ইউএনওকে উপজেলার মুখ্য নির্বাহী কর্মকর্তা করা মেনে নেব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে মানতে আবারও অস্বীকৃতি জানিয়েছেন উপজেলা চেয়ারম্যানরা। উপজেলা পরিষদের আওতায় হস্তান্তর করা কর্মকর্তাদের বার্ষিক গোপন প্রতিবেদন (এসিআর) দেওয়ার এখতিয়ার চেয়েছেন তাঁরা। এ ছাড়া চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অপসারণ এবং তাঁদের বিরুদ্ধে অনাস্থা উত্থাপনের জন্য তিনটি প্রস্তাবিত উপধারাকে বাহুল্য আখ্যা দিয়ে তা সংযোজনের বিরোধিতা করা হয়েছে।গতকাল শনিবার জাতীয় সংসদ ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিরা এসব অভিমত দেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তাঁরা বলেন, এ ছাড়া উপজেলাব্যবস্থা কার্যকর হবে না।উপজেলা পরিষদে সাংসদ ও ইউএনওর কর্তৃত্বের আওতা নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে মতান্তরের কারণে উপজেলা পরিষদের কার্যকারিতায় এক ধরনের অচলাবস্থা চলছে। এর প্রেক্ষাপটে পরিষদকে কার্যকর করার জন্য সরকার বর্তমান আইনে সংশোধনীর উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত সংশোধনীর ব্যাপারে মতামত নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বৈঠকে ডাকে। গতকালের এই বৈঠকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানসহ ২১ জন প্রতিনিধি অংশ নেন।প্রস্তাবিত সংশোধনীর ৩৩ ধারায় ইউএনওকে উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা করে তাঁকে পরিষদের সাচিবিক সহায়তার যে দায়িত্ব দেওয়া হয়েছে, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা এর বিরোধিতা করেন। তাঁরা বলেন, উপজেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ সৃষ্টির প্রয়োজন নেই। বরং আইনে ইউএনও পরিষদের সচিব থাকবেন বলা আছে। এটাই বহাল রাখতে হবে। চেয়ারম্যানরা এই ধারায় সংশোধনী আনার প্রস্তাব করে বলেন, ইউএনও পরিষদকে সাচিবিক ‘সহায়তা দেবেন’-এর পরিবর্তে ‘দায়িত্ব পালন করবেন’ কথাটি যুক্ত করতে হবে।সূত্র জানায়, চেয়ারম্যানরা বলেন, উপজেলা পরিষদের কাছে হস্তান্তর করা কর্মকর্তাদের বার্ষিক গোপন প্রতিবেদন তৈরি করেন জেলা পর্যায়ের তাঁদের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তাই কর্মকর্তারা উপজেলা পরিষদকে তোয়াক্কা করেন না। কর্মকর্তাদের গোপন প্রতিবেদনের এখতিয়ার চেয়ারম্যানের হাতে থাকলে তাঁদের জবাবদিহি বাড়বে এবং পরিষদ কার্যকর হবে। উপজেলা পরিষদের প্রথম পর্যায়ে পরিষদের হাতে এই বিধান ছিল বলে তাঁরা উল্লেখ করেন।সূত্রমতে, বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম চেয়ারম্যানদের বক্তব্যের জবাবে বলেন, তাঁদের প্রস্তাব যুক্তিসংগত। এসবের অধিকাংশই বিবেচনা করার মতো। তবে এটা রাতারাতি করা সম্ভব নয়, ধীরে ধীরে হবে। স্থায়ী কমিটির সভাপতি রহমত আলীও চেয়ারম্যানদের বক্তব্য যুক্তিযুক্ত বলে মন্তব্য করেন।বর্তমান আইনের ১৩ ধারায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অপসারণের বিধান আছে। প্রস্তাবিত সংশোধনীতে এই ধারায় তিনটি নতুন উপধারা সংযোজন করা হয়েছে। এগুলোতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অপসারণ এবং তাঁদের বিরুদ্ধে অনাস্থা উত্থাপনের বিধান রয়েছে। সূত্র জানায়, গতকালের বৈঠকে চেয়ারম্যানরা নতুন উপধারা তিনটি বাতিলের দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, আইনে চেয়ারম্যানদের অপসারণের স্পষ্ট বিধান থাকা সত্ত্বেও নতুন করে এ নিয়ে উপধারা সংযোজন করে উপজেলা পরিষদকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।বর্তমান আইনে উপজেলায় ১৪টি উপকমিটি রয়েছে এবং এসব উপকমিটির সদস্যসচিব সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রস্তাবিত সংশোধনীতে ১১টি উপকমিটি রাখা হয়েছে। আইনশৃঙ্খলা, ভূমি ও পরিবেশবিষয়ক উপকমিটি বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া উপকমিটির সদস্যসচিব হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তার পরিবর্তে ইউএনওকে রাখার বিধান করা হয়েছে। গতকাল চেয়ারম্যানরা এই সংশোধনীর বিরোধিতা করেন। তাঁরা বলেন, ইউএনও উপজেলা পরিষদের সচিব হতে চান না, অথচ উপকমিটির সাচিবিক দায়িত্ব পালন করতে চান। এটার রহস্য কী?সূত্র আরও জানায়, চেয়ারম্যানরা প্রশাসনিক কর্মকর্তাদের নির্বাচিত প্রতিষ্ঠানের অধীনে কাজ করার জন্য প্রয়োজনীয় আইনি বিধানের অনুরোধ করেন। তাঁদের বক্তব্য বৈঠকে ইতিবাচক হিসেবে নেওয়া হয়। কমিটির সভাপতি রহমত আলীর সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন নূর-ই-আলম চৌধুরী, মনোয়ার হোসেন চৌধুরী, আশরাফ আলী খান, মোস্তফা জালাল মহিউদ্দিন, আশরাফুন নেছা মোশারফ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।চেয়ারম্যানদের মধ্যে ছিলেন হারুন অর রশীদ হাওলাদার, বদিউজ্জামান বাদশা, আবদুল মজিদ, গিয়াসউদ্দিন, আবদুর রউফ, আবদুল কাদের মজনু, শফিকুল আলম প্রমুখ।