ইঁদুরের গান! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাখির মতো উড়তে পারে না, তবে পাখির মতো গান গাওয়ার ক্ষমতা রয়েছে ইঁদুরের। যুক্তরাষ্ট্রের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী মানুষ ও পাখির মতো আশপাশ থেকে শোনা শব্দ বা গান শিখে নেওয়ার ক্ষমতা রয়েছে ইঁদুরের। তবে ইঁদুরের গান শুনতে পাওয়া বেশ দুষ্কর। ইঁদুর মাত্র ৫০ থেকে ১০০ কিলোহার্টজ কম্পাঙ্কে গান গায় বলে মানুষের কান পর্যন্ত তা পৌঁছে না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকদের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।‘প্লস ওয়ান’ সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে গবেষকরা জানিয়েছেন, কয়েকটি পুরুষ ইঁদুর যখন একজোট হয়, তখন তারা গলা মিলিয়ে গান করতে শেখে। গান বা শব্দ শেখার ক্ষেত্রে আচরণ ও মস্তিষ্কঘটিত বিষয়গুলোতে মানুষ ও পাখির সঙ্গে ইঁদুরের মিল রয়েছে বলেও জানিয়েছেন গবেষকেরা। তবে এ বিষয়টির যথেষ্ট প্রমাণ না থাকায় এ নিয়ে আরেক দল গবেষক অবশ্য একমত নন। এর আগে অন্য একটি গবেষণার ফল হিসেবে গবেষকেরা জানিয়েছিলেন, মিলনের সময় হলে ইঁদুর জটিল শব্দে গান গায়, যা সঙ্গীকে আকৃষ্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।দীর্ঘদিন ধরেই গবেষকেরা ধারণা করছিলেন, ইঁদুর আশপাশ থেকে শোনা শব্দ শিখতে পারে। ‘ভোকাল লার্নিং’ বা কথা শেখার এ বিষয়টি প্রকৃতিতে খুব কম প্রাণীর মধ্যেই সীমাবদ্ধ। তোতা, ময়নাসহ গানের পাখির পাশাপাশি তিমি, ডলফিন, সিন্ধুঘোটক, বাদুড় ও হাতির মধ্যেই এ বৈশিষ্ট্য দেখা যায়। যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, ইঁদুরের মধ্যেও কথা শেখার মতো মস্তিষ্কের গঠন ও আচরণগত মিল রয়েছে। বাইরে থেকে শোনা গান বা শব্দ মানুষের মতোই ইঁদুরের মস্তিষ্কে গৃহীত হয়। তবে মানুষ বা পাখির মতো কথা শেখার বৈশিষ্ট্য ইঁদুরের মধ্যে আছে কি না, তা নিয়ে এখনো প্রমাণ হাজির করতে পারেননি তাঁরা। গবেষক এরিক জার্ভিস জানিয়েছেন, শব্দ শেখার ক্ষেত্রে মানুষ বা পাখির চেয়ে ইঁদুরের ক্ষমতা কম।এর আগে টেলিগ্রাফ অনলাইন ২০১০ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে জানিয়েছিল, জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জিনগত রূপান্তরের মাধ্যমে পরীক্ষাগারে এমন ইঁদুরের বংশ বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন, যারা পাখির মতো গান গাইতে পারে। গবেষকেরা আশা করছিলেন, পাখির মতোই ভাষা শিখে ভবিষ্যতে ইঁদুরও গান গাইতে সক্ষম হবে। গবেষকেরা প্রাণীর রূপান্তর প্রক্রিয়ায় বিবর্তনের প্রভাব বিষয়টি নিয়ে গবেষণা করার সময় এ ধরনের ইঁদুর পেয়ে যান।গবেষক আরিকুনি উচিমুরা সে সময় জানিয়েছিলেন, রূপান্তর হলো বিবর্তনের চালিকাশক্তি। জিনগত পরিবর্তন ঘটিয়ে গান শিখতে পারে, এমন ইঁদুর তৈরি করা সম্ভব। গবেষকরা জানিয়েছেন, ইঁদুর সাধারণত বিপদে না পড়লে বা মিলনের সময় ছাড়া শব্দ করে না। তবে পুরুষ ইঁদুর একজোট হলেই একসঙ্গে একই সুর আয়ত্ব করার চেষ্টা করে।