ইংলাক সিনাওয়াত্রা থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের আইনপ্রণেতারা আজ শুক্রবার ইংলাক সিনাওয়াত্রাকে দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাক দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন।বার্তা সংস্থা রয়টার্স জানায়, ৪৪ বছর বয়সী ইংলাক পার্লামেন্টের অর্ধেকের বেশি আইনপ্রণেতার সমর্থন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। থাইল্যান্ডে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে হলে পার্লামেন্টের ২৫১ সদস্যের সমর্থন প্রয়োজন।বিশ্লেষকদের মতে, পার্লামেন্টের আজকের নির্বাচন ছিল কেবল আনুষ্ঠানিকতা। কারণ, গত ৩ জুলাইয়ের সাধারণ নির্বাচনে ইংলাকের দল পুয়ে থাই পার্টি এককভাবে ২৬৫ আসন লাভ করেছে। এ ছাড়া তাঁর দল পাঁচটি ছোট দলকে নিয়ে জোট গঠন করেছে। পার্লামেন্টের ৫০০ আসনের নিম্নকক্ষের পাঁচ ভাগের তিন ভাগ আসনই এ জোটের দখলে।বিশ্লেষকেরা বলছেন, রাজনীতিতে নতুন ইংলাককে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সামরিক অভ্যুত্থানে থাকসিন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হওয়ার পর পাঁচ বছর ধরে দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা চলে আসছে।ইংলাক হলেন থাইল্যান্ডের ২৮তম প্রধানমন্ত্রী। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়ার স্থলাভিষিক্ত হবেন। পার্লামেন্টের সমর্থন লাভের পর আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নিতে রাজার অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে ইংলাককে। আশা করা হচ্ছে, ইংলাক আজকের মধ্যে রাজার অনুমোদন পেয়ে যাবেন।