ইউএনও অফিসের কর্মচারীকে পেটালেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনজুরুল ইসলামের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস সহকারীকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। স্বাধীনতা দিবস পালনের আমন্ত্রণপত্র দিতে গেলে আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানা গেছে।পুলিশ ও আহত অফিস সহকারী অভিযোগ করেন, বেলা সাড়ে ১১টার দিকে ইউএনওর অফিস সহকারী আবদুর রশিদ স্বাধীনতা দিবস পালনের আমন্ত্রণপত্র দিতে সর্বানন্দে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মনজুরুল ইসলামের গ্রামের বাড়িতে যান। তিনি আমন্ত্রণপত্র পাওয়া মাত্রই ইউএনওকে ‘রাজাকার’ বলে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে ‘তুমি রাজাকারের চিঠি কেন এনেছ’ বলে অফিস সহকারীকে কিল-ঘুষি দিতে থাকেন তিনি। এতে তাঁর নাক ফেটে যায়। তাঁকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, অফিস সহকারী আবদুর রশিদ বাদী হয়ে মনজুরুল ইসলামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছেন।সুন্দরগঞ্জের ইউএনও দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি সম্প্রতি এখানে যোগদান করেছি। স্বাধীনতা দিবস অনুষ্ঠানের সবকিছু তদারকি করছেন উপজেলা ভাইস চেয়ারম্যান।’এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতি মনজুরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমন্ত্রণপত্র দেওয়ার পর ওই অফিস সহকারী প্রাপ্তি স্বীকারপত্রে স্বাক্ষর চায় এবং অনুষ্ঠান খরচের জন্য ইউএনও স্যার ১০ হাজার টাকা চাঁদা চেয়েছেন বলে জানায়। এতে অস্বীকৃতি জানালে সে আমার সঙ্গে খারাপ আচরণ করে। এ কারণে আমি ক্ষিপ্ত হয়ে তাকে চড়-থাপ্পড় মেরেছি।’ তবে অফিস সহকারী আবদুর রশিদ বলেন, চাঁদা দাবির অভিযোগ সঠিক নয়।