ইংরেজি পরীক্ষা দিয়ে কাঁদছে যশোর বোর্ডের শিক্ষার্থীরা
চলমান উচ্চমাধ্যমিক পরীক্ষায় যশোর বোর্ডের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র কঠিন হয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। ফলে শিক্ষার্থীরা আশানুরূপ ফল না হওয়ার আশঙ্কা করছে। প্রশ্নপত্র কঠিন হওয়ার কথা স্বীকার করেছে বোর্ডও। শিক্ষার্থী ও অভিভাবকেরা বলছেন, এর জেরে উচ্চশিক্ষার জন্যও প্রত্যাশিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে না। শিক্ষকেরা বলছেন, কঠিন প্রশ্নপত্রের কারণে বোর্ডের গড় পাসের হারেও প্রভাব পড়তে পারে।১০ এপ্রিল ইংরেজি প্রথম পত্র ও ১২ এপ্রিল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। যশোর বোর্ডের অধীনে এবার এইচএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা ৮৭ হাজার ৮৪০ জন।শিক্ষার্থীদের অভিযোগ, দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বেশি কঠিন হয়েছে। খুলনার দৌলতপুরে বাড়ি খুলনা পাবলিক কলেজের এক পরীক্ষার্থী বলে, ‘পরীক্ষা দিয়ে খুব হতাশ হয়ে গেছি। কঠিন প্রশ্নপত্রের কারণে পরীক্ষা ভালো হয়নি। ফলও খারাপ হবে। ইচ্ছা ছিল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ব। কিন্তু সেখানে এখন ভর্তি পরীক্ষা দিতে পারব কি না, তা নিয়েই চিন্তায় আছি।’ একই আশঙ্কা কলেজের আরেক শিক্ষার্থীর।যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া মডেল কলেজের এক শিক্ষার্থী বলে, ‘প্রথম পত্রের প্রশ্ন একটু কঠিন ছিল। কিন্তু দ্বিতীয় পত্রের প্রশ্ন একেবারেই অপ্রত্যাশিত ও কঠিন। লেটার মার্কস পাব না। ইংরেজিতে লেটার মার্কস না পেলে বুয়েটে পরীক্ষা দেওয়া যাবে না। জানি না কী হবে!’সূত্রমতে, এবার যশোর বোর্ডের অধীন যশোর জেলার অভয়নগর উপজেলার সিংগাড়ি আবদুল ওহাব মডেল কলেজের কেন্দ্রে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র নিয়ে যাওয়া হয়। এতে প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কায় এই বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ‘ক’ সেটের পরিবর্তে ‘খ’ সেট প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়। এই সেটের প্রশ্নপত্র কঠিন থাকায় চাপ পড়েছে শিক্ষার্থীদের ওপর।খুলনার অভিভাবক মো. নাসির উদ্দিন বলেন, ‘ছেলে এসএসসি পরীক্ষায় ভালো ফল করেছিল। আশা করেছিলাম, এইচএসসিতেও ভালো ফল করবে। স্বপ্ন ছিল ছেলেকে বুয়েটে ভর্তি করার। কিন্তু ইংরেজি পরীক্ষা দেওয়ার পর ছেলে একেবারেই ভেঙে পড়েছে। পরিবারে হতাশা বিরাজ করছে।’অভয়নগর উপজেলার নওয়াপাড়া মহিলা কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক সাহাদাত আলম বলেন, ‘প্রথম পত্রের পরীক্ষা একটু কঠিন হয়েছিল। ধারণা করেছিলাম, একটু সহজ হলে দ্বিতীয় পত্রের পরীক্ষায় পরীক্ষার্থীরা পুষিয়ে নেবে। কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন আরও কঠিন হয়েছে। গত কয়েক বছরের মধ্যে যশোর বোর্ডে এমন কঠিন প্রশ্ন হয়নি। দুই পত্র মিলিয়েও ইংরেজিতে খুব বেশিসংখ্যক পরীক্ষার্থী পাস করবে বলে মনে হয় না।’খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর-মধুগ্রাম কলেজের উপাধ্যক্ষ ফারুক আলম বলেন, ‘ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন হাতে পেয়ে পরীক্ষার হলে তাদের অন্তত ২০ জন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। অনেকে নির্ধারিত সময়ের আগেই উত্তরপত্র জমা দিয়ে কাঁদতে কাঁদতে কেন্দ্র থেকে বেরিয়ে গেছে।’বোর্ড কর্তৃপক্ষ কঠিন প্রশ্নপত্রের জন্য প্রশ্নপত্র-প্রণেতা ও নিয়ন্ত্রকদের (মডারেটর) দায়ী করেছেন। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম প্রথম আলোকে বলেন, ‘সাধারণ, মাঝারি ও অতিমেধাবী শিক্ষার্থীদের সহায়ক এমন প্রশ্নপত্রই করার কথা। কিন্তু প্রশ্নপত্র-প্রণেতা ও নিয়ন্ত্রকেরা (মডারেটর) সে নিয়ম মানেননি। ইংরেজির প্রশ্ন কঠিন হয়েছে। বিষয়টি আমি চেয়ারম্যান মহোদয়কে জানিয়েছি। এসব প্রশ্নপত্র-প্রণেতা ও নিয়ন্ত্রকদের (মডারেটর) আগামীতে কোনো কাজে লাগানো হবে না।’যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল বাশার মোল্যা প্রথম আলোকে বলেন, ‘ইংরেজি দুই পত্রের প্রশ্নই কঠিন হয়েছে। আন্তবোর্ড চেয়ারম্যানদের বৈঠকে আমি বিষয়টি তুলব। আমরা চেষ্টা করছি, ভালো শিক্ষকদের দিয়ে উত্তরপত্রগুলো মূল্যায়নের জন্য। যদি দেখা যায়, ব্যাপকহারে ছাত্রছাত্রী ফেল করছে, তবে সে ক্ষেত্রে একটা কমন মার্কস গ্রেস দেওয়া যায় কি না, সে বিষয়টাও আমরা বিবেচনায় রেখেছি।’আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, ‘সৃজনশীল বিষয়ের প্রশ্নপত্র হয়ে থাকে আন্তবোর্ডের মাধ্যমে। কিন্তু অন্য বিষয়ের প্রশ্নপত্র হয় বোর্ডগুলোর নিজস্ব ব্যবস্থাপনায়। এ জন্য এ বিষয়ে আন্তবোর্ডের খুব একটা কিছু করার সুযোগ নেই।’