই। কাল অনুশীলন শেষে মুশফিকুর রহিম হয়তো সে কারণেই পাল্টা হুমকিটা দিলেন একটু বিনয়ী থেকে, ‘তারা (আয়ারল্যান্ড) অনেক ভালো দল।্রভালো খেললে যেকোনো দলকেই হারাতে পারে। তার পরও চেষ্টা করব যেন আমাদের উৎসব নষ্ট না হয়, ওদের উৎসবই নষ্ট করতে পারি আমরা।’আয়ারল্যান্ডকে যেমন ‘ভালো দল’ বলছেন, বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান মনে করিয়ে দিচ্ছেন নিজেদের শক্তিমত্তার কথাও। বাংলাদেশের শক্তি স্পিন এবং সেই স্পিনের সামনে আইরিশ ব্যাটসম্যানরা কোমর কতটা সোজা রাখতে পারবেন, তা নিয়ে সন্দেহ মুশফিকুরের। সবার শেষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামা আয়ারল্যান্ড বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে যতই মানিয়ে নেওয়ার সুযোগ পাক, তাঁর দৃষ্টিতে সেটা কোনো সমস্যাই না, ‘আয়ারল্যান্ড আমাদের কন্ডিশনে যতই প্র্যাকটিস করুক, আমাদের বিশ্বমানের স্পিনার আছে। ওটার সঙ্গে মানিয়ে নেওয়া ওদের জন্য কঠিন হবে। আমরা আমাদের সেরা খেলা খেলতে পারলে ওরা যতই সুবিধা পাক, কিছু যায়-আসে না।’কিন্তু বাংলাদেশের আনন্দ মাটি করার ‘কৃতিত্ব’ যে আগেও দেখিয়েছে আইরিশরা! গত বিশ্বকাপের কথাই ধরুন, কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমনকি গত যুক্তরাজ্য সফরেও তো দুই ম্যাচের একটাতে তাদের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে! সেসব অভিজ্ঞতা এবারের বিশ্বকাপ ম্যাচের আগেও মাথায় আছে বলে স্বীকার করছেন মুশফিকুর। ম্যাচটা তাই বাংলাদেশের জন্য প্রতিশোধের, সঙ্গে আইরিশ ক্রিকেট শক্তির সামনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণেরও, ‘জিম্বাবুয়ের বিপক্ষে সব সময়ই আমাদের জেতার প্রত্যাশা থাকে। আয়ারল্যান্ডের বিপক্ষেও একই আশা থাকবে। আমরা যে ওদের চেয়ে অনেক ভালো দল, বড় আসরে সেটা প্রমাণ করার চ্যালেঞ্জ এখন সামনে।’মুশফিকুর যেমন বললেন, আইরিশ চ্যালেঞ্জে স্পিনই বড় শক্তি বাংলাদেশের। কালকের ম্যাচের পরিকল্পনায় তাই এক পেসার খেলিয়ে একজন বাড়তি স্পিনার নেওয়ার চিন্তা আছে। সে ক্ষেত্রে রুবেল হোসেন বা শফিউল ইসলামের জায়গা নিয়ে বিশ্বকাপ অভিষেক হয়ে যাবে মোহাম্মদ সোহরাওয়ার্দীর। সঙ্গে আগের সম্ভাবনাটা তো আছেই। তবে নাঈম ইসলামের বদলি হিসেবে কাল মোহাম্মদ আশরাফুলের সঙ্গে শোনা গেল সোহরাওয়ার্দীর নামও।প্রথম ম্যাচেই ভারতের কাছে হার। বিশ্বকাপে বাংলাদেশের টিকে থাকা এবং বাংলাদেশে বিশ্বকাপ টিকিয়ে রাখার প্রশ্নে এখন আয়ারল্যান্ড ম্যাচে জয়ের বিকল্প নেই। বাঁচা-মরার লড়াইয়ের আঁচ এসে গায়ে লাগছে, প্রতিপক্ষ ‘ছোট’ হলেও কালকের ‘বড়’ ম্যাচটার আগে একটু তো গবেষণা হতেই পারে।