ইইউ গাজা অবরোধ তুলে নিতে বলবে ইসরায়েলকে
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা আগামী সপ্তাহে গাজার ওপর থেকে তিন বছর ধরে চলে আসা অবরোধ প্রত্যাহার করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানাবেন। অবরোধটিকে তাঁরা এমনকি ইসরায়েলের নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও ‘অগ্রহণযোগ্য ও সমস্যা সৃষ্টিকারী’ হিসেবে আখ্যায়িত করেন।সোমবারে অনুষ্ঠেয় এক বৈঠকের জন্য তৈরি করা একটি খসড়া বিবৃতিতে এই পররাষ্ট্রমন্ত্রীরা সম্প্রতি গাজা অভিমুখী একটি ত্রাণবাহী নৌবহরকে থামাতে ইসরায়েল যেভাবে সহিংস অভিযান চালায়, যাতে নয়জন তুর্কি নাগরিক নিহত হন, তার নিন্দা করবেন। তাঁরা একটি ‘বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ ও স্বাধীন’ তদন্ত পরিচালনার জন্যও আহ্বান জানাবেন।ইইউ আরও বলছে, গাজা থেকে ও গাজায় পণ্যসামগ্রী আনা-নেওয়ার একটি নতুন ব্যবস্থা প্রণয়নে সহায়তা করতে তারা প্রস্তুত। এ নতুন ব্যবস্থাটি ১৫ লাখ লোক অধ্যুষিত এ উপকূলীয় ভূখণ্ডের সঙ্গে আরও নিয়মিত সড়ক যোগাযোগ এবং সম্ভবত সমুদ্রপথ ব্যবহারের ওপর ভিত্তি করে গড়ে উঠবে।বার্তা সংস্থা রয়টার্স খসড়া বিবৃতিটির একটি প্রতিলিপি পেয়েছে, যেখানে বলা হয়েছে, ‘অবরোধের নীতিটি অগ্রহণযোগ্য ও সমস্যা সৃষ্টিকারী, এমনকি ইসরায়েলের নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও।’খসড়া বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতি সংঘের সিদ্ধান্ত অনুযায়ী ইইউ নীতিগত একটি পরিবর্তনের আহ্বান জানাচ্ছে, যার ফলে গাজা ভূখণ্ডে মানবিক ত্রাণসামগ্রী, বাণিজ্যিক পণ্য এবং লোকজনের অবাধ যাতায়াত সম্ভব হবে।একটি সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার এক বছর পরে, ২০০৭ সালের মাঝামাঝি সময় থেকে হামাস জঙ্গি আন্দোলন তার প্রতিদ্বন্দ্বী ফাতাহর হাত থেকে গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয়। এবং তখন থেকেই ইসরায়েল গাজাকে অবরুদ্ধ করে রেখেছে।