ইংরেজি গুরুত্বপূর্ণ একটি ভাষা। বিশ্বায়নের এই যুগে নিজেদের উন্নয়নের জন্যই ইংরেজি ভাষা শেখার প্রয়োজন। এই প্রয়োজনীয়তার কারণেই ২০০৭ সালে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ডিএফআইডি ও ইউকেএআইডির উদ্যোগে শুরু হয়েছিল ‘ইংলিশ ইন অ্যাকশন’ প্রকল্প। বিবিসি জানালা এই প্রকল্পেরই একটি বর্ধিত রূপ—যার মাধ্যমে ইংরেজির মতো একটি ভাষা খুব সহজেই মোবাইল ফোন, সংবাদপত্র, টেলিভিশন ও ওয়েবসাইটের মাধ্যমে মানুষ রপ্ত করতে পারছে। নিজেদের দক্ষতার জন্যই অনেকেই তা অনুশীলন করছে। দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলোতে বেশ কিছুদিন ধরেই বিবিসির সঙ্গে যৌথ উদ্যোগে সপ্তাহে তিন দিন প্রকাশিত হচ্ছে বিবিসি জানালার ইংরেজি শিক্ষার লেসন।
ইংরেজি শিক্ষার জন্য প্রথম আলোতে প্রকাশিত বিবিসি জানালার লেসনগুলোর প্রতি মানুষের আগ্রহ উপলব্ধি করে প্রথমা প্রকাশন ও বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট যৌথ উদ্যোগে প্রকাশ করেছে এ পর্যন্ত প্রকাশিত ‘প্রয়োজনীয় ইংরেজি’ ও ‘কর্মক্ষেত্রে ব্যবহূত ইংরেজি’র একটি সংকলন। আজ বুধবার প্রথম আলো কার্যালয়ে এই সংকলনটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত সবাই একবাক্যে স্বীকার করলেন, বিবিসি ও প্রথম আলোর এই যৌথ উদ্যোগ বাংলাদেশের মানুষকে নিয়ে যাবে ইংরেজি শিক্ষার অনেক কাছে।তুলনামূলক স্বল্পমূল্যের এই ইংরেজি শিক্ষার সংকলনটির প্রথম ১০ হাজার কপির প্রতিটির সঙ্গে বিনামূল্যে দেওয়া হচ্ছে ইংরেজি লেসনের দুটি অডিও সিডি। বইটি পাওয়া যাবে দেশের প্রায় সব সংবাদপত্র বিক্রয়কেন্দ্রে।মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর শারলাউ ইমবার্ট, একই প্রতিষ্ঠানের এশিয়া অঞ্চলের পরিচালক ক্যারোলাইন হাউই ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, ‘ইংরেজি ভাষা শিক্ষার জন্য অনুশীলন খুবই জরুরি। আর এই ইংরেজি অনুশীলনের জন্য বিবিসি ট্রাস্ট ও প্রথম আলোর উদ্যোগটিকে আমি স্বাগত জানাই।’ তিনি বলেন, ‘মানুষ একটি ভাষা শেখে তখনই, যখন সেই ভাষাটা তার দরকার পড়ে। ইংরেজিটা আমাদের খুবই দরকার। ইংরেজি শিখে আমাদের বিশ্বায়নের দৌড়ে অংশ নিতে হবে।’বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর শারলাউ ইমবার্ট বলেন, ‘বিবিসি জানালা এ দেশের সাধারণ মানুষকে নতুন নতুন উপায়ে ইংরেজি শিখতে সাহায্য করছে। মোবাইল, ওয়েবসাইট, টেলিভিশন, অডিও সিডি ও সংবাদপত্রে প্রকাশিত লেসনের মাধ্যমে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি আমরা। তারই ধারাবাহিকতার ফল এ বইটি। আগ্রহী যে কেউ এর মাধ্যমে ইংরেজি শেখার প্রচেষ্টা কার্যকরভাবে অব্যাহত রাখতে পারবে। ইংরেজি শেখার পথে এগিয়ে যাবে আরও এক ধাপ।’বিবিসি ট্রাস্টের এশিয়া অঞ্চলের পরিচালক ক্যারোলাইন হাউই এই উদ্যোগের জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বিবিসি জানালা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের কাছে ইংরেজি পৌঁছে দেওয়ার চমত্কার একটি মাধ্যম।’প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বাংলাদেশের মানুষের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধিতে ভবিষ্যতে প্রথম আলো বিবিসি ট্রাস্টের সঙ্গে যৌথভাবে আরও অনেক কিছু করবে বলে জানান। তিনি বলেন, ‘এই বই স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের ইংরেজি অনুশীলনের জন্য সহায়ক হবে। দুটো সিডিসহ এ বই অপেক্ষাকৃত কম দামে পাঠকের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। এ বইয়ের লেসনগুলো সর্বস্তরের পাঠকের কথা ভেবে তৈরি করা হয়েছে। এ বই পাঠের মাধ্যমে তারা আন্তর্জাতিকভাবে যোগাযোগের ভাষা ইংরেজি বিষয়ে আরও সক্ষম হয়ে উঠবে বলে আমি মনে করি। বিবিসি জানালার লেসনগুলো বাংলাদেশ ও যুক্তরাজ্যের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর সম্মিলিত উদ্যোগে তৈরি করা। প্রকাশিত বইয়ের পাশাপাশি বিবিসি জানালার লেসনগুলো আগের মতোই দৈনিক প্রথম আলোতে পাওয়া যাবে।’এরই মধ্যে বিবিসি জানালার ‘প্রয়োজনীয় ইংরেজি’ ও ‘জীবন-জীবিকার ইংরেজি’র (কর্মক্ষেত্রে ব্যবহূত ইংরেজি) জনপ্রিয় লেসনগুলো নিয়ে বের হয়েছে মোট তিনটি অডিও সিডি।