ইংলাকের প্রতি বিরোধীদের অনাস্থা
ব্যাংককে সরকারবিরোধী বিক্ষোভের এক দিন পর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা এবার পার্লামেন্টে বিরোধীপক্ষের তোপের মুখে পড়েছেন। গতকাল রোববার বিরোধী দলের সাংসদেরা তাঁর প্রতি অনাস্থা জানান। তোপের মুখে পড়েছেন আরও তিনজন মন্ত্রী। আজ সোমবার ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।বিরোধী ডেমোক্র্যাট পার্টির সাংসদ জুরিন লাকসানাভিজিত বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী সরকার পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন। তিনি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন।’ ইংলাকের ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার প্রতি ইঙ্গিত করে জুরিন আরও বলেন, ‘বাইরের লোকজন তাঁকে (ইংলাক) প্রভাবিত করেন এবং তাঁর প্রশাসনকে নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন।’সরকারবিরোধীরা এ সরকারকে থাকসিনের পুতুল সরকার বলে অভিহিত করেছেন। ইংলাক সাংবাদিকদের বলেন, তাঁর সরকার এ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে বলে তিনি ‘আত্মবিশ্বাসী’। ২০১১ সালে নির্বাচনে জয় পাওয়ার পর তিনি ছয়টি দল নিয়ে জোট সরকার গঠন করেন।ব্যাংককে গত শনিবার তুমুল সরকারবিরোধী বিক্ষোভ হয়। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩৭ জন আহত হয়। প্রায় ১০০ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকার পতনের দাবিতে দেশটির রাজতন্ত্রের অনুগত পিতাক সিয়াম গোষ্ঠী ও এর মিত্ররা এই বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।