ইংল্যান্ড দলে কখনো খেলবেন না কেভিন!
আইপিএল, বিগ ব্যাশ, কাউন্টি—চারদিক থেকে আসতে পারে খেলার প্রস্তাব। বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি করেছেন ‘চিরশত্রু’ ইংল্যান্ডের বিপক্ষে, আইরিশদের এনে দিয়েছেন রূপকথার এক জয়। এরপর কেভিন ও’ব্রায়েনকে নিয়ে যে চারদিকে এমনই হইচই হবে, কেভিনের বন্ধু ও একসময়ের কোচ ওয়েইন নুন এটা জানতেন।‘আমার বিশ্বাস, এখন ওর অগুনতি প্রস্তাব আসবে। কাউন্টি ক্রিকেট, পরের বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং বিশ্বজোড়া আরও অনেক ওয়ানডে ইভেন্টে তার খেলার প্রস্তাব আসবে’—২০০৯ সালে নটিংহামশায়ারে কেভিনের কোচ নুন বলেছেন এমনটাই। কেভিন তাঁর প্রতিভার মূল্যও ভালোই পাবেন বলে মনে করেন তিনি, ‘আমার বিশ্বাস, ও ওর যোগ্য মূল্যায়নটা পাবে।’কাউন্টি তো খেলেছেনই, আইপিএলে খেলার স্বপ্ন দেখেন কেভিন নিজেও। বড় আরেকটি স্বপ্নও লুকিয়ে আছে কেভিনের মনে। সেটি টেস্ট খেলার স্বপ্ন। তবে তাঁর খেলোয়াড়ি জীবনে আয়ারল্যান্ড টেস্ট খেলতে পারবে কি না, সেটি এখনো অনিশ্চয়তায় মোড়া। তাই শুধু ওয়ানডে খেলে জীবন না কাটিয়ে এড জয়েসের মতো ইংল্যান্ডে পাড়ি জমাবেন কি না কে জানে। আইরিশদের ‘শত্রু’ ইংল্যান্ডের হয়ে খেলার ইচ্ছাই বা আছে কি না কে জানে! নুনের বিশ্বাস, ইংল্যান্ড দলে খেলবেন না ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি (৬৩ বলে ১১৩) করা কেভিন। কেন, সেই ব্যাখ্যাটাও করেছেন প্রিয় বন্ধু নুন, ‘সে ইংল্যান্ডের পক্ষে খেলবে, এমনটা মনে হয় না আমার। সেটি ইংল্যান্ড দলে তার খেলার যোগ্যতা নেই বলে নয়, আসলে সে একজন গর্বিত আইরিশ।’ ওয়েবসাইট।