উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা করা হচ্ছে, প্রধান নির্বাহী কর্মকর্তা নয়। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘প্রধান’ শব্দটির স্থলে ‘মুখ্য’ প্রতিস্থাপন করে উপজেলা আইনের সংশোধনী প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ইউএনওকে উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা করার প্রস্তাব গৃহীত হয়েছে। এটি সামান্য সংশোধন। শুধু শব্দগত পরিবর্তন করা হয়েছে। এতে ইউএনওদের কার্যপরিধি বা ক্ষমতা বাড়বে না।প্রধান শব্দ বাদ দিয়ে মুখ্য প্রতিস্থাপন করা সম্পর্কে উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সদস্যসচিব, শেরপুরের নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, উপজেলা পরিষদকে শক্তিশালী করার দাবির সঙ্গে এই পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। ইউএনওদের মুখ্য কর্মকর্তা করায় উপজেলা পরিষদ কার্যকরের ক্ষেত্রে কোনো ইতিবাচক ভূমিকা রাখবে না। তার পরও প্রধান নির্বাহী কর্মকর্তার পরিবর্তে মুখ্য নির্বাহী কর্মকর্তা করায় সরকার ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।সূত্র জানায়, প্রস্তাবিত আইনে অর্থসংক্রান্ত ক্ষমতা ইউএনওদের দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অর্থসংক্রান্ত বিষয়ে সচিব সই করেন, মন্ত্রী সই করেন না। এর সঙ্গে সংগতি রেখে ইউএনওদের এই ক্ষমতা দেওয়া হয় বলে জানা গেছে। সূত্র জানায়, বৈঠকে উপজেলায় স্থায়ী কমিটি গঠনের যে বিধান রাখা হয়েছে, তাতে স্থায়ী শব্দটি বাদ দিয়ে অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধনীতে উপজেলা পরিষদে যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়ন, কৃষি ও সেচ, আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, যুব ও ক্রীড়া উন্নয়ন, মহিলা ও শিশু উন্নয়ন, সমাজকল্যাণ, মৎস্য ও প্রাণিসম্পদ, পল্লি উন্নয়ন ও সমবায়, অর্থ, বাজেট, পরিকল্পনা ও স্থানীয় সম্পদ আহরণ, জনস্বাস্থ্য, স্যানিটেশন ও বিশুদ্ধ পানি সরবরাহবিষয়ক কমিটি গঠন করার বিধান আছে।সূত্র জানায়, আইনশৃঙ্খলা কমিটির সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অংশ নেওয়ার প্রস্তাবও মন্ত্রিসভায় গৃহীত হয়েছে। তবে পুলিশ স্বাধীনভাবেই কাজ করবে। একজন জ্যেষ্ঠ মন্ত্রী বলেন, পৃথিবীর কোথাও পুলিশ জনপ্রতিনিধিকে জানিয়ে অপরাধ দমন কার্যক্রম পরিচালনা করে না। সুতরাং ওসি আইনশৃঙ্খলা কমিটিতে থাকলেও অপরাধ দমন কার্যক্রম পরিচালনায় গোপনীয়তা বজায় রাখবেন।সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বলেন, সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও ইউএনওদের সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সাংসদেরা শুধু আইন প্রণয়ন করবেন, উন্নয়নমূলক ভূমিকা রাখতে পারবেন না, এমন বিধান কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে নেই।জেলা প্রশাসক সমন্বয়কের ভূমিকায়: সূত্র জানায়, জেলা প্রশাসনে জেলা প্রশাসক (ডিসি) সমন্বয়ক হিসেবে কাজ করবেন। ডিসি কাউকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, সমন্বয়কের ভূমিকা পালন করবেন।চাকরির কোটা: সূত্র জানায়, বৈঠকে মুক্তিযোদ্ধা কোটা জাতীয় ভিত্তিতে পূরণ করার সিদ্ধান্ত হয়েছে। কোনো জেলায় মুক্তিযোদ্ধা কোটা খালি থাকলে অন্য জেলার মুক্তিযোদ্ধার সন্তানদের ওই কোটায় চাকরি দিতে হবে। নারী ও উপজাতির ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করতে হবে। বালুমহাল ইজারা: রয়্যালটির পরিবর্তে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বালুমহাল ইজারা দিতে হবে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা-সংক্রান্ত আইন গতকালের বৈঠকে অনুমোদিত হয়েছে। সূত্র জানায়, আইনে বালুমহালে খাস আদায় নিষিদ্ধ করা হয়েছে। অবৈধভাবে কেউ বালু উত্তোলন করলে বা বালু উত্তোলনকারীকে কেউ সহায়তা করলে অনূর্ধ্ব দুই বছর কারাদণ্ড বা সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দিতে হবে।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, গত ১৫ মাসে মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ৮০ শতাংশ বাস্তবায়ন হয়েছে। গত ৬২ বৈঠকে নেওয়া ৪০৫ সিদ্ধান্তের মধ্যে ৩২৫টির বাস্তবায়ন হয়েছে। ৮০টি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রক্রিয়াধীন আছে। এ সময়ে ১০৬টি আইন নীতিগত অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সংসদে পাস হয়েছে ৮৯টি। বাকি ১৭টি প্রক্রিয়াধীন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।