ইংলিশদের ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে ইংল্যান্ডের পতাকা সবচেয়ে বেশি ওড়ে সম্ভবত বাকিংহাম প্রাসাদের দিকের রাস্তাগুলোতে। দুই পাশের স্ট্যান্ড থেকে লাল-সাদা পতাকার সারি ঝুলে আছে রাস্তার ওপর। পতাকা দেখছি ছুটে চলা গাড়িতে কিংবা রেস্টুরেন্টের প্রবেশপথ দিয়ে ঢুকতেও। ইদানীং মানুষের গায়ে গায়েও পতাকা—জাতীয় পতাকার রংয়ে বানানো জার্সি, টি-শার্ট কিংবা ক্যাপ।বাংলাদেশে যত সহজে জাতীয় পতাকার অবমাননা হয়ে যায়, উন্নত বিশ্বে সেটা সম্ভবত ততই কঠিন। ছবি-টবিতে তো প্রায়ই দেখা যায়, জুতা-স্যান্ডেল-অন্তর্বাসও জাতীয় পতাকার ডিজাইনে বানানো! লন্ডনের ইউস্টন পাতাল রেলস্টেশনের একটা ফাস্টফুড দোকানের কর্মচারী মিলারের ধারণা, বিশ্বকাপ ফুটবল আসতে আসতে ইংলিশরাও মেতে উঠবে তেমন উন্মাদনায়। গোটা ইংল্যান্ড ছেয়ে যাবে সাদা আর লালে। মানুষ হয়তো অন্য কোনো রঙের পোশাকই পরবে না।ঠিক এই মুহূর্তে লন্ডনবাসীর বিশ্বকাপ ফুটবল নিয়ে মাতামাতি বলতে ইংল্যান্ডের পতাকার ডিজাইনের পোশাক পরাই। বিশ্বকাপের আগে শতভাগ জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে ওঠার প্রস্তুতি হতে পারে এটা। গত সপ্তাহে মেক্সিকোর বিপক্ষে ওয়েম্বলিতে ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচটাও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের গা গরম করে দিয়েছে লন্ডনবাসীর। রাস্তাঘাটে সেদিনই সবচেয়ে বেশি দেখা গেছে লাল-সাদার বিস্ফোরণ, ফুটবলেরও। ম্যাচের পর হয়তো চলতি পথে কোনো বন্ধুর সঙ্গে দেখা কারও। রাস্তায় দাঁড়িয়েই শুরু হয়ে গেল খেলা নিয়ে আলোচনা-উল্লাস। যাঁরা মাঠে গিয়ে খেলা দেখতে পারেননি, তাঁরাও পাবে-বারে বসে দৈত্যাকার পর্দায় চোখ ফেলেছিলেন। ম্যাচে ৩-১ গোলে জিতলেও ইংল্যান্ডের পারফরম্যান্স মন ভরাতে পারেনি। তার পরও মানুষজনের ধারণা, এই জয় বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। ইংল্যান্ডের তারকা ফুটবলার ওয়েইন রুনিরও দেখলাম একই মত। লন্ডন ইভনিং স্ট্যান্ডার্ডে তিনি বলেছেন, এমন পারফরম্যান্সে বিচলিত হওয়ার কিছু নেই, ‘পারফরম্যান্স খুব ভালো না হলেও আমি জিতেই খুশি। প্রতিটা ম্যাচেই শুধু ফলাফলের দিকে না তাকিয়ে কিছু শিখতেও হবে। কিছু ভালো জিনিস থাকবে, কিছু নেতিবাচক ব্যাপার চলে আসবে। তবে আমি নিশ্চিত, এ সবকিছু নিয়েই আমাদের মধ্যে কথা হবে, সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠব।’ বিশ্বকাপ নিয়ে আলোচনাটা খুব স্বাভাবিক কারণে এখন মিডিয়াতেই সবচেয়ে বেশি। বিশ্বকাপের কাউন্টডাউন আর বিশেষ বিশেষ খবর থাকছে পত্রিকার একাধিক পাতাজুড়ে। পত্রপত্রিকা দেখে মনে হয়, বিশ্বকাপ ফুটবলের গরমে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট সিরিজের খবর কেবল দেওয়ার জন্যই দেওয়া হচ্ছে। ক্রিকেট মাঠের অনেকেও এখন ফুটবলমুখী। লর্ডসের গিফট শপের এক কর্মচারীকে সেদিন রসিকতা করে বলতে শুনলাম, ‘আমাদের বিশ্বকাপ ফুটবলেরও কিছু স্যুভেনির রাখা উচিত ছিল।’ টেস্ট ম্যাচ কাভার করতে এসে উইজডেন সম্পাদক শিল্ড বেরি খোঁজ নিচ্ছেন, ‘প্রথম আলো থেকে বিশ্বকাপ কাভার করতে কে যাচ্ছেন?’ফুটবল-ক্রিকেট দুটি খেলাই ইংল্যান্ডের জন্য ট্র্যাজেডি। দুটি খেলারই জনক তারা, ফুটবলে বিশ্বসেরা হওয়ার স্বাদটা তাদের কাছে প্রায় অচেনা হয়ে রয়েছে। সেই কবে ১৯৬৬ সালে তারা বিশ্বকাপ জিতেছিল! ৪৪ বছর পর এবারই তারা বিশ্বাসটাকে অনেক উঁচুতে বেধে যাচ্ছে দ্বিতীয় শিরোপা অভিযানে। আর এবারই ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি ক্রিকেটের একটা বৈশ্বিক শিরোপা দিল তাদের। কিন্তু টি-টোয়েন্টির শ্রেষ্ঠত্বের স্বাদকে আবার মধুরতম বলতে রাজি নয় সবাই। তাহলেও বিশ্বসেরার স্বীকৃতি তো অন্তত পাওয়া গেল! তবে ফুটবল বা ক্রিকেটের শ্রেষ্ঠত্বের স্বাদটা কিঞ্চিৎকর হলেও অবশ্য এই জাতি হতাশ হওয়ার নয়। আর জাতিটা সাধারণ সাধারণ ব্যাপারেও এত বেশি উৎসাহী যে ব্যর্থতার গ্লানি ভুলতে সময় লাগে না। বাংলাদেশ-ইংল্যান্ড লর্ডস টেস্টের কথাই ধরুন। ইংলিশ মিডিয়াসহ বিশ্বের অনেক বড় বড় ক্রিকেট-পণ্ডিতও যখন মনে করেন, বাংলাদেশ দলটার টেস্ট খেলাই উচিত নয়, তখন সে দলের খেলা দেখতেই কিনা লর্ডসের গ্যালারি লোকারণ্য। বাংলাদেশের টেস্ট দেখতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও এত লোক আসেন না, যত লোক লর্ডস টেস্টে ভিড় করছেন। হতে পারে গ্রীষ্মের প্রখর রোদে একটু গা পুড়িয়ে নিতেই আসছেন তাঁরা, তবু তো আসছেন। নইলে লন্ডনে বাংলাদেশের খেলা দেখা বাদ দিয়ে করার মতো অনেক কিছুই আছে। তবে নিশ্চিত থাকতে পারেন, বিশ্বকাপ যত এগিয়ে আসবে ইংল্যান্ডের ক্রিকেট মাঠের দর্শক কমতে থাকবে ততই। কেউ হয়তো বাক্স-পেটরা বেঁধে দক্ষিণ আফ্রিকায়ই চলে যাবেন। যাঁরা যাবেন না, তাঁরা আবার বসে যাবেন পাবে-বারে। হাতে বিয়ারের গ্লাস, গায়ে লাল-সাদা, মনে বিশাল জাতীয়তাবোধ।বিশ্বকাপ ট্রফিটা এবার শেষ পর্যন্ত কে জিতবে কে জানে, তবে জাতীয়তাবোধ আর সমর্থনের দিক দিয়ে কিন্তু অনেকের চেয়েই এগিয়ে থাকার কথা ইংলিশদের।