দুই বছরের ব্যবধানে বড় ছেলে ও মেয়েকে হারালেন আমানত-উল্লাহ-খায়রুন নাহার দম্পতি। দুই বছর আগে ছেলে আল কাওছার মাসুদ বাবলা (২২) নিখোঁজ হওয়ার পর নরসিংদীর এক নদী থেকে উদ্ধার হয়েছিল তাঁর ক্ষতবিক্ষত লাশ। আর গত সোমবার নিখোঁজ মেয়ে আয়েশা চৌধুরী টুম্পার (১৫) লাশ শাহবাগ থানার পুলিশ উদ্ধার করেছে বুধবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি খাল থেকে। সে রাজধানীর সেগুনবাগিচার বেগম রহিমা বালিকা উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ত।ছেলের পর মেয়ের এমন হত্যাকাণ্ডে আমানতউল্লাহ-খায়রুন দম্পতি শোকে প্রায় বাক্রুদ্ধ হয়ে পড়েছেন। আমানতউল্লাহ জনশক্তি রপ্তানির ব্যবসার সঙ্গে জড়িত। গতকাল শুক্রবার দুপুরে ৬/৪ সেগুনবাগিচার গ্রিন কটেজের তৃতীয় তলায় তাঁদের বাসায় গিয়ে দেখা যায়, গভীর শোকের ছায়া, স্তব্ধতা। ওই দম্পতির চোখে-মুখে নিজেদের ও অপর সন্তানের জীবন নিয়ে শঙ্কার সুস্পষ্ট ছাপ। পুলিশের ধারণা, আয়েশাকে অপহরণ করে শ্বাসরোধে হত্যার পর লাশ ওই খালে ফেলে দেওয়া হয়। পুলিশ এ ঘটনায় আয়েশার পূর্বপরিচিত সাইদুর রহমান ও নুরউদ্দিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।মা খায়রুন নাহার বলেন, আয়েশা অষ্টম শ্রেণীতে পড়ার সময় এলাকার বখাটে যুবক নুরউদ্দিন পথেঘাটে তাকে উত্ত্যক্ত করত। তাঁর ছেলে মাসুদ এ নিয়ে একাধিকবার লোকজনের সামনে নুরউদ্দিনকে মারধর করেছিল। ওই ঘটনার পর মাসুদ নিখোঁজ হয় এবং নিখোঁজের সাত-আট দিন পর নরসিংদীর রায়পুরায় নদী থেকে তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। তিনি অভিযোগ করেন, আগে বুঝতে না পারলেও তাঁরা এখন নিশ্চিত, এই দুটি খুন নুরউদ্দিন ও সাইদ চক্রের কাজ। প্রতিশোধ নিতেই তারা পরিকল্পিতভাবে তাঁর ছেলে ও মেয়েকে খুন করেছে। তাই এখন তিনি পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ছোট ছেলে ও নিজেদের জীবন নিয়ে শঙ্কিত।শাহবাগ থানার পুলিশ ও নিহত স্কুলছাত্রী আয়েশার পারিবারিক সূত্র জানায়, ১৪ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যায় বাড়ির লোকজনের অগোচরে আয়েশা তার মায়ের মুঠোফোন নিয়ে বেরিয়ে যায়। দীর্ঘক্ষণ পরও সে বাসায় না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন এবং ওই মুঠোফোনে ফোন করে তা বন্ধ পান।আমানতউল্লাহ জানান, তাঁর দূরসম্পর্কের এক ভাগনে আয়েশাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর ছেলে সাইদুরের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে দেখার কথা জানায়। এ খবর পেয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়িতে চতুর্থ শ্রেণীর কর্মচারী কোয়ার্টারে সাইদুরদের বাসায় যান। এ সময় সে দাবি করে, রাত সাড়ে নয়টার দিকে সে আয়েশাকে সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে নামিয়ে দিয়ে এসেছে। সাইদুরের কথা বিশ্বাস না হওয়ায় তিনি তাকে ধরে শাহবাগ থানায় নিয়ে যান। আয়েশাকে খুঁজে দেওয়ার কথা জানালে পুলিশ মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়। আয়েশার সন্ধান না দেওয়ায় মঙ্গলবার রাতে তাঁর করা অপহরণ মামলায় বুধবার ভোরে সাইদুরকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ জানায়, প্রযুক্তি ব্যবহার করে তারা নিশ্চিত হয়, আয়েশার সঙ্গে থাকা মুঠোফোনটি সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে উত্তর রসুলবাগে আছে। ওই এলাকায় তার স্বজনেরা খোঁজাখুঁজির একপর্যায়ে বুধবার ভোরে সানারপাড় খালে ভাসমান অবস্থায় আয়েশার লাশ দেখেন। পরে শাহবাগ থানার পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তার গলায় শ্বাসরোধের চিহ্ন, গালে কাটা দাগ ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়েশার লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। মুঠোফোনটি উদ্ধার করা যায়নি।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, অপহরণের পর আয়েশাকে শ্বাসরোধে হত্যা করা হয়। অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি সাইদুরকে বুধবার ভোরে ও তার ঘনিষ্ঠজন নুরউদ্দিনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। সাইদুরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। নুরউদ্দিনকে গতকাল রিমান্ডে আনা হয়। সন্দেহ করা হচ্ছে, এ দুজন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।গতকাল খায়রুন নাহার প্রথম আলোকে বলেন, সোমবার বিকেলে তাঁর মুঠোফোন থেকে আয়েশা কারও সঙ্গে কথা বলেছে বলে সন্দেহ করা হয়। বিষয়টি তার বাবাকে বলা হবে জানালে সে কাউকে কিছু না জানিয়ে ওই মুঠোফোন নিয়ে বাসা থেকে বের হয়।কান্নাজড়িত কণ্ঠে খায়রুন নাহার বলেন, মেয়েকে কোথাও একা যেতে দিতেন না, স্কুলেও তিনি নিয়ে যেতেন। এলাকার বখাটে নুরউদ্দিনকে সন্দেহ করে তার কাছে মেয়ের খোঁজ জানতে চাইলে সে জানায়, আয়েশা শিববাড়ির সাইদুরের সঙ্গে গেছে। গত ঈদুল আজহার দিন আয়েশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে বেড়াতে গিয়েছিল। সেখানে সাইদুর বান্ধবীর মাধ্যমে আয়েশার ফোন নম্বর নেয়। তাঁরা জেনেছেন, পরে আয়েশার সঙ্গে সাইদুর ফোনে যোগাযোগ করত। তিনি বলেন, তিন সন্তানের মধ্যে এক ছেলে ও এক মেয়েকে সন্ত্রাসীদের হাতে প্রাণ দিতে হলো।