ইইউ-তে থাকা না-থাকা নিয়ে গণভোট করবে যুক্তরাজ্য
ব্রিটেনবাসী ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকবে কি না, সে প্রশ্নের সমাধানে সরকার গণভোটের আয়োজন করবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আজ বুধবার জনগণকে এ বলে আশ্বস্ত করেন, ২০১৫ সালে নির্বাচনে জয়লাভ করলে তাঁর সরকার গণভোটে রায় অনুযায়ী সিদ্ধান্ত নেবে।রক্ষণশীল কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন বলেন, ইউরোপ প্রশ্নে ব্রিটিশদের অবশ্যই নিজস্ব চিন্তা আছে। ব্রিটিশরা ভোটের মধ্য দিয়ে তাঁদের রায় জানাবার সুযোগ পাবেন। তবে এর আগে তিনি ইইউর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক কেমন হবে, সে বিষয়ে পুনরায় দরদস্তুর করতে চান।বিবিসি জানায়, ইইউর ভবিষ্যত্ নিয়ে সন্দিহান ব্রিটিশরা প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তবে ফ্রান্স ও জার্মানি যুক্তরাজ্যকে সতর্ক করে বলেছে, দেশটি যেন ইইউ বিষয়ে হুজুগে পড়ে কোনো স্বেচ্ছাচারী সিদ্ধান্ত না নেয়। পার্লামেন্টে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল লেবার পার্টির প্রধান এড মিলিব্যান্ড বলেন, ক্যামেরন ইউকে ইন্ডিপেনডেন্ট পার্টির ভয়ে পালাতে চাইছেন। অখণ্ড ইউরোপনীতির কড়া সমালোচক ইউকে ইন্ডিপেনডেন্ট পার্টি সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্টে জনপ্রিয়তা অর্জন করছে।মিলিব্যান্ড বলেন, তিনি নিজে গণভোটের বিরোধী। ক্যামেরন এসব ঘোষণা দিয়ে ব্রিটেনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন এবং অর্থনীতি নিয়ে জুয়া খেলছেন।পার্লামেন্টে আজ ক্যামেরন তাঁর দীর্ঘ প্রতীক্ষিত ভাষণে বলেন, ২০১৫ সালে নির্বাচিত হওয়ার পর সর্বোচ্চ ২০১৭ সালের মধ্যে গণভোটের আয়োজন করা হবে। ক্যামেরন বলেন, এ সিদ্ধান্ত হবে যুক্তরাজ্যের ‘ভাগ্য নির্ধারণী’। তবে তিনি যদি দর-কষাকষি করে সফল হতে পারেন, তবে ইইউতে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবেন।ইইউ নিয়ে বিতর্কের অবসান করতে ক্যামেরনের সরকার দীর্ঘদিন চাপের মধ্যে আছে। কনজারভেটিভ পার্টির অনেক আইনপ্রণেতা এ বিষয়ে ক্যামেরনের পরিষ্কার বক্তব্য দাবি করে আসছিলেন।