ইংরেজি নববর্ষ: অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি নববর্ষের প্রাক্কালে আগামীকাল শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঢাকা মহানগর পুলিশ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে নগরবাসীর প্রতি সাধারণ কিছু নির্দেশনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।বিজ্ঞপ্তিতে নববর্ষের প্রাক্কালে রাস্তার মোড়, উড়ালসেতু কিংবা রাস্তায় কোনো ধরনের জমায়েত বা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ সময় কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বহনও নিষিদ্ধ করেছেন কমিশনার।এ ছাড়া কাল শুক্রবার রাত ১১টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসরতদের বাসস্থানে ফেরার অনুরোধ জানিয়েছে পুলিশ। এরপর ক্যাম্পাসে ঢুকতে হলে পুলিশকে পরিচয়পত্র দেখাতে হবে। শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে শনিবার ভোর পাঁচটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার জন্য শাহবাগ, হাইকোর্ট, নীলক্ষেত ও ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশের রাস্তাগুলো খোলা থাকবে। বাকি পথগুলো বন্ধ করে দেওয়া হবে।গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যাঁরা বাস করেন না, শুক্রবার রাতে তাঁদের ওইসব এলাকায় না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে শনিবার ভোর পাঁচটা পর্যন্ত এসব এলাকায় ঢোকার জন্য তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ফিনিক্স রোড ক্রসিং, আমতলী ক্রসিং, কাকলী ক্রসিং, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং খোলা থাকবে। অন্য পথগুলো বন্ধ করে দেবে পুলিশ।এ ছাড়া এ সময় বেপরোয়া গাড়ি-মোটরসাইকল চালনা, পটকা-আতশবাজি পোড়ানো, নারীদের সঙ্গে অশালীন আচরণ ইত্যাদি না করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।