ইউএইকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী
তেল, গ্যাস, বিদ্যুৎ ও কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ খাতে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। আজ রোববার সচিবালয়ে ইউএইর বৈদেশিক বাণিজ্যমন্ত্রী শাইখ লুবনা বিন খালিদ আল কাশিমির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী এ আহ্বান জানান।অতিরিক্ত বাণিজ্যসচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরী, যুগ্ম সচিব মনোজকুমার রায়সহ বাণিজ্য, কৃষি, শিল্প মন্ত্রণালয় ও বিনিয়োগ বোর্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।বৈঠকে উভয় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের চিত্র তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, এ দেশে বিনিয়োগের অনেক সুবিধা রয়েছে। বাংলাদেশ এলডিসিভুক্ত দেশ এবং দেশটির শ্রমবাজার সস্তা। তা ছাড়া পার্শ্ববর্তী দেশে বিশাল বাজার রয়েছে। এ দেশে বিনিয়োগ করে যে কেউ ইউরোপ, চীনসহ বিশ্বের অন্যান্য দেশে শুল্কমুক্ত পণ্য রপ্তানি করতে পারবে।বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা উভয়েই মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ। আমাদের দেশের অনেক শ্রমিক আরব আমিরাতে শ্রমকাজে নিয়োজিত রয়েছে।’ বাংলাদেশি শ্রমিকদের আইনগত স্বার্থ সংরক্ষণে পদক্ষেপ নিতে সফররত মন্ত্রীর প্রতি আহ্বান জানান ফারুক খান।সফররত মন্ত্রী শাইখ লুবনা বিন খালেদ আল কাশিমি বলেন, বাংলাদেশের দক্ষ শ্রমিকেরা তাঁদের দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শ্রমিকদের স্বার্থরক্ষায় তাঁরা সবকিছু করবেন। সংযুক্ত আরব আমিরাত এ দেশের বস্ত্র খাতে বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানান তিনি।২০০৯-২০১০ অর্থবছরে উভয় দেশের আমদানি-রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৫০ কোটি ডলার। এর মধ্যে আমদানি ৪৪ কোটি ডলার, আর রপ্তানি ছয় কোটি ডলার।ইউএই থেকে উল্লেখযোগ্য আমদানিপণ্য পশু ও পশুখাদ্য, প্রক্রিয়াজাত সবজি, খনিজ ও রাসায়নিক পদার্থ প্রস্তুতকৃত খাদ্য এবং প্লাস্টিক ও পোশাকজাতীয় পণ্য। আর ইউএইতে বাংলাদেশের রপ্তানিপণ্য তৈরি পোশাক, সবজি, পাটজাত পণ্য, শুকনা খাবার ও চামড়াজাত পণ্য।