ইউএনএসসির সদস্যপদ পেতে ভারতের বড় ভূমিকা আছে: পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) পাকিস্তানের অস্থায়ী সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে ভারত বড় ভূমিকা পালন করেছে। জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আবদুল্লাহ হোসাইন হারুন আজ শনিবার করাচিতে সাংবাদিকদের কাছে এ কথা বলেছেন। বার্তা সংস্থা পিটিআই এ কথা জানিয়েছে।আবদুল্লাহ হোসাইন হারুন বলেন, ‘পাকিস্তান অনেক দেশকেই বন্ধু ভাবে। কিন্তু আসলে তা নয়। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে জয়ী হতে ভারত আমাদের সমর্থন দিয়েছে।’২১ অক্টোবর পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। ১৯৩ ভোটের মধ্যে পাকিস্তান পায় ১২৯ ভোট। পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী কিরগিজস্তান পায় ৫৫ ভোট। আগামী ১ জানুয়ারি থেকে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যের দায়িত্ব পালন করবে।অপরদিকে, ভারতও বর্তমান মেয়াদের পাশাপাশি আরেক দফায় সংস্থাটির অস্থায়ী সদস্যপদ পেয়েছে। ভারত ২০১১-১২ মেয়াদের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে। আরেক দফায় দায়িত্ব পালনের জন্য দেশটি ১৮৭ ভোট পেয়েছে।রাষ্ট্রদূত আবদুল্লাহ হোসেন হারুন তাঁর প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেন, ভারতের সঙ্গে আগামী বছর থেকে তাঁর দেশ ভালোভাবে কাজ করবে বলে তিনি আশাবাদী। সর্বশেষ ১৯৭৭ সালে ভারত ও পাকিস্তান একসঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে। এদিকে, বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, ইরান ও সিরিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপে পাকিস্তান ভেটো দিতে পারে। তবে পাকিস্তানকে নিয়ে বিভিন্ন দেশের আশঙ্কাকে অমূলক বলে নাকচ করে দিয়েছেন আবদুল্লাহ হোসাইন হারুন। হারুন স্বীকার করেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই সম্মানজনক পদ পেতে পাকিস্তান গত ছয় মাস ধরে কঠোর চেষ্টা করছে।