ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে পোশাকশিল্প নিয়ে আলোচনা আজ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে আজ শুক্রবার বাংলাদেশের পোশাকশিল্পের বিষয়ে ইউরোপীয় কমিশনের করণীয় নির্ধারণ করা হতে পারে। পোশাক কারখানায় সংঘটিত সাম্প্রতিক দুর্ঘটনার পটভূমিতে দেশটির শ্রমিকদের অবস্থা সম্পর্কে সভায় আলোচনার কথা রয়েছে। লুক্সেমবার্গে অনুষ্ঠেয় এ বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমন্বিত বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির বিষয়ে আলোচনা, কানাডার সঙ্গে অবাধ বাণিজ্যচুক্তির আলোচনার অগ্রগতি পর্যালোচনা, ডিসেম্বরে অনুষ্ঠেয় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের সম্মেলন বিষয়ে প্রস্তুতি এবং বাংলাদেশের শ্রমিকদের অবস্থা সম্পর্কে আলোচনার কথা রয়েছে। কমিশনের পররাষ্ট্রবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটনের দপ্তর সূত্রে জানা গেছে, ফ্রান্স ও নেদারল্যান্ডসের অনুরোধে আন্তর্জাতিক বাণিজ্যের সামাজিক ও পরিবেশগত মান অনুসরণের বিষয়ে পরিস্থিতির উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া সম্ভব, সে বিষয়ে মন্ত্রীরা আলোচনা করবেন। বিশেষ করে এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা সংস্থার (ওইসিডি) মতো প্রতিষ্ঠানগুলোর ভূমিকা জোরদার করা এবং অবাধ বাণিজ্যবিষয়ক ইউরোপীয় ইউনিয়নের চুক্তি ও বিধিমালাগুলোকে কীভাবে কাজে লাগানো যায়, তা এ সভায় আলোচিত হবে।সম্প্রতি সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক পোশাকশ্রমিকের প্রাণহানির পটভূমিতে গত ২৩ মে ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশের পোশাকশিল্প এবং দেশটি থেকে ইউরোপে পোশাক আমদানির ক্ষেত্রে দেওয়া শূন্য শুল্কের সুবিধার বিষয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। ইউরোপীয় পার্লামেন্টের ওই প্রস্তাবে পোশাকশিল্পে শ্রমিকদের কাজের পরিবেশ উন্নয়ন ও মজুরি বাড়ানো না হলে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা জেনারেলাইজড প্রিফারেন্সিয়াল সিস্টেম (জিএসপি) প্রত্যাহারের জন্য কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছিল।এরপর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ব্রাসেলস সফরে এসে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যবিষয়ক কমিশনার ক্যারেল ডি গুশটের সঙ্গে ২৮ মে এক বৈঠকে মিলিত হন। বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানানো হয়, ইউরোপে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ যাতে শুল্কমুক্ত সুবিধা বজায় রাখতে পারে, সে জন্য ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে সে জন্য বাংলাদেশকে আইএলওর মধ্যস্থতায় গৃহীত ত্রিপক্ষীয় সমঝোতার বাস্তবায়ন এবং শ্রম আইন সংশোধনে দ্রুত পদক্ষেপ নিতে হবে।এদিকে ১২ জুন ইউরোপীয় কমিশনের এক বিবৃতিতে জানানো হয় যে মিয়ানমারকে ইউরোপে শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুবিধা (জিএসপি) দেওয়ার লক্ষ্যে এদিন একটি চুক্তি সই হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্সি আয়ারল্যান্ড এবং মিয়ানমারের প্রতিনিধিরা চুক্তিটি সই করেন। ১৯৯৭ সালে মিয়ানমারের ওপর থেকে এই সুবিধা প্রত্যাহার করে নিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন।