ইংলিশদের কারামুক্তির আনন্দ
প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৯২ রান—আরও একবার ইংল্যান্ডকে ভড়কে দিয়েছিল পুঁচকে হল্যান্ড। শেষ পর্যন্ত অবশ্য ভয়টা কেটে গেছে। হল্যান্ডের ছুড়ে দেওয়া এই চ্যালেঞ্জ টপকে ইংল্যান্ড পেয়েছে ৬ উইকেটের স্বস্তির জয়। শুধুই স্বস্তির? অ্যান্ড্রু স্ট্রাউস তো বলছেন, এই জয় যেন জেল থেকে মুক্ত করেছে তাঁদের!২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেয় হল্যান্ড। আর ইংল্যান্ড তো ঢুকে যায় আতঙ্কের গহ্বরেই। হল্যান্ডের নাম শুনলেই অজানা এক ভয় গ্রাস করত ইংল্যান্ডকে।সেই হল্যান্ডই যখন পরশু আবার ৬ উইকেটে ২৯২ রানের চ্যালেঞ্জ জানিয়ে বসে, আক্ষরিক অর্থেই আরেকবার ডাচ বিপর্যয়ের শঙ্কা পেয়ে বসেছিল স্ট্রাউসদের। শেষ পর্যন্ত ব্যাটসম্যানদের সাবধানী ব্যাটে বিপদ কেটে গেছে। ইংল্যান্ড অধিনায়ক তাই প্রথমেই সেই ব্যাটসম্যানদের প্রতি কৃতজ্ঞ, ‘ধন্যবাদ যে, ব্যাটসম্যানরা আমাদের জেল থেকে মুক্ত করেছে।’ব্যাটসম্যানরা অধিনায়কের ‘স্পেশাল ধন্যবাদ’ পাওয়ার আরেক কারণ, দলের বোলিং-ফিল্ডি খুবই হতাশ করেছে স্ট্রাউসকে। ‘আমাদের বোলিং প্রচুর ভুল করেছে। ভালো ফিল্ডিং করে তিন-চারবার তাদের আটকাতে পারতাম। তাই ৫০টি ওভার আমাদের জন্য খুব খারাপ গেছে। বিশেষ করে শেষ ১০ ওভার ছিল খুবই খারাপ। আমরা অনেক সুযোগ কাজে লাগাতে পারিনি। আমি মনে করি, ২৯০ স্কোরটা একটু বেশিই’—ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বলেছেন স্ট্রাউস।জয়ের পুরো কৃতিত্ব তিনি তাই অকাতরে ঢেলে দিয়েছেন ব্যাটসম্যানদের। অবশ্য এটির বেশির ভাগই চাইলে নিজের ঝুলিতে জমা করতে পারেন। দলকে মুক্তির আনন্দে ভাসানো জয় এনে দেওয়ার পথে দলের সর্বোচ্চ ৮৮ রানের ইনিংসটি তো খেলেছেন তিনিই। তার চেয়েও বড় কথা, কেভিন পিটারসেনের সঙ্গে উদ্বোধনী জুটিতেই ১০৫ রান তুলে দলকে গড়ে দেন জয়ের চমৎকার ভিত্তি।তার পরও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ২৯৩ রানের চ্যালেঞ্জ উতরে যাওয়া কঠিন কাজ। বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডই গড়ে ফেলেছে ইংল্যান্ড। ব্যাটসম্যানদের পাশাপাশি ইংল্যান্ড অধিনায়ক কৃতজ্ঞ নাগপুরের উইকেটের প্রতিও, ‘ওয়ানডে ক্রিকেটের জন্য আদর্শ উইকেট ছিল এটি। আমরা সব সময়ই জানতাম, যদি উইকেট হাতে রাখতে পারি, এটা চেজ করার ভালো সুযোগই আমাদের থাকবে।’স্ট্রাউসের মতো হল্যান্ড অধিনায়কের কাঠগড়াতেও বোলার-ফিল্ডাররা। হতাশ পিটার বোরেন বলেছেন, তাঁর বোলাররা ইংল্যান্ডের ব্যাটসম্যানদের অনেক বেশি সুযোগ দিয়েছে, ‘২৯২ অবশ্যই ভালো স্কোর। আমি মনে করি, এটা প্রতিদ্বন্দ্বিতা করার মতো স্কোরই ছিল। আমরা শুরুতেই বাজে করেছি (ফিল্ডিং)। এবং মাঝে ফিরেও এসেছিলাম। আমি মনে করি, আমরা সাধারণত উইকেটের দুই পাশে বল করেছি। এবং এর মূল্যই আমাদের দিতে হয়েছে।’ইংল্যান্ডের পরের ম্যাচ টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারতের বিপক্ষে। স্ট্রাউসের ভাবনায় এখন শুধুই ওই ম্যাচ, ‘ভারতের ম্যাচ নিয়ে আমরা দারুণ উত্তেজিত। এটা হতে যাচ্ছে দারুণ এক ম্যাচ। আশাবাদী আমরা, ভারতের উৎসবটা মাটি করে দিতে পারব।’ এএফপি।