ইইউর অবরোধ তুলে নিতে ওয়াতারার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরি কোস্টের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আলাসেন ওয়াতারা দেশটির ওপর থেকে ইউরোপীয় ইউনিয়নের (্ইইউ) অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ফরাসি একটি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক বক্তৃতায় তিনি এ আহ্বান জানান বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।টেলিভিশন চ্যানেল এলসিআইতে প্রচারিত ওই বক্তৃতায় ওয়াতারা বলেন, ‘আমি আবিদজান, সান পেন্দ্রোর বন্দর ও সরকারি প্রতিষ্ঠানের ওপর ইউরোপীয় ইউনিয়নের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানাই।’ এ ছাড়া ওয়াতারা দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে নিরাপত্তা জোরদার, প্রয়োজনীয় মৌলিক সেবা নিশ্চিত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় শুরু করাসহ বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেন। ওয়াতারার এ বক্তৃতাকে দেশটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ এবং তিনি দেশটির নির্বাহী ক্ষমতা নিতে যাচ্ছেন—এমন সংকেত হিসেবে দেখা হচ্ছে। তবে আইভরি কোস্টের ক্ষমতার দ্বন্দ্বে সৃষ্ট অচলাবস্থার অবসান এখনো হয়নি।ওয়াতারা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের শাখাগুলোতে পুনরায় কার্যক্রম শুরু হতে যাচ্ছে এবং হাসপাতালে ওষুধ সামগ্রী ও বাজারে খাদ্য সামগ্রী সরবরাহ বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি চলমান সংকটের জন্য ক্ষমতায় আঁকড়ে থাকা প্রেসিডেন্ট লঁরা বাগবোকে দায়ী করেন। গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ওয়াতারা জয়ী হলেও ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়ে আসছেন বাগবো।ওয়াতারা বাহিনী এখন কোকো রপ্তানির প্রধান অঞ্চল সান পেন্দ্রোসহ আইভরি কোস্টের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। তবে প্রধান শহর আবিদজানের পুরোপুরি নিয়ন্ত্রণ তাদের হাতে আসেনি। সম্প্রতি ওয়াতারা বাহিনী আবিদজানে প্রেসিডেন্ট বাগবোর প্রাসাদের নিয়ন্ত্রণ নিয়েছে। এখন তারা বাগবোকে ধরতে সেখানে অভিযান পরিচালনা করছে। বাগবো প্রাসাদের ভূ-গর্ভস্থ একটি বাংকারের মধ্যে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।