ইংরেজি ও গণিতে ভালো করায় ফলও ভালো, পিছিয়ে গ্রামের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার অতীতের যেকোনো পাবলিক পরীক্ষার চেয়ে ভালো ফল হয়েছে। শতকরা ৯৭ ভাগেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তবে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা অপেক্ষাকৃত পিছিয়ে পড়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগের দুটি সমাপনী পরীক্ষায় কঠিন বিষয়খ্যাত গণিত ও ইংরেজিতে তুলনামূলক খারাপ করায় পাসের হার কম ছিল। এবার এই দুই বিষয়ে ভালো করায় ফলও ভালো হয়েছে।এ প্রসঙ্গে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রথম আলোকে বলেন, আগের দুই পরীক্ষায় দেখা গেছে, গণিত ও ইংরেজিতেই বেশি শিক্ষার্থী ফেল করেছে। এবার তুলনামূলকভাবে এই দুটি বিষয়ে ভালো করেছে শিক্ষার্থীরা। শ্যামল কান্তি ঘোষ বলেন, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক—সবার মধ্যে প্রতিযোগিতার মনোভাবও বেড়েছে। সবাই চাইছে ভালো ফল করতে। এই প্রতিযোগিতার মনোভাবও ফল ভালো হওয়ার অন্যতম কারণ। তবে ইংরেজি ও গণিতের বাইরে অন্যান্য বিষয়েও কোনো কোনো শিক্ষার্থী ফেল করে। আগের দুটি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ২০০৯ সালে যখন প্রথমবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হয়, তখন গণিত বিষয়ে পাসের হার ছিল ৯০ দশমিক ৫৭ শতাংশ, আর ইংরেজিতে ৯৪ শতাংশ। তখন গড় পাসের হার ছিল ৮৮ দশমিক ৮৪ শতাংশ। এবার গণিত বিষয়ে পাসের হার বেড়ে হয়েছে ৯৮ দশমিক ১৯ শতাংশ। আর ইংরেজিতে ৯৯ দশমিক ১৮ শতাংশ। গতবার গণিতে পাসের হার ছিল ৯৫ দশমিক ৫৮ শতাংশ, আর ইংরেজিতে ৯৫ দশমিক ৭০ শতাংশ। অর্থাৎ গত দুই বছরের তুলনায় এবার এই দুই বিষয়েই পাসের হার বেড়েছে। তবে অন্যান্য বিষয়ের তুলনায় এবারও গণিতেই পাসের হার কম।পাসের হার বাড়লেও প্রথমবারের মতো গ্রেড পদ্ধতি চালু হওয়ায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীর তুলনায় কম বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এবার মোট অংশগ্রহণকারী ২১ লাখ ৮৫ হাজার ৭৪৭ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ পাঁচ হাজার ৬৭৩ জন শিক্ষার্থী, যা মোট শিক্ষার্থীর ৪ দশমিক ৯৭ শতাংশ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, প্রথমবার চালু হওয়ায় জিপিএ-৫ এবার তুলনামূলক কম হয়েছে। অধিদপ্তরের একটি সূত্র বলেছে, গ্রেড পদ্ধতি প্রথমবার হওয়ায় নম্বর দেওয়ার ক্ষেত্রে অনেক পরীক্ষক আগের মতোই বিভাগের কথা মাথায় রেখে নম্বর দিয়েছেন। এর ফলে জিপিএ-৫ কমেছে। পিছিয়ে গ্রামের শিক্ষার্থীরা: গতবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সারা দেশে সবার সেরা হয়েছিল টাঙ্গাইল সদর উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আল ইয়াসা। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছিল মাদারীপুর জেলার রাজৈর উপজেলার রাজৈর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া হাসান ও টাঙ্গাইল সদর উপজেলার সৃষ্টি একাডেমিক স্কুলের ছাত্র মো. নাঈমুর রহমান নাঈম। যুগ্মভাবে তৃতীয় হয় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সপ্তর্ষি চন্দ ও নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র তানভীর আনজুম সাধ। কিন্তু এবার গ্রেড পদ্ধতিতে ফল প্রকাশ হওয়ায় দেখা যাচ্ছে, পাসের ক্ষেত্রে শীর্ষস্থানীয় বিদ্যালয়গুলোর মধ্যে গ্রামের কোনো বিদ্যালয় নেই। জাতীয়ভাবে সেরা ২০টি বিদ্যালয়ের তালিকায় ১৭টি বিদ্যালয়ই ঢাকায় অবস্থিত। এর মধ্যে শীর্ষে অবস্থান করছে ঢাকার মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ। এই বিদ্যালয়ে এক হাজার ৯৯৪ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৪৩৮ জন। পাসের হার শতভাগ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। সেরা ২০টি বিদ্যালয়ের মধ্যে ঢাকার বাইরে যে তিনটি বিদ্যালয় স্থান করতে পেয়েছে, সেগুলোও শহর এলাকায় অবস্থিত। এর মধ্যে সপ্তম স্থানে থাকা কুমিল্লা মডার্ন স্কুল কুমিল্লা সদরে। ১৪তম স্থানে থাকা চট্টগ্রামের বিএন স্কুল অ্যান্ড কলেজ বন্দর এলাকায় এবং খুলনা জিলা স্কুলও খুলনা জেলা সদরে অবস্থিত।তবু ফেল! এবার পাসের হার অনেক বেশি হলেও কেবল প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ই ফেল করেছে ৫৯ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী। অন্যদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ফেল করেছে ২৩ হাজার ৭৩৭ জন। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন, এদের সিংহভাগই ঝরে যাবে।আনন্দ স্কুলের দুরবস্থা: বিশ্বব্যাংকের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত হয় আনন্দ স্কুল। এসব বিদ্যালয় নিয়ে সব সময়ই নানা ধরনের অনিয়মের অভিযোগ আছে। এবারও দেখা যাচ্ছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সারা দেশের মোট ৩৭১টি শূন্য পাস বিদ্যালয়ের মধ্যে ১৭৯টিই আনন্দ স্কুল। বাকি শূন্য পাস বিদ্যালয়গুলোর মধ্যেও রয়েছে এনজিও পরিচালিত ১০৪টি বিদ্যালয়, সরকারি সাতটি, রেজিস্টার্ড বেসরকারি ২১টি, কিন্ডারগার্টেন ২২টি, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ১১টি ও নন-রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ২৭টি। এবার সব শিক্ষার্থী পাস করেছে এমন বিদ্যালয়ের সংখ্যা ৬৮ হাজার ৬২৯টি। এর মধ্যে সবচেয়ে বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৯ হাজার ২৮৩টি। ছেলে-মেয়েরা সমানে সমান: এবার মোট ২১ লাখ ৮৫ হাজার ৭৪৭ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১০ লাখ ৭৫৭ জন এবং ছাত্রী ১১ লাখ ৮৪ হাজার ৯৯০ জন। সংখ্যায় ছাত্রী বেশি হলেও পাসের হারে ছেলে ও মেয়েরা প্রায় সমানে সমান। ছাত্রদের পাসের হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ আর ছাত্রীদের ৯৭ দশমিক শূন্য ৮ শতাংশ। ছাত্ররা সামান্য এগিয়ে থাকলেও মেয়েরাও কাছাকাছি অবস্থান করছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও ভালো করেছে: এবার সারা দেশে বিশেষ চাহিদাসম্পন্ন (অন্ধ, বধিরসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিশু) চার হাজার ৫৩৯ জন শিক্ষার্থী তালিকাভুক্ত হয়ে পরীক্ষায় অংশ নেয় চার হাজার ২৮৭ জন। এর মধ্যে চার হাজার ১৪৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গড় পাসের হার ৯৬ দশমিক ৬৪ শতাংশ। এতে দেখা যাচ্ছে, এসব বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও ভালো ফল করেছে। পরীক্ষার ফলাফল তৈরির সঙ্গে সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. ফসিউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরাও তাদের ভালো ফলাফলে আশ্চর্য হয়েছি।’উল্লেখ্য, পরীক্ষার হলে প্রতিবন্ধী পরীক্ষার্থীরা বাড়তি ১৫ মিনিট সময় পায়।