ই-ভোটিং মহড়ায় ভোটার উপস্থিতি ছিল কম
চট্টগ্রামে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গ্রহণের মহড়া আজ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে। নগরের ২১ নম্বর জামালখান ওয়ার্ডের আটটি কেন্দ্রে পরীক্ষামূলকভাবে সাধারণ ভোটাররা ভোট দেন। কাল শনিবারও মহড়া চলবে। তবে ভোটার উপস্থিতি কম থাকায় ভোটের আগের দিনও মহড়া করার পরিকল্পনা আছে কমিশনের।নগরের খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়, ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে সাধারণ লোকজন খুবই কম। দু-একজন নারী-পুরুষ ছাড়া কেন্দ্রে তেমন কেউ ছিলেন না। তবে যাঁরা ভোট দিতে আসেন তাঁরা বেশ উত্সাহ নিয়ে ইলেকট্রনিক বোতাম টিপে ভোট দেন। প্রতিটি কেন্দ্রে সারা দিনে শত খানেক করে ভোটার উপস্থিত ছিলেন। পরীক্ষামূলক ভোটদান পদ্ধতি ঘুরে দেখেন নির্বাচন কমিশন-সচিব মুহম্মদ হুমায়ুন কবীর ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী।এ সময় হুমায়ুন কবীর বলেন, ‘ভারতে পুরোদমে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গ্রহণ চালু করতে ৩০ বছর লেগেছে। আমরা চট্টগ্রামে সেটা স্বল্পপরিসরে শুরু করতে যাচ্ছি। এটার নানাদিক বিশ্লেষণ করে ক্রমান্বয়ে পরিধি বাড়ানো হবে।’স্বল্প ভোটার উপস্থিতি প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, ‘আজ ও আগামীকাল মহড়া হবে। প্রয়োজনে আমরা ১৬ তারিখ আবার পরীক্ষামূলক পদ্ধতিতে ভোট গ্রহণ করা যায় কি না ভেবে দেখব।’তবে কাল শনিবার মহড়ায় ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ে ভোট দিতে আসা সাগর চৌধুরী বলেন, ‘প্রচারণা কিছুটা কম ছিল, তাই হয়তো ভোটারদের উপস্থিতি কম। কিন্তু কাল (শনিবার) যেহেতু আবার মহড়া হবে আশা করি ভোটার বাড়বে।’এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জামালখান ওয়ার্ডের প্রার্থীদের মধ্যে ইলেকট্রনিক ভোটদানের পদ্ধতিসংক্রান্ত প্রচারপত্র বিলি করেছে। প্রায় পাঁচ হাজার প্রচারপত্র প্রার্থীদের দেওয়া হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. দুলাল তালুকদার। এ প্রচারপত্রের মাধ্যমে প্রার্থীরা ভোটারদের ভোটদানের নির্দেশনা দিতে পারবে বলে কমিশন মনে করছে।