ইংলাকের সামনে কঠিন সময়
ক্ষমতার প্রথম বছর শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করেছেন থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। অনেকের ধারণা, দলমত নিয়ে দ্বিধাবিভক্ত দেশটিতে ক্ষমতায় আসার প্রথম বছরে ইংলাক যে শান্তি বজায় রাখতে পেরেছেন, এর পেছনে কাজ করেছে তাঁর সুশ্রী চেহারা, নির্বিরোধ ব্যক্তিত্ব ও জনপ্রিয়তা। অনেক বিশ্লেষক এই বছরটিকে ইংলাকের রাজনীতির জন্য মধুচন্দ্রিমার বছর বলে অভিহিত করেছেন। একই সঙ্গে এই সুসময় বেশি দিন আর থাকবে না বলেও তাঁরা আশঙ্কা প্রকাশ করেন। তাঁরা আভাস দেন, রাজনীতির ক্ষেত্রে সামনে কঠিন সময় আসছে ইংলাকের। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।বিশ্লেষকদের মতে, বড় ভাই বিদেশে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কারণে রাজনৈতিক ক্ষেত্রে ‘মধুচন্দ্রিমা’ হারাম হয়ে যেতে পারে ইংলাকের। বিশেষ করে থাকসিন যদি দেশে ফিরে রাজনীতিতে যোগ দেন এবং তাঁর বিরুদ্ধে করা দুর্নীতির মামলা তুলে নেওয়া হয়।২০১১ সালের ৩ জুলাই অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পুয়ে থাই পার্টির প্রার্থী হিসেবে লড়ে জয়ী হন ইংলাক। দেশের ২৮তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। নির্বাচনে তাঁর দল এককভাবে ২৬৫টি আসন লাভ করে। অন্য পাঁচটি ছোট দলকে নিয়ে জোট গঠন করেন তাঁরা। থাইল্যান্ডের পার্লামেন্টের ৫০০ আসনের নিম্নকক্ষের পাঁচ ভাগের তিন ভাগ আসনই এই জোটের দখলে। ৪৪ বছর বয়সী ইংলাক সিনাওয়াত্রার পূর্ব কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। প্রধানমন্ত্রী হওয়ার পর রাজনীতিতে খুব কম সময়ই পার করেছেন তিনি। কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে থাইল্যান্ডের অগোছালো রাজনীতিতে কিছু বিশেষ অঙ্গীকার দিয়ে তিনি বিশ্লেষকদের মন জয় করেছেন। ক্ষমতায় আসার এক বছরের মধ্যে বিনিয়োগকারীদের ভরাডুবি থেকে রক্ষা করার ব্যাপারে আশ্বস্ত করেছেন ইংলাক। একই সঙ্গে সুরক্ষিত সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও সম্পর্ক রয়েছে তাঁর।প্রথম বছরে ব্যাপক সাফল্য ও সুনাম কুড়ালেও ভবিষ্যতের দিনগুলো ইনলাকের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এর পেছনে যে বিষয়টি তাঁকে সবচেয়ে বেশি বিপাকে ফেলতে পারে, তা হচ্ছে থাকসিন সিনাওয়াত্রার রাজনীতিতে ফিরে আসা নিয়ে উদ্ভূত বিতর্ক।ইংলাকের ভাই থাকসিন দেশের একজন টেলিকম ব্যবসায়ী হিসেবেও সুপ্রতিষ্ঠিত। কর্মজীবী শ্রেণীর কাছে থাকসিন ছিলেন প্রথম পছন্দ। কিন্তু থাইল্যান্ডের সামরিক বাহিনী ও রক্ষণশীল অভিজাত শ্রেণী ছিল তাঁর ঘোর বিরোধী। এমনকি রাজাও ছিলেন তাঁর বিপক্ষে। ২০০৬ সালে সামরিক বাহিনী থাকসিনকে ক্ষমতাচ্যুত করার পর তিনি নির্বাসনে চলে যান। এদিকে ন্যূনতম মজুরি বৃদ্ধি ও কৃষকদের জন্য চালের দামের ব্যাপারে নিশ্চয়তা দেওয়ার অঙ্গীকার নিয়ে প্রধানমন্ত্রী হন ইংলাক। তাঁর এসব নির্বাচনী অঙ্গীকার রপ্তানিকারক ও ব্যবসায়ীদের মধ্যে বেশ ভালো সাড়া ফেলে। ব্যাংককে পশ্চিমা একজন কূটনীতিক বলেন, ইংলাক সংকটপূর্ণ একটি সময়ে রাজনীতিতে পা রেখেছেন। এর পরও তিনি সবকিছু ভালোভাবে চালিয়ে গেছেন। তাঁর দল পুয়ে থাই পার্টির পক্ষ থেকে কখনো বলা হয়নি যে থাকসিন আবার রাজনীতিতে ফিরে আসতে পারেন এবং তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ তুলে নেওয়া হতে পারে। সমালোচকদের ধারণা, থাইল্যান্ড পার্লামেন্টের তিন-পঞ্চমাংশের ওপর ইংলাকের জোটের নিয়ন্ত্রণ রয়েছে, যা আড়াল থেকে ক্ষমতা একীভূত করতে থাকসিন সিনাওয়াত্রাকে সুযোগ করে দিয়েছে। তাই বলে ইংলাক যে তাঁর ভাইয়ের হাতের পুতুল, এমনটি মানতে নারাজ থাইল্যান্ডের সাবেক মন্ত্রী চাতুরন চাইজেং। থাকসিন ফিরে না আসা পর্যন্ত তিনি ক্ষমতা ধরে রাখছেন—এমন দাবিও প্রত্যাখ্যান করেন তিনি। চাইজেং বলেন, ইংলাক খুব দ্রুত সব কিছু শিখে নেন। তিনি কারও সঙ্গে রুষ্ট হওয়ার মতো আচরণ করেন না। এটি তাঁর একটি বড় শক্তি। তিনি আরও বলেন, থাইল্যান্ডের মানুষ থাকসিনের চিন্তাধারা, বিশেষ করে তাঁর নীতিকে এখনো পছন্দ করে।থাকসিনের সমর্থন ও জনপ্রিয়তার হাত ধরে ইংলাকও তাঁর ভাইয়ের পথ অনুসরণ করবে বলে মন্তব্য করেছেন ব্যাংককের থাম্মাসাত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সোমজাই ফাগাফাসভিভাত। তিনি বলেন, থাইল্যান্ডে মেরুকরণের বিষয়টি রয়েই গেছে। এর কোনো দীর্ঘমেয়াদি সমাধান বা সমাপ্তির লক্ষণ নেই। তবে ইংলাক এ অবস্থার পরিবর্তন করার সামর্থ্য রাখেন।ইংলাকের প্রতিদ্বন্দ্বীরা মনে করছেন, সরকারের সমন্বয়সাধন ও সংবিধান পরিবর্তনমূলক কাজে এবং থাকসিনকে ফিরিয়ে আনার ব্যাপারে সমস্যা হলে তা বিরক্তির কারণ হতে পারে ইংলাকের।সাবেক অর্থমন্ত্রী ও বিরোধী গণতান্ত্রিক দলের সদস্য কর্ন চাতিকাভানিজ এক ধাপ বাড়িয়েই তাঁর সমালোচনা করেছেন। তিনি বলেন, ইংলাকের সমালোচনা করা অর্থহীন। কারণ, তিনি আসলে টিভি নাটকের একজন তারকা হিসেবে জনসমক্ষে নিজেকে তুলে ধরেছেন।কর্ন বলেন, ‘ইংলাক আসলে অস্বস্তিতে আছেন। তিনি গণমাধ্যমের কোনো প্রশ্নের উত্তর দেন না। গুরুত্বপূর্ণ সব বিষয়ে অজ্ঞতার ভান করেন।’ তিনি বলেন, ইংলাক যেসব কাজ করেন সেগুলো অপ্রাসঙ্গিক। তাঁর একমাত্র কাজ নিজেকে সুন্দর হিসেবে দেখানো ও সদা হাস্যোজ্জ্বল থাকা।