এবার ইংরেজির ফল ভালো। গণিতে অকৃতকার্যের হার কম। এর প্রভাব পড়েছে সামগ্রিক ফলাফলে। শিক্ষা বোর্ডে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পাসের হার বেড়ে যাওয়ার অন্যতম কারণ এটি। অন্য বছর ইংরেজি ও গণিতে অকৃতকার্যের হার বেশি থাকে। পাসের গড় হার নির্ধারণে এ দুটি বিষয় প্রধান ভূমিকা পালন করে। কিন্তু এবার সেই চিত্র পাল্টে গেছে।ঢাকা বোর্ডের কম্পিউটার কেন্দ্র সূত্রে জানা যায়, ইংরেজি দুই পত্রে এ বছর পাসের হার ৮৭.০৭ শতাংশ। ২০০৯ সালে এই হার ছিল ৭৪.৩৯ শতাংশ। গত বছরের তুলনায় ইংরেজিতে পাসের হার বেড়েছে ১২.৬৯ শতাংশ।অন্যদিকে গণিতে গত বছর পাসের হার ছিল ৮৬.৯১ শতাংশ। এ বছর ওই হার ৮৮.০৩ শতাংশ।শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকা ছাড়া অন্য সব বোর্ডেও ইংরেজি ও গণিতে পাসের হার বেশি। এর প্রভাব পড়েছে সামগ্রিক ফলাফলে।ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, ইংরেজি ও গণিত পাস-ফেলের যে মূল নিয়ামক ও নির্দেশক তা বলার অপেক্ষা রাখে না। তিনি আরও বলেন, এ দুটি বিষয় ঘিরে শিক্ষার্থীদের ভয়-আতংক থাকে বেশি। সাম্প্রতিক সময়ে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা ইংরেজি ও গণিত বিষয়ে খুবই যত্নবান। শিক্ষা প্রশাসনও এ দুটি বিষয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছে। সব মিলিয়ে এক ধরনের ইতিবাচক ধারা তৈরি হয়েছে। জানা যায়, এ দুটি বিষয়ে সাধারণ শিক্ষার্থীর মেধা বিবেচনায় রেখে এবার প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছিল। তা ছাড়া খাতা দেখার বেলায় পরীক্ষকদের খুব বেশি কঠোর না হওয়ারও পরামর্শ ছিল।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘এখন নকল করার সুযোগ নেই। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সবাই বুঝতে পেরেছে, ইংরেজি ও গণিত ভালোভাবে শিখতে হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করেছে, পরীক্ষা ভালো দিয়েছে। তাই ফল ভালো হওয়াটাই স্বাভাবিক। এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।