উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুপস্থিতিতে সন্দ্বীপের হরিষপুরে প্রায় ১৯ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য একটি সেতুর দরপত্র ডেকে ঠিকাদার নির্বাচন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)। এখন কার্যাদেশে স্বাক্ষর দিতে ইউএনওর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।সংশ্লিষ্ট ঠিকাদারদের সূত্রে জানা যায়, উপজেলার যেকোনো প্রকল্প বাস্তবায়নের জন্য একটি কমিটি থাকে, যা প্রকল্প বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটি নামে পরিচিত। পদাধিকারবলে ইউএনও এই কমিটির সভাপতি। হরিষপুর এলাকায় একটি সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয় গত ৬ ডিসেম্বর। প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়কের উপস্থিতিতেই দরপত্রের উন্মুক্ত লটারি করে নির্দিষ্ট ঠিকাদারকে (সর্বনিম্ন দরদাতা) কার্যাদেশ দেওয়ার নিয়ম। কিন্তু কমিটির আহ্বায়ক সন্দ্বীপের ইউএনও ২২ ডিসেম্বর প্রশিক্ষণের জন্য ঢাকায় ছিলেন। তাঁর অনুপস্থিতিতে ওই দিন দরপত্র কমিটির সভা করে ঠিকাদার বাছাই করেন পিআইও। পিআইও ইউএনওকে না জানিয়ে অন্য সদস্যদের নিয়ে নিয়ম ভেঙে এই কাজ করেছেন।জানা গেছে, কার্যাদেশ দেওয়ার জন্য যে ঠিকাদারকে নির্বাচন করা হয়েছে, তাঁর নাম মোবারক হোসেন। সূত্র জানায়, প্রকাশ্য লটারিতে একটি দরপত্র তোলার জন্য মোবারককেই ডাকা হয় এবং তিনি যে দরপত্রটি তোলেন, তা তাঁর নিজের। উপস্থিত ঠিকাদারেরা এর প্রতিবাদও করেছেন।জানা গেছে, ইউএনও সন্দ্বীপে ফিরলে সেতু নির্মাণের কার্যাদেশে স্বাক্ষর করতে তাঁর ওপর চাপ সৃষ্টি করা হয়। এমনকি গত বুধবার কয়েকজন যুবক ইউএনওকে তাঁর কার্যালয়ে গিয়ে হুমকিও দেন বলে প্রত্যক্ষদর্শী ঠিকাদারেরা জানান।ঠিকাদার ও সন্দ্বীপ পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন খান বলেন, পিআইও জিয়াউর রহমান ইউএনওর অনুপস্থিতিতে উন্মুক্ত দরপত্রের ব্যবস্থা করে কার্যাদেশ দেওয়ার জন্য কাগজপত্র তৈরি করেছেন। এটা সরকারি আইনের মারাত্মক বরখেলাপ। পিআইও এখন ওই অবৈধ কার্যাদেশে স্বাক্ষর দিতে ইউএনওর ওপর চাপ সৃষ্টি করছেন। দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হয়ে তাঁর এমন আচরণ বিস্ময়কর।জিয়াউল হোসেন খান বলেন, ‘আমিও এই দরপত্রে অংশ নিয়েছিলাম। সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়ার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। তবে বৈধভাবে কার্যাদেশ দিতে হলে আবার দরপত্র আহ্বান করতে হবে এবং এই প্রকল্প কর্মকর্তাকে সন্দ্বীপ থেকে সরিয়ে নিতে হবে।’আরেক ঠিকাদার ও সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, অবৈধ কার্যাদেশে স্বাক্ষর না করায় পিআইওর লেলিয়ে দেওয়া যুবকেরা ইউএনওর সঙ্গে দুর্ব্যবহার করে। তাদের কারণে গত বুধবার উপজেলার দাপ্তরিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি হয়।অভিযোগ সম্পর্কে জানতে চাইলে পিআইও জিয়াউর রহমান দাবি করেন, ‘নিয়ম মেনেই উন্মুক্ত দরপত্র গ্রহণ ও বাছাই করা হয়েছে। ইউএনও সাহেব সই করলেই কার্যাদেশ দেওয়া হবে।’ আর্থিক বিষয়ে কোনো সিদ্ধান্ত কমিটির আহ্বায়ক ছাড়া নেওয়া যায় কি না—এমন প্রশ্নের জবাবে পিআইও বলেন, ‘ওপরের নির্দেশে সব করছি।’ ওপরের কে নির্দেশ দিয়েছেন, এই প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘ইউএনও সই না করলে আবার নতুন করে দরপত্র আহ্বান করতে হবে।’ইউএনওর বিরুদ্ধে লোকজন লেলিয়ে দেওয়া প্রসঙ্গে জিয়াউর রহমান বলেন, ‘আমি কেন লোকজন লেলিয়ে দেব? আমি কি গোপন কিছু করেছি?’পাঁচ সদস্যের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য ও স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘উন্মুক্ত দরপত্রের সময় আমি উপস্থিত ছিলাম। যদিও যে প্রক্রিয়ায় লটারি হয়েছে তা আইনসম্মত ছিল না। প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যসচিব জিয়াউর রহমানের উচিত ছিল ইউএনওর অনুপস্থিতিতে লটারির আয়োজন না করা। কারণ ইউএনও প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক। আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতে আহ্বায়কের উপস্থিতি বাধ্যতামূলক।’ এক প্রশ্নের জবাবে নুর মোহাম্মদ বলেন, ‘সদস্যসচিব জিয়াউর রহমানের সিদ্ধান্তের বাইরে আমার করার কিছু ছিল না।’সংশ্লিস্ট ব্যক্তিরা বলছেন, যেহেতু ইউএনও ওই দিন কর্মস্থলে ছিলেন না, তাই তিনি এই কার্যাদেশে স্বাক্ষর করলেও তা বৈধ হবে না।