ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার আক্ষেপ ঘোচানোর মিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি নাকি মহা অনিশ্চিত!কোথায়, সেরা দুটি দলই তো ফাইনালে।সেই দুই দলের কাছেই আজকের ফাইনাল একটা অতৃপ্তি ঘোচানোর সুযোগ। ক্রিকেটের ধরাধামে যা কিছু আছে, সবই বর্তমান অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের শোকেসে। নেই শুধু এই টি-টোয়েন্টি বিশ্বকাপটাই।আর ইংল্যান্ডের কাছে তো বিশ্বকাপ এক চির আক্ষেপের নাম। বিশ্বকাপ মানে—অন্য দল ট্রফি নিয়ে উল্লাস করবে আর আমরা চেয়ে চেয়ে দেখব।জিগীষার তুল্যমূল্যে কোনো দলই তাই পিছিয়ে নেই। এই বিশ্বকাপে পারফরম্যান্সেও। হ্যাঁ, অবশ্যই ইংল্যান্ডের গায়ানা অংশটুকু বাদ দিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯১ করেও হার অবশ্য ডাকওয়ার্থ ও লুইস সাহেবের কারণে। আয়ারল্যান্ড-ম্যাচে তাদের আর দৃশ্যপটে আবির্ভূত হওয়ার সুযোগ দেয়নি বৃষ্টি। কে জানে, তা হলে হয়তো গ্রুপ পর্বেই মৃত্যু ঘটে ইংল্যান্ডের বিশ্বকাপ-স্বপ্নের। এরপর টানা চার ম্যাচে জয়। টুর্নামেন্টের শুরু থেকে অস্ট্রেলিয়া যেমন সামনে যাকে পাচ্ছে, তাকেই দুমড়ে মুচড়ে দিচ্ছে, সে রকম দাপট দেখিয়েই।ফাইনালের প্রিভিউ লিখতে সাতসকালে কেনসিংটন ওভালে এসে দেখছি, সেন্ট লুসিয়ায় দ্বিতীয় সেমিফাইনালে দীর্ঘ ছায়া এখানেও বিস্তৃত। ‘অবিশ্বাস্য’ ‘টি-টোয়েন্টির ইতিহাসে সেরা ম্যাচ’—২০ ওভারের ধুমধাড়াক্কা ক্রিকেট যেন চিরায়তের মর্যাদা পেয়ে গেল এই এক ম্যাচেই।মাইক হাসির ২৪ বলে অপরাজিত ৬০ রানও যেমন টি-টোয়েন্টির সীমানা ছাড়িয়ে মিশে যেতে চাইছে ক্রিকেট ইতিহাসে স্মরণীয় সব ম্যাচ উইনিং ইনিংসের সঙ্গে। মাইকেল ক্লার্ক ভাষা খুঁজে না পেয়ে হাসিকে বলে দিয়েছেন ‘ফ্রিক’! বাংলা করা খুব কঠিন—ভুতূড়ে? অব্যাখ্যনীয়? অতিপ্রাকৃত? বিশ্বকাপের শুরু থেকেই ক্লার্ক বলে আসছেন, তাঁর এই দলে যেকোনো কন্ডিশনে যেকোনো দলের বিপক্ষে জেতার সামর্থ্য ও অভিজ্ঞতা মজুদ। সেমিফাইনালটা যেটির চূড়ান্ত পরীক্ষা নিয়ে ফেলল।ক্লার্কও বোধহয় এতটা ভাবেননি। ম্যাচের পরও তো বললেন, পাকিস্তান ১৫-২০টা রান বেশি করে ফেলেছে বলেই মনে হয়েছিল তাঁর। শেষ ওভারের প্রথম বলে মিচেল জনসন সিঙ্গেল নিয়ে হাসিকে স্ট্রাইক দেওয়ার পর আর খেলা দেখার মতো অবস্থা ছিল না। ড্রেসিংরুমে গিয়ে দেয়াল ধরে দাঁড়িয়ে ছিলেন। ‘এরপরই শুনলাম চিৎকার—সিক্স! আবার চিৎকার—কী হচ্ছে এ সব!’ টি-টোয়েন্টি সিক্সেরই খেলা। এই প্রিভিউ লেখার সময়ও দেখছি, প্রথাগত প্র্যাকটিস শেষে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা এক এক করে টি-টোয়েন্টির আসল প্র্যাকটিসে নামছেন। ৭/৮ গজ দূর থেকে এক জন বল ছুঁড়ে দিচ্ছে, সেটি গিয়ে পড়ছে মাঠের বাইরে। কিন্তু এটা তো নিছকই প্র্যাকটিস। কব্জিতে জোর থাকলেই হলো। সেমিফাইনালের মতো ম্যাচে অমন অনন্ত চাপের মধ্যে ক্যামেরন হোয়াইট আর মাইক হাসি ছক্কা মারাটাকে যেমন ইচ্ছের ব্যাপার বানিয়ে ফেললেন, তাতে কব্জির জোরের চেয়েও বড় ভূমিকা মনের জোরের।সেই মনের জোর অস্ট্রেলিয়ার চেয়ে বেশি আর কোন দল দেখাতে পেরেছে? দলীয় শক্তি, ফর্ম—সব কিছু ছাপিয়ে এটিই না আজকের ফাইনালে নির্ধারক হয়ে যায়! বিশ্বকাপ জেতা দূরে থাক্, পল কলিংউড ছাড়া ইংল্যান্ড দলের আর কারও বৈশ্বিক কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলার অভিজ্ঞতাও নেই। আর অস্ট্রেলিয়া দলের বেশির ভাগ খেলোয়াড়ের তো তা আছেই। যাদের নেই, তাঁদের কাছেও বিশ্বকাপের অর্থ—যেটি অস্ট্রেলিয়া জেতে!সেমিফাইনালটা সেন্ট লুসিয়ায় বলে সেটি নিয়ে অস্ট্রেলিয়ার মনে একটু অস্বস্তি হয়তো ছিলই। ফাইনাল বারবাডোজে। শন টেইট, মিচেল জনসন, ডির্ক ন্যানেসদের প্রিয় মৃগয়ায়। পল কলিংউড অবশ্য বারবাডোজ শুধু অস্ট্রেলিয়ারই প্রিয় হবে কেন, এই প্রশ্ন তুলছেন, ‘এই বিশ্বকাপে আমাদের সেরা পারফরম্যান্স তো কেনসিংটন ওভালেই—দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯ রানের জয়। আমরা সবচেয়ে বেশি খেলেছিও এই মাঠেই। বিশ্বকাপের দুই ম্যাচের আগে দুটি প্রস্তুতি ম্যাচ।’ যে কথাটা প্রচ্ছন্ন থেকেছে, ব্রিটিশ মিডিয়া সেটি ইংল্যান্ড ফাইনালে ওঠার পর থেকেই ঘোষণা করে দিয়েছে। ব্রিং অন অসিজ্!ক্রিকেটের ইংল্যান্ড-অস্ট্রেলিয়া লড়াইয়ে সবসময়ই একটা আলাদা ঝাঁঝ থাকে। আদিতম দুই প্রতিদ্বন্দ্বী। শত বছরের কত ইতিহাস। মাঝখানে অ্যাশেজ সিরিজট শুধুই অস্ট্রেলিয়ার জয়ের আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়ানোয় ঝাঁঝটা একটু কমেছিল। ২০০৫ অ্যাশেজ সিরিজ থেকে আবারও সেটির পুরনো মহিমায় প্রত্যাবর্তন। পল কলিংউড ও কেভিন পিটারসেন সতীর্থদের হয়তো মনে করিয়ে দেবেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের পুণর্জাগরনের শুরু একটা টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই। রোজ বোলে ২০০৫ অ্যাশেজ-পূর্ব একমাত্র টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়ে ছিল ইংল্যান্ড। টি-টোয়েন্টিই হোক, আর এক ওভারের খেলাই হোক, অস্ট্রেলিয়ার তখন এমনই অজেয় ভাবমূর্তি যে, তাদের বিপক্ষে যেকোনো জয়ই ভাসিয়ে দেওয়ার মতো। ইংল্যান্ডের ‘দ্য টাইমস্’ পত্রিকা পরদিন ওই ম্যাচ স্কোর দিয়ে (ইংল্যান্ড ১৭৯। অস্ট্রেলিয়া ৭৯। ইংল্যান্ড ১০০ রানে জয়ী।) ব্যানার হেডলাইন করেছিল: প্রাণ ভরে দেখে নিন। এই গ্রীষ্মে এমন কিছু দেখার সুযোগ আর না-ও পেতে পারেন।সেই ম্যাচের অস্ট্রেলিয়া দলের মাইকেল ক্লার্ক ও মাইক হাসি আছেন এখানেও এবং তাঁরা হেসেই উড়িয়ে দেন সেই পরাজয়কে। ‘আরে, তখন কি আমরা টি-টোয়েন্টি সিরিয়াসলি খেলতাম নাকি!’টি-টোয়েন্টি আর ‘ফান’ নেই—এটা বুঝে ফেলার পর থেকেই অস্ট্রেলিয়া এখানেও দুর্দম্য। এই বিশ্বকাপ সেটির চূড়ান্ত প্রমাণ দেওয়ার অপেক্ষায়।কেভিন পিটারসেন, আপনি কী বলেন? ছেলেকে না বিশ্বকাপ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসেছেন!