ইংরেজি বিভাগের প্রধানকে অব্যাহতি
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি বিভাগের প্রধান মো. আতীউল্লাহকে বিভাগীয় প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন প্রথম আলো ডটকমকে সিন্ডিকেট সভায় গৃহীত এসব সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। এদিকে জরুরি সিন্ডিকেট সভায় গৃহীত এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আগামীকাল রোববার থেকে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সিন্ডিকেট সূত্র জানায়, ইংরেজি বিভাগের প্রধানের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ওই বিভাগে সৃষ্ট অচলাবস্থা নিয়ে আজ শনিবার সকালে জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়। সিন্ডিকেট সভায় মো. আতীউল্লাহকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া মো. আতীউল্লাহর বিরুদ্ধে বিভাগের শিক্ষার্থীদের অভিযোগসহ সার্বিক পরিস্থিতির পূর্ণাঙ্গ তদন্তে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবালকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, সমাজকর্ম বিভাগের অধ্যাপক তুলসী কুমার দাস, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জাকির হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক শরীফ মো. শরাফ উদ্দিন ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক। কমিটিকে আগামী ১৭ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আবদুর রহিমকে ইংরেজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। বৈঠক শেষে সিন্ডিকেট সদস্যরা বেরিয়ে এসে এ ঘোষণা দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন। পরে শিক্ষার্থীরা আগামীকাল রোববার থেকে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দেন। গত ২ সেপ্টেম্বর ইংরেজি বিভাগের প্রধান মো. আতীউল্লাহর বিরুদ্ধে ক্লাস-পরীক্ষা পেছানো, ফলাফল প্রকাশে বিলম্ব ও ‘ইংলিশ কাউন্সিল’-এর অর্থ আত্মসাত্সহ ১৬টি অভিযোগ এনে তাঁকে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। ৩ সেপ্টেম্বর থেকে অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা।