ইইউর শান্তিতে নোবেল পাওয়ার নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ছয় দশক ধরে ইউরোপকে একই বন্ধনে বেঁধে রেখেছে যে প্রতিষ্ঠান, সেই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০১২ সালে শান্তিতে নোবেল পুরস্কার জিতেছে। নরওয়ের নোবেল শান্তি পুরস্কার কমিটি আজ শুক্রবার এই পুরস্কার বিজয়ী হিসেবে ইইউর নাম ঘোষণা করেছে। খবর রয়টার্সের।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপকে এক করার ক্ষেত্রে ইইউর ঐতিহাসিক ভূমিকা ও ঋণ সংকটে জর্জরিত ইউরো জোনকে উদ্ধারে নেতৃত্ব দেওয়ার কৃতিত্বের কারণে এবারের শান্তি পুরস্কার পেল ইইউ।নোবেল কমিটি ইইউর প্রশংসা করে জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ২৭টি সদস্য দেশকে শান্তির পথে নিয়ে যেতে ইইউ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৮৯ সালে বার্লিন দেয়ালের পতনের পর থেকে একটি সংস্থা হিসেবে ইইউর ভূমিকা অসীম।নোবেল কমিটির প্রধান থর্বজর্ন জাগল্যান্ডের মতে, ইইউ ছয় দশক ধরে শান্তি, সংহতি, গণতন্ত্র আর মানবাধিকারের ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে, তা অনস্বীকার্য। যুদ্ধবিধ্বস্ত একটি মহাদেশে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার ও সংহতি রক্ষায় ইইউর অসামান্য অবদানের কারণে এ বছর নোবেল পুরস্কার পেল সংস্থাটি।নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, ইউরোপে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় এবং গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে লড়াইয়ে গত ছয় দশকের অবদানে ইউরোপীয় ইউনিয়নকে এ পুরস্কার দেওয়া হলো।ইউরোপিয়ান পার্লামেন্টের প্রধান জার্মান সমাজকর্মী মার্টিন স্কালজ ইইউর নোবেল জেতা প্রসঙ্গে বলেন, ‘গত সাত দশকে ফ্রান্স ও জার্মানির মধ্যে যে যুদ্ধ চলেছে, বর্তমান সময়ে তা কল্পনাতীত। এটাই প্রমাণ করে দ্বিপক্ষীয় সমঝোতা আর বোঝাপড়া তৈরিতে ইইউর ভূমিকা। এখন অনেক শত্রুই অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে। তাই ইউরোপীয় ইউনিয়নের নোবেল জয়ের খবর সত্যিই সম্মান বয়ে এনেছে।ইইউর এ নোবেল জয়ের পথ অবশ্য সুগম ছিল না। এই সংস্থাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার ক্ষেত্রে আগে থেকেই বিপরীত অবস্থানে ছিল নরওয়ে। কারণ, প্রতিষ্ঠানটি বর্তমানে সমস্যাজর্জরিত। আর্থিক ভারসাম্য রক্ষায় ব্যর্থ ইইউর নোবেল জয়ে অনেকটাই অবাক হয়েছেন বিশেষজ্ঞরা।নোবেল জয় নিয়ে সমালোচনা থাকলেও ইইউর বাজার আন্তর্জাতিকভাবে সবচেয়ে বড় বাজার বলে স্বীকৃত। এটা ইইউর জন্য ইতিবাচক দিক।শান্তিতে এবারের নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন জমা পড়েছিল ২৩১টি। এর মধ্যে ইইউর পুরস্কার জয়ে নোবেল শান্তি কমিটির প্রধান জাগল্যান্ড তাঁদের একটি বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বার্তাটি হচ্ছে, ‘যা অর্জন করেছ, তা নিরাপদ রাখতে সবকিছু করো এবং সামনে এগিয়ে যাও’।