ইংরেজি শেখার বাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাহিনিটা বলেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। রাজধানীতে একটি ভর্তি পরীক্ষার সাক্ষার্যাকার পর্বে পার্বত্য চট্টগ্রামের একজন নারী শিক্ষার্থী তাঁর সঙ্গে বেশ সাবলীলভাবে ইংরেজিতে কথা বলেছিলেন। অবাক বিস্ময়ে ওই শিক্ষক তাঁর কাছে জানতে চেয়েছিলেন, প্রত্যন্ত এলাকায় থেকেও তিনি কীভাবে ইংরেজি শিখলেন। তাঁর জবাব ছিল, প্রথম আলো থেকে।শিক্ষক আবার প্রশ্ন করেন, বাংলা পত্রিকা প্রথম আলো থেকে ইংরেজি শিখলেন কীভাবে? তাঁর জবাব, প্রথম আলোর পড়াশোনার পাতায় প্রতি সপ্তাহে বিবিসি জানালার লেসন বের হয়, সেখান থেকে তিনি শিখেছেন।ইংরেজি শেখার আগ্রহের কথা জানা গিয়েছিল ২০০৯ সালে। ওই বছর বিবিসি মিডিয়া অ্যাকশন দেশজুড়ে একটা জরিপ চালায়। দেখা যায়, বাংলাদেশের ৮৪ শতাংশ মানুষ ইংরেজি শিখতে চান। কিন্তু শিখছেন মাত্র ২১ শতাংশ মানুষ। তাঁদের কাছে ইংরেজি বড় কঠিন। আর তাঁরা শিখবেনই বা কোথায়, সুযোগ নেই, খরচও অনেক। তাঁদের জন্যই চালু হলো বিবিসি জানালা। আর শেখার উপকরণকে আরও বেশি মানুষের কাছে সহজে পৌঁছে দিতে বিবিসি জানালা বেছে নিল দেশের সর্বাধিক পঠিত দৈনিক প্রথম আলোকে। এখন সপ্তাহে চার দিন (শনি, সোম, বুধ ও শুক্রবার) পড়াশোনা পাতায় ছাপা হচ্ছে লেসনগুলো।তিন বছর আগে এই যৌথ যাত্রা শুরু। আজ শনিবার প্রথম আলোর পড়াশোনা পাতায় বিবিসি জানালার ৫০০তম লেসন ছাপা হয়েছে। কোথা থেকে শুরু, প্রথম আলো কেন? এসব বিষয় নিয়ে কথা হয় বিবিসি মিডিয়া অ্যাকশনের এ দেশের প্রধান (কান্ট্রি ডিরেক্টর) শার্লট ইমবার্টের সঙ্গে। তিনি বললেন, ‘প্রাথমিক আলোচনাটা শুরু করেছিল দুই দেশের সরকার। বাংলাদেশের মানুষের ইংরেজি শেখার আগ্রহ দেখে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) একটি প্রকল্প শুরুর সিদ্ধান্ত নেয়। প্রথম প্রথম মুঠোফোন, ইন্টারনেট, বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ইংরেজি শেখার আসর চলত। পরে আমরা ভেবে দেখলাম, বহু মানুষ প্রতিদিন প্রথম আলো পড়ে। আমরা কেন প্রথম আলোকে ব্যবহার করছি না। প্রথম আলোর মাধ্যমে বিবিসি জানালা দারুণ সাড়া পায়।’প্রথম আলো কীভাবে এ উদ্যোগের সঙ্গে যুক্ত হলো, এমন প্রশ্নে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘আমরা প্রথম যে বিষয়টি চিন্তা করি তা হলো, আমাদের ছেলেমেয়েরা পাঠ্যবই মুখস্থ করে, প্রশ্নের উত্তর শেখে। তাদের সৃজনশীলতার বিকাশ ঘটছে না। দ্বিতীয়ত, আমাদের ইংরেজি পুরোনো ধাঁচের। বিবিসি জানালার ইংরেজি সর্বাধুনিক ও ইন্টার্যাকটিভ। এর মাধ্যমে ছাত্রছাত্রীরা যেমন, বিভিন্ন বয়সের মানুষও তেমনি ব্যবহারিক ইংরেজিটা শিখতে পারছে।’বিবিসির ইংলিশ ইন অ্যাকশন প্রকল্পের প্রধান রিচার্ড লেস জানিয়েছেন, তাঁদের হিসাবে প্রতি সপ্তাহে অন্তত ১০ লাখ মানুষ প্রথম আলোর পড়াশোনা পাতায় বিবিসি জানালার লেসনগুলো পড়ে থাকেন। এই প্রকল্পের লক্ষ্য ছিল প্রাপ্তবয়স্কদের ব্যবহারিক ইংরেজির জ্ঞানটুকু পৌঁছে দেওয়া। বিবিসি জানালার বিভিন্ন জরিপে দেখা গেছে, প্রথম আলোর অনেক পাঠক পড়াশোনা পাতা থেকে লেসনগুলো কেটে সংরক্ষণ করেন।বিবিসি জানালার কর্মকর্তারা জানান, পাঠক সংরক্ষণ করছেন এমনটা দেখে তাঁরা বই বের করার উদ্যোগ নেন। সেই ধারাবাহিকতায় ২০১১ সালের নভেম্বরে বিবিসি জানালা ও প্রথম আলোর যৌথ উদ্যোগে প্রকাশনা সংস্থা প্রথমা থেকে ছাপা হয় বিবিসি জানালা ইংরেজি শেখার বই। এরপর বাজারে আসে আরেকটি বই বিবিসি জানালা ইংরেজি শেখার বই মজায় মজায় শেখা। বই দুটি ইতিমধ্যে ৫০ হাজার কপির বেশি বিক্রি হয়ে গেছে। আরও একটি বই আসার পথে।জানা যায়, প্রথম আলোর মাধ্যমে প্রায়ই পাঠকেরা বিবিসি জানালার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করছেন। প্রকাশিত লেসনের সঙ্গে সব ধরনের যোগাযোগের ঠিকানা দেওয়া আছে। সেখানে পাঠকেরা তাঁদের চাহিদা, মতামত জানান। মতামতে কেউ ধন্যবাদ জানান। কেউ বলেন, এত সহজ জিনিস কেন শেখানো হচ্ছে। কেউ বলেন, শুধু কথোপকথনে সীমাবদ্ধ না থেকে ছোটখাটো গল্প প্রকাশ করা যায় কি না। একজন জানিয়েছেন, তিনি বিদেশে যেতে চান, তাই তাঁর উপযোগী কিছু কথাবার্তা যেন লেসনে আসে।শার্লট ইমবার্ট জানান, ২০১৭ সাল নাগাদ প্রকল্পটি শেষ হবে। তবে তাঁরা আশাবাদী, প্রথম আলোসহ আরও যেসব প্রতিষ্ঠানের সাহায্যে মানুষ বিবিসি জানালার ইংরেজি শিখছে, সেসব প্রতিষ্ঠান এই ইংরেজি চর্চাকে এগিয়ে নিয়ে যাবে। শার্লট জানান, বিবিসি মিডিয়া অ্যাকশন সে কারণেই প্রথম আলো বন্ধুসভাকে যুক্ত করতে চায় এই উদ্যোগে।