ই-জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ইন্টারনেট জিডি ব্যবস্থা শুরু করেছে। ডিএমপি সূত্রে জানা যায়, এ ব্যবস্থা প্রথমে উত্তরা পুলিশ স্টেশনে শুরু করা হবে এবং পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতায় আরও ৪০টি থানায় নেওয়া হবে। এখন জনসাধারণকে জিডির সঙ্গে সংশ্লিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারে, যেমন: পাসপোর্ট হারানো, সার্টিফিকেট হারানো ইত্যাদি বিষয়ে থানায় যেতে হবে না এবং কোনো অপরাধীর বিরুদ্ধে জিডি করতে গেলে অসদুপায় অবলম্বন করতে হবে না। যদি কোনো ব্যক্তির পাসপোর্ট বা কোনো ব্যাংক চেক বইয়ের প্রয়োজন হয়, তাহলে তাঁকে পুলিশ স্টেশনের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে হয়। অনেক ভিকটিম পুলিশের হয়রানির কারণে থানার কোনো কাজের সঙ্গে জড়িত হতে চান না। এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার হাবিবুর রহমান বলেন, ইন্টারনেট জিডি-ব্যবস্থার কারণে সাধারণ জনগণ অনেক ধরনের হয়রানির হাত থেকে রেহাই পাবেন। তিনি এ সম্পর্কে আরও বলেন, একমাত্র সেই ব্যক্তি এ জিডি নম্বরটি জানবেন, যিনি এ ইন্টারনেট জিডিটি করবেন। এ ইন্টারনেট জিডি-প্রক্রিয়ায় যেকোনো ব্যক্তি খুব দ্রুত পুলিশের সাহায্য নিতে পারবেন। ইন্টারনেট জিডি-ব্যবস্থা জনসাধারণের জন্য অনেক সুবিধা বয়ে আনবে। বাংলাদেশের সব নাগরিক এ সুবিধা ভোগ করতে পারবেন। পুলিশের এআইজি মোহাম্মদ শাহ্ আলম বলেন, যেসব বাংলাদেশি বিদেশে বসবাস করেন, তাঁরাও ইন্টারনেটের মাধ্যমে এ সুবিধা ভোগ করতে পারবেন। এ সুবিধা পাওয়ার জন্য www.police-govt.bd ঠিকানায় গিয়ে ‘citizens helps request'- এ লগ অন করতে হবে। যদি কারও জিডি নম্বরের প্রয়োজন থাকে এবং থানায় যেতে না চান, তাহলে তিনি ইন্টারনেট জিডি করার পর পুলিশ তাঁকে জিডি নম্বর ইন্টারনেটের মাধ্যমে পৌঁছে দেবে।ইন্টারনেট ব্যবহারকারীদের সুবিধা সীমাবদ্ধ। সরকার কি দেশের জনগণের জন্য সাইবার ক্যাফে ফ্রি ব্যবহারের সুবিধা দেবে? অথবা ইন্টারনেটের খরচ কি আরও কমিয়ে এ ব্যবস্থা সহজলভ্য করবে? যেহেতু আইন সবার জন্য সমান, সেহেতু আইনের সুবিধাও সবার জন্য সমান। আমাদের দেশের নিম্নশ্রেণীর মানুষ কীভাবে এ সুবিধা ভোগ করবে? এ সুবিধা কি আরও সহজ করে মোবাইল ফোনে আনা যেত না? এ ইন্টারনেট-ব্যবস্থার একটি ভালো সুবিধার দিক হলো, অসত্ পুলিশের টাকা খাওয়া বন্ধ কিন্তু সাইবার ক্যাফেকে কি টাকা দেওয়ার প্রয়োজন হবে না?