এবারের এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার বিবেচনায় যশোর শিক্ষা বোর্ডের ফল সবচেয়ে খারাপ। গতকাল বুধবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, এই বোর্ডের ২৭ হাজার ৮১৪ জন অর্থাৎ ৩২ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী ইংরেজিতে অকৃতকার্য হয়েছেন। যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এই বোর্ডে এবার ৮৬ হাজার ৭৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। পাসের হার ৬৩ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন তিন হাজার ৩৭০ জন। ইংরেজি পরীক্ষায় অংশ নেন ৮৪ হাজার ৩৩৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেন ৫৬ হাজার ৫২৪ জন। বিজ্ঞান শাখার ৯৬ দশমিক ২৭ শতাংশ, ব্যবসায় শিক্ষার ৭৭ দশমিক ৮১ ও মানবিক শাখার ৫৭ দশমিক ৪৭ শতাংশ পরীক্ষার্থী ইংরেজি বিষয়ে পাস করেছেন। ২০১০ সালে ৭৮ হাজার ৮০১ জন পরীক্ষায় অংশ নেন। পাস করেছিলেন ৬৭ দশমিক ৭৩ শতাংশ। ২০০৯ সালে ৭৩ হাজার ২৬৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন ৭৮ দশমিক ৭৭ শতাংশ। যশোর শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আজমল গনি প্রথম আলোকে বলেন, এবার ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র একটু কঠিন হয়েছে, যার জন্য মানবিক শাখার শিক্ষার্থীরা এ বিষয়ে ততটা ভালো করতে পারেননি। ফলে পাসের হার কমে গেছে। তবে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা এ বিষয়ে ভালো করেছেন। এতে বেড়েছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা। এই বোর্ডের অধীন যশোরের অভয়নগর উপজেলার সিঙ্গাড়ি আবদুল ওহাব মডেল কলেজের পরীক্ষা কেন্দ্রে গত ১০ এপ্রিল ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র নিয়ে যাওয়া হয়। এতে প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কায় ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ‘ক’ সেটের পরিবর্তে ‘খ’ সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। এই সেটের প্রশ্নপত্র কঠিন হওয়ায় তখনই ফল বিপর্যয়ের আশঙ্কা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যশোর শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষাবিদ আমিরুল আলম খান প্রথম আলোকে বলেন, ইংরেজি গ্রামারে মানবিক শাখার শিক্ষার্থীদের বেশ দুর্বলতা রয়েছে। তাই গ্রামার শেখানোর ক্ষেত্রে শিক্ষকদের আরও দক্ষ হতে হবে। শিক্ষার্থীদের কোচিং সেন্টার থেকে ফিরিয়ে স্কুল-কলেজমুখী করতে হবে। তিনি আরও বলেন, ‘কম শিখে বেশি নম্বর পাওয়ার মন্ত্র’ কোচিং সেন্টারে শেখানো হচ্ছে, যা শিক্ষার্থীদের খুব ক্ষতি করছে। ফলে পরীক্ষার প্রশ্ন একটু ঘুরিয়ে দিলেই শিক্ষার্থীদের মাথা ঘুরে যায়। তারা ভালো ফল করতে পারে না। এবারের পরীক্ষায়ও তেমনটি ঘটেছে। যশোর ক্যান্টনমেন্ট কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক মো. মোস্তফা আলীর মতে, দাখিল পাস করা শিক্ষার্থীরা কলেজে এসে এইচএসসিতে মানবিক শাখায় ভর্তি হন। মাদ্রাসা ও মফস্বলের শিক্ষার্থীদের ইংরেজির ভিত্তি ভালো না। কারণ ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ খিক্ষার্থীরা মফস্বলের স্কুল-কলেজে যেতে চান না। তাই সেখানকার শিক্ষার্থীরা ভালো শিক্ষকের কাছে পড়ার সুযোগ পাচ্ছেন না। ফলে তাঁদের মধ্যে ইংরেজিভীতি কাজ করে।